একসঙ্গে মাহফুজ-অপূর্ব-সারিকা
প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, অপূর্ব ও সারিকা। আরও আছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ। নাটকের নাম ‘জার্নি বাই কার’। লিখেছেন জাকারিয়া সৌখিন। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। ৯ অক্টোবর থেকে শুটিং শুরু হচ্ছে।জার্নি বাই কার নাটকের গল্পে দেখা যাবে, মায়ের অসুস্থতার খবর শুনে নিজের গাড়ি চালিয়ে দেশের বাড়িতে ছুটে যাচ্ছে আরফান (মাহফুজ)। রাস্তায় গাড়ি থামিয়ে লিফট নেয় তুহিন (অপূর্ব) ও শৈলী (সারিকা)। বোরকা পরা শৈলী ও তুহিনের আচার-আচরণ রহস্যজনক মনে হয় আরফানের কাছে। একটা পর্যায়ে গাড়ি থেকে নেমে যায় তুহিন-শৈলী। আরফান একাই চলে যায়। কিছুদিন পর আবার শৈলীর সঙ্গে দেখা হয় আরফানের। একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দুজন। তারপর? চয়নিকা চৌধুরী বলেন, ‘আমি খুব এক্সসাইটেড। আমার ১৫০তম নাটক এটি। তাই খুব সুন্দর করে নির্মাণ করতে চাই। গল্পটি খুব রোমাঞ্চকর সুন্দর, অনেক নাটকীয়তা আছে। তাই ভালো কিছু হবে বলেই আশা করছি।’