একসঙ্গে ভর্তি, কেউ পাস করে চাকরিতে, কেউ এখনো ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একই সঙ্গে ভর্তি হয়েছিলেন। ছয় বছর শেষে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি নিয়ে চাকরি করছেন। কিন্তু সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এখনো ক্লাস চলছে। একই অবস্থা কলা ও সামাজিক অনুষদভুক্ত আরও ২৩ বিভাগের শিক্ষার্থীদের। হয় তাঁদের ক্লাস চলছে, কিংবা পরীক্ষা বাকি।প্রতিটি শিক্ষাবর্ষেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবেই বিড়ম্বনায় পড়তে হয়। এক বিভাগের পরীক্ষা শেষ হয়ে ফল প্রকাশ হয়ে যায়। অন্য অনেক বিভাগে তখনো ক্লাস চলে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের আন্তরিকতার অভাবেই অনেক বিভাগ পিছিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী বলেন, যেকোনো বিভাগেই পরীক্ষার তিন মাসের মধ্যে ফল দেওয়ার কথা। কিন্তু পরীক্ষকেরা খাতা জমা দিতে দেরি করায় সময়মতো ফল প্রকাশ সম্ভব হয় না।২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০০৪ সালের এপ্রিলে প্রথম বর্ষের ক্লাস শুরু করেন। তাঁদের মাস্টার্সের শিক্ষাবর্ষ ২০০৭-০৮। এই বর্ষের অর্থনীতি, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও দর্শন বিভাগের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। এর মধ্যে অর্থনীতি ও নৃবিজ্ঞান বিভাগের ফলও প্রকাশিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে, এই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তর পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগস্টের শেষ সপ্তাহে। সমাজবিজ্ঞান বিভাগের পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বরে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষার সম্ভাব্য সময় ছিল এপ্রিলের তৃতীয় সপ্তাহ। তবে এই সময়ে পরীক্ষা হয়নি। পরীক্ষার তারিখ জানতে শিক্ষার্থীরা বিভাগের চেয়ারম্যান শওকত আরার কাছে গেলে তিনি জানান, মের শেষ দিকে কিংবা জুনের প্রথম দিকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে বিভাগীয় একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পরীক্ষার সম্ভাব্য সময় জুলাইয়ে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের পরীক্ষার সম্ভাব্য সময় আগস্টে।কলা অনুষদের বাংলা, ইতিহাস এবং পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের পরীক্ষার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে জুলাইয়ে। ইংরেজির এখনো তারিখ হয়নি।শিক্ষার্থীরা জানান, আগে হরতাল, ধর্মঘট, অবরোধসহ নানা রাজনৈতিক কর্মসূচির কারণে ক্লাস বন্ধ থাকলেও বর্তমানে সেগুলো নেই। এখন শিক্ষকেরা ঠিকমতো ক্লাস নেন না। পরীক্ষার খাতা জমা দেন না। এ ছাড়া কিছু ক্ষেত্রে পরীক্ষা হলের স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা হয় না। ফলে দীর্ঘসূত্রতার সৃষ্টি হচ্ছে। পিছিয়ে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বাংলা বিভাগের ২০০৭-০৮ বর্ষের মাস্টার্সের ছাত্র নবিরুজ্জামান জানান, সম্মানের ফল প্রকাশে দেরির কারণে তাঁরা পিছিয়ে পড়েন। পরীক্ষা শেষে ফল পেতে লাগে আরও ১০ মাস।একই বর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রথম বর্ষে তাঁরা অনুষদের অন্য বিভাগের চেয়ে এগিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় বর্ষে এসে তাঁদের পিছিয়ে পড়তে হয়। কারণ এক শিক্ষক নির্দিষ্ট সময়ে তাঁর কোর্স শেষ করেননি। চতুর্থ বর্ষে এসেও তাঁদের একই ঝামেলায় পড়তে হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অনুষদের ডিনরাও শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে কিছু শিক্ষকের আন্তরিকতার অভাবকে দায়ী করেছেন।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের বিভাগে সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ হয়। এর কারণ শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতা। যেসব বিভাগে এটি হয় না, সেখানেই শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে। সমাজবিজ্ঞান বিভগের চেয়ারম্যান এ আই মাহবুবউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সম্মানের ফল দিতে দেরি হওয়ায় আমাদের বিভাগে মাস্টার্সের ক্লাস শুরু করতে দেরি হয়েছে।’ ফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, অনেক শিক্ষক সময়মতো পরীক্ষার খাতা জমা দেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতেই তাঁরা নিজেদের ব্যস্ত রাখেন, কোর্স শেষ করেন না। প্রভাবশালী শিক্ষকদের অনেক ক্ষেত্রে বারবার তাগাদা দিয়েও ক্লাস কিংবা পরীক্ষার খাতা দেখার কাজ সময়মতো শেষ করানো যায় না।সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দীন আহমেদ বলেন, কিছু শিক্ষকের উদাসীনতার কারণেই সময়মতো ক্লাস শেষ হচ্ছে না। কিছু শিক্ষক সময়মতো পরীক্ষার খাতা জমা দেন না। ফলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে, বিভাগ ও হলগুলোতে চাপ বাড়ছে।কলা অনুষদের ডিন সদরুল আমীন বলেন, শিক্ষকদের আন্তরিকতার ওপর নির্ভর করে শিক্ষার্থীদের জীবন। তবে ক্লাস নেওয়া, সময়মতো পরীক্ষার খাতা জমা দেওয়ার ব্যাপারে কোনো শিক্ষককে বাধ্য করা যায় না।