মিসরে প্রেসিডেন্টবিরোধী গণবিক্ষোভ গতকাল শনিবার ১২তম দিনে পড়েছে। দেশে ও দেশের বাইরে থেকে অব্যাহত চাপের মুখেও ক্ষমতা ছাড়ার লক্ষণ নেই প্রেসিডেন্ট হোসনি মোবারকের। তবে ক্রমেই তিনি একা হয়ে পড়ছেন। ক্ষমতাসীন দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিআই) শীর্ষস্থানীয় নেতারা গতকাল দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে মোবারকের ছেলে গামাল মোবারকও রয়েছেন। এদিকে সম্মানজনক পন্থায় মোবারকের বিদায় বা তাঁর ক্ষমতা হ্রাস নিয়ে আলোচনা শুরু করেছে সরকার এবং সেনাবাহিনীর একটি অংশ। আর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন, মোবারকের যাওয়ার সময় হয়েছে। তাঁকে (মোবারক) অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।অব্যাহত বিক্ষোভের প্রেক্ষাপটে গতকাল মিসরের ক্ষমতাসীন দল এনডিআইয়ের নির্বাহী কমিটির সব সদস্য একযোগে পদত্যাগ করেন। পদত্যাগীদের মধ্যে আছেন দলের মহাসচিব শাফায়াত আল শেরিফ ও রাজনৈতিক ব্যুরোর প্রধান মোবারকের ছেলে গামাল মোবারক। তবে প্রেসিডেন্ট মোবারক দলীয় প্রধানের পদ ছাড়েননি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দলীয় প্রধান হিসেবে মোবারক দলের নতুন মহাসচিব হিসেবে বিশিষ্ট চিকিৎসক হোসাম বাদরাওয়ির নাম ঘোষণা করেছেন। বিরোধী নেতাদের সঙ্গে বাদরাওয়ির ভালো সম্পর্ক রয়েছে।মিসরে ক্ষমতাসীন দলের নির্বাহী কমিটির সদস্যদের পদত্যাগের বিষয়টি ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটিকে আমরা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি।’এর আগে মোবারকের ঘনিষ্ঠ মিত্র মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ‘আমি বিশ্বাস করি, মোবারক দেশের কথা ভাবেন। তিনি দাম্ভিক কিন্তু একই সঙ্গে একজন দেশপ্রেমিকও। দেশের মানুষ যে দাবি তুলেছে, তা তাঁকে শুনতে হবে।’ এদিকে, মোবারকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমাতে এবং তাঁকে কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সরিয়ে দিতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করেছেন নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান এবং শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা। মার্কিন ও মিসরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই পরিকল্পনায় অবশ্য মোবারককে এক্ষুনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে না। পত্রিকাটি জানিয়েছে, ওমর সুলাইমানকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনায় সেনাবাহিনীর সমর্থন চাওয়া হচ্ছে। মোবারককে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সরিয়ে নিজের শহর শারম-আল-শেখ কিংবা চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানোর কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। এভাবে তাঁকে অন্যত্র পাঠিয়ে একটি সম্মানজনক প্রস্থানের উপায় ভাবা হচ্ছে। এই পরিকল্পনা নিয়ে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনা চলছে। পরিকল্পনাটির সমন্বয় করছেন মূলত তিনজন—ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমান, প্রধানমন্ত্রী আহমেদ শফিক ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ তানতাওয়ি।এদিকে, অন্যতম বিরোধী নেতা মোহাম্মদ এলবারাদি জার্মানির ডের স্পিগাল সাময়িকীকে বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদলের বিষয়ে তিনি শিগগির সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। সিএনএন জানায়, মোবারকের ক্ষমতা ছাড়ার পথ সহজ করতে বিরোধী নেতা ও দেশের বুদ্ধিজীবীদের একটি দল গতকাল ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের সঙ্গে কথা বলেছেন। তাঁরা সংবিধানের ১৩৯ নম্বর ধারা সক্রিয় করার প্রস্তাব দিয়েছেন। ওই ধারা অনুযায়ী, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিতে পারবেন। এতে মোবারক সম্মানজনক উপায়ে সরে দাঁড়াতে পারবেন।অন্যদিকে, এলবারাদির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর চেঞ্জ ও তাগাম্মু পার্টির নেতারা গতকাল বিরোধীদের নতুন একটি গ্রুপ গঠনের ঘোষণা দিয়েছেন। ১০ জন বিরোধী নেতার ওই গ্রুপে এলবারাদি ছাড়াও আছেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বেলতাগি এবং উদারপন্থী ঘাদ পার্টির নেতা আয়মান নূর। মুসলিম ব্রাদারহুডের নেতারা বলেছেন, মোবারক পদত্যাগ করলে তাঁরা আলোচনায় বসতে রাজি আছেন। ক্ষমতাসীন দলের নেতা ইব্রাহিম কামেল বলেছেন, তাঁরা ব্রাদারহুড ছাড়া সবার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। কারণ ব্রাদারহুড দলটি এখনো নিষিদ্ধ। নতুন ঘোষিত মন্ত্রিপরিষদের সঙ্গে গতকাল প্রথমবারের মতো আলোচনায় বসেন মোবারক। এতে নতুন প্রধানমন্ত্রী আহমেদ শফিকসহ পেট্রোলিয়াম, অর্থ, বাণিজ্য, সামাজিক সংহতিবিষয়ক মন্ত্রী ও দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শুক্রবারের বড় ধরনের বিক্ষোভের পর গতকালও তাহরির স্কয়ারে সমবেত হয় হাজার হাজার বিক্ষোভকারী। গতকাল বিক্ষোভকারীদের হটিয়ে দিতে মোবারকের পক্ষের লোকজন তাহরির স্কয়ারে ঢোকার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। এএফপি, রয়টার্স, সিএনএন, পিটিআই।