সরকারি খাল অবৈধভাবে দখল ও জলাভূমি ভরাট করে গড়ে উঠেছে বহুল আলোচিত তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ ভবন। ভবনটির একাংশ অর্থাৎ দৈর্ঘ্যে অন্তত ১২১ ফুট এবং প্রস্থে ছয় ফুট আয়তন এলাকা পড়েছে বেগুনবাড়ি খালের উপশাখা বাগদোয়ান খালের ওপর। বাকি অংশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে জমি কিনে করা হলেও তা জলাভূমি হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এ জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন নির্মাণের অনুমোদন দেয়নি। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে রক্ষিত ওই জমির সিএস পর্চা পর্যালোচনা করে ভূমি অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে। অবৈধভাবে খাল দখল ও জলাশয়ের ওপর গড়ে তোলা অনুমোদনহীন এই ভবন ভাঙার প্রশ্নে হাইকোর্টে রুল শুনানি চলছে। আদালত ঢাকা জেলা প্রশাসনের ভূমি শাখাকে ভূমির বিস্তারিত প্রেক্ষাপট ও পটভূমি তুলে ধরার নির্দেশ দেন। জেলা প্রশাসন সরেজমিন পরিদর্শন এবং রক্ষিত দলিল পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী শুনানিতে এই প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। জানা গেছে, বিজিএমইএ ভবন নির্মাণের জন্য ২০০১ সালে ইপিবির কাছ থেকে ২০৩, ২০৮ ও ২০০৯ নম্বর দাগ থেকে ৬৬ শতক জমি কিনে নেয়। ১৯৫৯ ও ১৯৬০ সালে এই জমি ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের নামে অধিগ্রহণ করেছিল। এ ক্ষেত্রে শর্ত ছিল, রেলওয়ে যে কাজে জমি নেবে, সে কাজে ব্যবহার না করলে তা ভূমি অফিসের কাছে ফেরত দিতে হবে। ১৯৯৫ সালে রেলওয়ে ৫৮.৫৮ একর থেকে ৬.১২ একর জমি ইপিবির কাছে বিক্রি করে। ২০০১ সালের মে মাসে ইপিবি জমিটি আরেক দফা বিক্রি করে বিজিএমইএর কাছে। ভূমিবিধি অনুযায়ী সরকারি কাজে অধিগ্রহণ করা জমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যায় না। ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাণিজ্য, ভূমি ও যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে জমিটি ইপিবির কাছে বিক্রি করা হয়। তবে ইপিবি এই জমি বাণিজ্যিকভাবে অন্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া বরাদ্দ পাওয়া জমিতে, না অন্য জমিতে ভবন নির্মাণ করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিজিএমইএর সদ্যবিদায়ী সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের জমি বরাদ্দ দিয়েছে। আমরা পুরো টাকা পরিশোধ করে জমিটি কিনেছি। আমরা সমস্ত সরকারি নিয়ম মেনেই কাজ শেষ করেছি।’ নথি পর্যালোচনায় দেখা গেছে, বিজিএমইএ ভবন নির্মাণের জন্য রাজউকের কাছ থেকে ভূমি ব্যবহারের যে অনুমতিপত্র নিয়েছে, সেখানেও ভুল তথ্য দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, জমির পুরো দাম পরিশোধের পর ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু বিজিএমইএ দাম পরিশোধ না করেই নির্মাণকাজ শেষ করেছে। আরও শর্ত ছিল, রাজউকের নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে তা কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে না। ইপিবির সঙ্গে করা চুক্তি অনুযায়ী, বিজিএমইএ জমির মূল্য বাবদ পাঁচ বছরে ১০ কিস্তিতে পাঁচ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৭০৫ টাকা পরিশোধ করবে। বিজিএমইএ রাজউক থেকে নকশার অনুমোদন নিয়ে সে অনুযায়ী ভবন নির্মাণ না করলে এই সম্পত্তি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারবে না। কিন্তু বিজিএমইএ এই শর্ত না মেনে ভবনের বিভিন্ন অংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে। বিজিএমইএ ২০০৩ সালের ১১ জানুয়ারি রাজউকে ভূমি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করে। আবেদনপত্রে কেবল ২৭৯ সিটের ২০৮ ও ২০৯ দাগের ভূমির ব্যবহারের অনুমোদন চাইলেও মোট জমির পরিমাণ ৬৬ শতক বলে দাবি করা হয়। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্রে ২০৯ নম্বর দাগ থেকে বিজিএমইএর অনুকূলে কোনো জমিই বরাদ্দ দেওয়া হয়নি। এ ছাড়া ২০৮ দাগের বিপরীতে প্রদত্ত জমির পরিমাণ ৪১ শতক বলে উল্লেখ রয়েছে। বাকি ২৫ শতক জমি অন্যান্য দাগ থেকে বরাদ্দ দেখানো হলেও বিজিএমইএ তাদের আবেদনপত্রে এসব দাগ উল্লেখই করেনি। রাজউকের পরিকল্পনা বিভাগের সদস্য আনোয়ারুল ইসলাম সিকদার প্রথম আলোকে বলেন, ভূমি বিষয়ে জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য ও বক্তব্যই চূড়ান্ত। বিজিএমইএ যদি ভুল দাগ নম্বরের ভিত্তিতে ভূমি ব্যবহারের অনুমতি নেয় এবং পরবর্তীতে তা প্রমাণিত হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।