একাই এক শ মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ছেলে মোহাম্মদ মোস্তফা, আমাদের কাছে মোস্তফা কামাল নামে বেশি পরিচিত। সৈনিক বাবার পথ ধরে ১৯৬৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। পোস্টিং ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কুমিল্লা। মার্চ মাসেই ইউনিটের সঙ্গে দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে যোগ দিলেন।১৯৭১ সালের এপ্রিল মাসের মাঝামাঝি। ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির ২ নম্বর প্লাটুন গঙ্গাসাগরের (আখাউড়ার সন্নিকটে) দুই কিলোমিটার উত্তরে দারুইন এলাকায় দক্ষিণ-পশ্চিমে মুখ করে প্রতিরক্ষার ব্যবস্থা নিয়েছে। এদের লক্ষ্য হচ্ছে দক্ষিণ দিক থেকে যেকোনো আক্রমণ প্রতিহত করা। এটি আখাউড়ার মূল প্রতিরক্ষাব্যবস্থার অগ্রবর্তী স্থান। তাদের সঙ্গে ইপিআরের একটা প্লাটুনও আছে। প্রতিরক্ষাব্যবস্থা সংহত করা আর প্রশাসনিক সাহায্য প্রদানের জন্য স্থানীয় যুবকেরা এগিয়ে এসেছেন। আখাউড়া যোগাযোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এলাকা। যতক্ষণ সম্ভব একে দখলে রাখতে হবে।পাকিস্তানি বাহিনীর ১২ এফএফ ব্যাটালিয়নের এক কোম্পানি কসবা থেকে রেললাইন ধরে এগিয়ে আসছে গঙ্গাসাগরের দিকে। ১৩ এপ্রিল তারা গঙ্গাসাগর বাজারে পৌঁছে যায়। সিপাহি মোস্তফা কামালের প্লাটুনের কারণে পাকিস্তানি বাহিনীর অগ্রাভিযান থেমে যায়, আর এগোতে পারে না। ১২ এফএফ গোলন্দাজ বাহিনীর সাহায্য নিয়ে ২ নম্বর প্লাটুনের ওপর প্রচণ্ড আক্রমণ শুরু করে, যাতে তাদের কসবার পথ সুগম হয়। ২ নম্বর প্লাটুন দৃঢ়তার সঙ্গে তা প্রতিহত করে। পাকিস্তানি বাহিনীর তিনজন কর্মকর্তা ও ৭০-৭৫ জন সৈনিক নিহত হয়।পাকিস্তানিরা গঙ্গাসাগরে ফিরে যায়। নতুন করে শক্তি সঞ্চয় করে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। কুমিল্লা থেকে নতুন ব্যাটালিয়ন আনা হয়। পাকিস্তানি ব্রিগেড কমান্ডার আদেশ দেন যে দুই দিনের মধ্যে দারুইন দখলে আনতে হবে।আখাউড়ায় মুক্তিবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন আইনুদ্দিন দারুইন প্রতিরক্ষার ওপর ঘনীভূত বিপদের আশঙ্কায় চিন্তাগ্রস্ত হলেন। তিনি দারুইনে এলেন। তাঁর সৈনিকদের বললেন যে যতটা সম্ভব শত্রুর ক্ষতি করে অগ্রযাত্রাকে বিলম্বিত করতে হবে। এরপর তাঁরা দারুইন থেকে আখাউড়ার মূল প্রতিরক্ষাব্যবস্থায় যোগ দেবেন। ১৭ এপ্রিল হাবিলদার মুনির আহেমদ এক প্লাটুন সৈনিক নিয়ে দারুইনে মোস্তফা কামালদের সঙ্গে যোগ দিলেন।১৮ এপ্রিল পাকিস্তানি বাহিনী এক ব্যাটালিয়ন সৈনিক নিয়ে দারুইন এলাকা আক্রমণ করল। সঙ্গে গোলন্দাজদের সাহায্য। দক্ষিণ দিক থেকে আক্রমণ করে মোস্তফাদের ব্যস্ত করে পূর্ব দিক থেকে মূল আক্রমণ শুরু করল।আক্রমণের ব্যাপকতা দেখে পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রতিরক্ষাব্যবস্থা বাতিল করে মুক্তিবাহিনী আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকল। মোস্তফা কামাল তাঁর অবস্থান ত্যাগ করলেন না। তাঁর সঙ্গের একজন এলএমজিম্যান শহীদ হয়ে গেলে তিনি তাঁর এলএমজি আর আট হাজার গুলি নিজের দখলে নিয়ে পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করতে থাকলেন। মোস্তফা কামালের শেষ দুই সহযোগী পিছিয়ে আখাউড়ায় যাওয়ার প্রস্তুতি নিলেও মোস্তফা কামাল তাঁর অবস্থান ছাড়তে অস্বীকার করলেন। মোস্তফা কামাল তাঁর অবস্থানে থেকেই সঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে চান। পাকিস্তানি বাহিনী মোস্তফা কামালকে ধীরে ধীরে ঘিরে ফেলল। তারা তাঁর পরিখার ৫০ গজের মধ্যে পৌঁছে গেল। তারা মোস্তফা কামালকে আত্মসমর্পণ করতে বললে মোস্তফা কামাল তাঁর দুটি গ্রেনেডই ছুড়ে দিয়ে প্রতি-উত্তর দিলেন। এরপর মোস্তফা কামাল তাঁর এলএমজিসহ পরিখা থেকে লাফিয়ে বেরিয়ে এলেন আর ‘জয়বাংলা’ হুংকারে ঝাঁপিয়ে পড়লেন শত্রুর ওপর। শেষ গুলি পর্যন্ত একাই মোস্তফা কামাল যুদ্ধ করে গেলেন। লেফটেন্যান্ট এ কে ফয়জুল কবির লিখেছেন, ‘সে [সেপাই মোস্তফা কামাল] তার অবস্থান থেকে নড়ল না, যতক্ষণ না তার সব গুলি শেষ হয়।’ তার পরই মোস্তফা কামালকে ঘায়েল করা সম্ভব হলো। শত্রুর গুলিতে ঝাঁজরা হয়ে গেল মোস্তফা কামালের শরীর। লুটিয়ে পড়লেন বাংলার বাঘ মোস্তফা কামাল।মেজর আবদুস সালেক চৌধুরী সেপাই মোস্তফা কামালের খেতাবের জন্য সুপারিশনামায় লিখেছিলেন, ‘কম করে হলেও তিনি ১৫০ জন শত্রু খতম করেছেন।’সূত্র: সামরিক বাহিনী প্রণীত সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালবিষয়ক রচনা।গ্রন্থনা: মুহাম্মদ লুৎফুল হক ও তৈমুর রেজা