একাকিত্ব লাঘবে শ্রেষ্ঠ বন্ধু বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীমঞ্চে প্রকাশিত হয় একটি প্রতিবেদন, যার শিরোনাম ছিল ‘কর্মজীবী মায়ের কিশোরী মেয়েরা’। প্রতিবেদনটিতে তিনজন কর্মজীবী মায়ের, তাঁদের মেয়ের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরা হয়। শুধু ওই তিনজন নয়, আমাদের দেশে এখন এ রকম অনেক উদাহরণ পাওয়া যাবে। প্রতিটি মেয়ের বক্তব্যই প্রায় একই রকম। স্কুল, কোচিংয়ের পর তারা একাকিত্বে ভোগে। বয়ঃসন্ধি কালের একজন মেয়ে হওয়ায় আমিও উপলব্ধি করতে পারছি তাদের বর্তমান পরিস্থিতি। আমার মা গৃহিণী। হয়তো আমি তাদের মতো বেশি একাকিত্বে ভুগি না, তবুও বয়ঃসন্ধিকালে একটু বাধাবিঘ্ন জীবনে আসেই। তবে আমি আমার একাকিত্বকে খুব দারুণভাবে উপভোগ করতে পারি। কীভাবে? গল্পের বই পড়ে। আমাদের দেশে অনেক ছাত্রছাত্রী আছে, তারা মনে করে গল্পের বই পড়লে হয়তো পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়। তাদের মা-বাবাও মনে করেন যে পাঠ্যবই ছাড়া অন্য বই কেনার অর্থ নিছকই অর্থের অপচয়। আবার অনেকে মনে করেন, সময়টা ভালোভাবে উপভোগ করার জন্য গল্পের বইয়ের তুলনা হয় না। আমাদের ক্লাসের অনেকেই গল্পের বই পড়া খুব পছন্দ করে, আবার তাদের রেজাল্টও অনেক ভালো। আমার বাবা-মা আমার অবসর সময়কে কাটানোর জন্য আমার হাতে তুলে দিয়েছেন গল্পের বই। রূপকথা থেকে শুরু করে বিদেশি লেখকদের বইও আমি পড়েছি। আমার কাছে এখন বই আছে ১৪১টা। অনেক বই পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তির টাকায় কিনেছি। এখনো কিছু টাকা আছে, যা দিয়ে আমি এসএসসি পরীক্ষার পরে বই কিনব। আমাদের দেশে সুলভ মূল্যে অনেক ভালো বই পাওয়া যায়। তা ছাড়া বিদেশি লেখকের বইও পাওয়া যায়। মুহম্মদ জাফর ইকবাল আমাদের দেশের অন্যতম কিশোর উপন্যাস লেখক। তাঁর বইগুলো একাকিত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। কিশোর জীবনের হাসি-কান্না, বেদনা, এককথায় জীবনের সরল সত্য যেন উঠে এসেছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইস, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, গ্যালিভারের ভ্রমণকাহিনী, ফ্রাংকেনস্টাইন, রবিনহুড প্রভৃতি বই যেমন বিখ্যাত, তেমনি আনন্দ দান করার ক্ষেত্রে তুলনাহীন। এ ছাড়া একাকিত্ব কাটাতে এখনকার জনপ্রিয় বই হ্যারি পটার সিরিজের জাদুর দুনিয়া থেকেও ঘুরে আসা যায়। গল্পের বই পড়ার সময় যেন মনে হয় আমিও তাদের একজন। আমি গল্পের যেন এক অদৃশ্য চরিত্র। এখনকার যে সৃজনশীল শিক্ষাব্যবস্থা, তাতে আমি লেখার ক্ষেত্রে বেশি উপকার পেয়েছি গল্পের বই থেকে। লেখার সময় সেখান থেকে আহরিত জ্ঞান আমি কাজে লাগাতে পারছি আমার পরীক্ষায়। তাতে প্রশ্নের উত্তরও হচ্ছে অন্য রকম। তাই কর্মজীবী মায়েদের উদ্দেশে আমার অনুরোধ, আপনারা আপনাদের মেয়ের জন্য ভালো বই কিনতে পারেন। একাকিত্ব কাটানোর জন্য বাস্তব বন্ধুদের থেকে বইয়ের চরিত্রগুলো বেশি সঙ্গ দেবে আপনার মেয়েকে। আর মেয়েদের বলতে চাই, প্রতিযোগিতার এই যুগে পড়াশোনার ক্ষতি হবে ভেবে আনন্দ ও জ্ঞানার্জনের এই বিশাল উৎস থেকে তোমরা দূরে সরে থেকো না। অনেকের নাকি ধৈর্য থাকে না। তাহলে মাঝেমধ্যে পড়বে। মঙ্গলপ্রদীপ যেমন সব বিপদ দূর করার জন্য জ্বালানো হয়, তেমনি তোমার একাকিত্ব লাঘবের জন্য বই হতে পারে মঙ্গলপ্রদীপের মতো। একাকিত্ব লাঘবের জন্য বইয়ের চেয়ে শ্রেষ্ঠ আত্মীয়, শ্রেষ্ঠ বন্ধু কেউই হতে পারবে না। সিলভীয়া রহমান মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়, মাগুরা।