স্বপন দত্ত রবীন্দ্রসংগীত গাইছেন দীর্ঘদিন ধরে। আজ তাঁর একসঙ্গে দুটি অ্যালবামের মোড়ক খোলা হবে—অনন্ত আনন্দধারা ও পথের শেষ কোথায়। প্রথমটির সংগীতায়োজন করেছেন সাদি মহম্মদ, পরেরটির দূর্বাদল চট্টোপাধ্যায়। বিপণনের দায়িত্বে আছে কান্ট্রি মিউজিক। কথা হলো স্বপন দত্তের সঙ্গে।আপনি গান করছেন প্রায় চার দশক। কিন্তু আপনার অ্যালবামের কথা তেমন শোনা যায়নি।এ দিকটাতে আমার কখনোই তেমন আগ্রহ ছিল না। গান করছি, শেখাচ্ছি, নতুনদের তৈরি করছি—এ কাজেই আমার আনন্দ। আমার প্রথম অ্যালবামটি ছিল নানা রঙের দিনগুলি (১৯৯১)। এরপর বের হয় আমার যে গান (২০০০)। এবার একসঙ্গে দুটি বের হচ্ছে। তাও পরিবারের সবার চাপাচাপিতে। আমি টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানে গাওয়ার জন্য অনেক গান রেকর্ড করিয়েছি। সেসব থেকে ১১টি নিয়ে অনন্ত আনন্দধারা আর পথের শেষ কোথায় অ্যালবামের সবকটি গানই নতুন করে তৈরি করেছি।আজকের অনুষ্ঠানটি নিয়ে কিছু বলুন।আজ আমার অ্যালবাম দুটির মোড়ক খোলা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। আয়োজন করেছে আনন্দধারা। মোড়ক খুলবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। আমি নিজেও ঘণ্টা দেড়েক গান করার প্রস্তুতি নিয়েছি। এখানে সিডি দুটির পাশাপাশি অন্য কিছু গান করার ইচ্ছা আছে।আপনারা তো ছোটদের নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন।হ্যাঁ, ছোটদের গান শেখানোর মধ্যে আলাদা একটা মজা আছে। ওদের আগ্রহ, পরিবেশনা, চর্চা—সবকিছুই বড়দের চেয়ে আলাদা। বড়দেরও শেখাচ্ছি। আমার প্রতিষ্ঠানের নাম আনন্দধারা। আগে ছোটদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করতাম। এখন আবার সে রকম কিছু করার কথা ভাবছি।আর নতুন অ্যালবাম?শুরুতে কিন্তু আমি নানা ধরনের গান করতাম। গত শতকের সত্তরের দশকের গোড়ার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর রবীন্দ্রসংগীতের দিকে ঝুঁকে পড়ি। কিন্তু নানা স্বাদের সেসব গান গাওয়ার লোভটা এখনো রয়ে গেছে। আমার পরের দুটি অ্যালবাম হবে হারানোর গান আর পঞ্চকবির গান নিয়ে।