একাই লড়লেন স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা যে ওয়েস্ট ইন্ডিজের ঘরেই যাবে, এমন কথা বেশ জোরগলাতেই বলেছিলেন ক্রিস গেইল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৭৫ রানের ইনিংসটি দেখার পর হয়তো অনেকে বিশ্বাসও করে ফেলেছিলেন গেইলের কথা। কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে ব্যাট হাতে একেবারেই ভালো পারফরমেন্স দেখাতে পারেননি এই উইন্ডিজ ওপেনার। আউট হওয়ার আগে ১৬ বল খেলে করেছেন মাত্র ৩ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আজ বলতে গেলে একাই লড়াই করেছেন মারলন স্যামুয়েলস। তাঁর ৫৬ বলে ৭৮ রানের লড়াকু ইনিংসটির সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৭ রান যোগ করতে পেরেছে ক্যারিবীয়রা।টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বোলিং করে নতুন রেকর্ড গড়েছিলেন অজন্তা মেন্ডিস। মাত্র ৮ রানের বিনিময়ে নিয়েছিলেন ৬টি উইকেট। আজ প্রতিযোগিতার শেষ ম্যাচেও দারুণ বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে চাপের মুখে ফেলে দিয়েছেন এই ডানহাতি স্পিনার। ১২ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট। যার মধ্যে ছিল উইন্ডিজ ব্যাটিংয়ের প্রধান ভরসা ক্রিস গেইলের উইকেটটিও। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে ক্যারিবীয়রা। প্রথম ওভারেই স্কোরবোর্ডে কোন রান জমা না হতেই সাজঘরে ফেরেন ওপেনার জনসন চার্লস। লঙ্কান বোলারদের ভালো বোলিংয়ে রানের চাকা ঘুরাতে হিমশিম খেতে হয়েছে উইন্ডিজ ব্যাটসম্যানদের। ক্রিস গেইলের মতো মারমুখী ব্যাটসম্যান উইকেটে থাকা সত্ত্বেও প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ১৪ রান সংগ্রহ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আর ষষ্ঠ উইকেটে গেইলকে সাজঘরে ফিরিয়ে শ্রীলঙ্কান সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন অজন্তা মেন্ডিস। তৃতীয় উইকেটে খানিকটা ঘুরে দাঁড়ান মারলন স্যামুয়েলস ও ডোয়াইন ব্রাভো। আট ওভার উইকেটে থেকে তারা যোগ করেন ৫৯ রান। ১৪তম ওভারের শেষ বলে আবারও উইন্ডিজ শিবিরে আঘাত হানেন মেন্ডিস। ব্রাভোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরত পাঠান সাজঘরে। ১৮তম ওভারে আকিলা ধনঞ্জয়কে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে অজন্তা মেন্ডিসের হাতে ধরা পড়েন স্যামুয়েলস। তবে তার আগে ৭৮ রানের ইনিংসটি খেলে উইন্ডিজকে সম্মানজনক একটা সংগ্রহের ভিত্তি গড়ে দেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষপর্যায়ে অধিনায়ক ড্যারেন স্যামির ২৬ রানের ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ১৩৭ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ।