একাংশের অবস্থান ধর্মঘট, অন্য অংশের আন্দোলনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ন্ত্রণহীন শ্রমিক সংগঠনের কারণে আবার অস্থিতিশীল হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সমর্থনপুষ্ট ডকশ্রমিক ঐক্য পরিষদ নামের একটি সংগঠনের আহ্বানে শ্রমিকদের একটি অংশ ডক ব্যবস্থাপনা বোর্ড পুনরায় চালুর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে। তারা বন্দরের দুটি জাহাজের গম ওঠানো-নামানোর কাজ প্রায় আট ঘণ্টা বন্ধ করে রাখে। জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর বলে জানা গেছে।এদিকে আবার ২৮ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল সন্ধ্যায় নিউমুরিং এলাকায় এক শ্রমিক সমাবেশ থেকে তারা এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। বিলুপ্তঘোষিত চট্টগ্রাম বন্দর ডক ব্যবস্থাপনা বোর্ড পুনরায় চালু, চাকরিচ্যুত ডকশ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, শ্রমিকদের ন্যায়সংগত মজুরি প্রদানসহ নানা দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে ফেডারেশনের নেতারা জানান। শ্রমিকদের আন্দোলন বন্ধে কী ব্যবস্থা নিচ্ছেন—জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যান, মন্ত্রী, সাংসদেরা তো এখন বিদেশ সফরে আছেন। তাঁরা এলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’প্রসঙ্গত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল বন্দরের প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে গতকাল চার দেশের ছয়টি বন্দর পরিদর্শনে গেছেন। ২৪ জানুয়ারি তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।জানা গেছে, আওয়ামী লীগদলীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন ডকশ্রমিক ঐক্য পরিষদ নামের সংগঠন মাত্র ১০ মাস আগে প্রতিষ্ঠিত হলেও এটির কোনো নিবন্ধন নেই। আগের দিন বিকেলে বন্দর এলাকায় সমাবেশ করে এই সংগঠনের নেতা-কর্মীরা গতকাল বন্দরের কাজ বন্ধ করে দিয়ে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং বন্দর ভবন অবরোধ করে রাখেন। ধর্মঘটের সমর্থনে সকালে ৫০ জন শ্রমিক কাফনের কাপড় পরে বন্দর ভবনের মূল ফটকে অবস্থান নেন। এ সময় কর্মকর্তারা বন্দর ভবনে আসা-যাওয়া করতে পারেননি। একইভাবে সাধারণ জেটিতে গমবাহী দুটি জাহাজে খালাসকাজ বন্ধ ছিল। তবে কনটেইনারবাহী জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক ছিল বলে বন্দর কর্মকর্তারা জানান।পরে বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জোবায়ের আহমদের মধ্যস্থতায় ২৫ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ডকশ্রমিক ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের নেতাদের সামনে কাপ্টেন জোবায়ের ভারত সফররত নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। মোবাইল ফোনে মন্ত্রী ২৩ জানুয়ারি ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিকেল তিনটায় বন্দর ভবনের সামনে অবস্থানরত শ্রমিকদের এ খবর জানান ওয়ার্ড কাউন্সিলর ও ঐক্য পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় তিনি ২৫ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আশ্রাফ বলেন, মন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে। এদিকে সন্ধ্যায় বন্দরের নিউমুরিং এলাকায় ডকশ্রমিক কর্মচারী ফেডারেশনের সমাবেশ থেকে ডকশ্রমিক ব্যবস্থাপনা বোর্ড চালুসহ কয়েকটি দাবিতে বন্দরে আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ‘২৮ জানুয়ারি থেকে আমরা লাগাতার কর্মবিরতিতে যাব।’সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, ডকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান শরীফ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ।