একাকী এক হালতি ছানা
ছানাদের জীবনযাপনের কৌশল শেখানোই মা-বাবার দায়িত্ব-কর্তব্য। কিন্তু ব্যতিক্রম ঘটে কখনো কখনো। মা-বাবা পাখি তাদের ছানাদের স্বাবলম্বী না করেই আবারও নতুন বাসা বেঁধে ডিম পাড়ল। এ রকম ছয়টি হালতি ছানার (Hooded pitta) দেখা এ বছরের গত আগস্ট মাসে আমরা পাই—ওদের কেউই উড়তে পর্যন্ত শেখেনি। অথচ মা-বাবা পাখি নতুন বাসা বেঁধেছে। এমন সাধারণত ঘটে না। ক্যামেরার ব্যাগ ছাতার তলে রেখে আমরা কজন হাঁটছি শেষ বিকেলে আমাদের গ্রাম সাতশৈয়ার কাদাভরা সরু পথ ধরে। বৃষ্টি হচ্ছে মুষলধারায়। পথের দুই পাশে ঘন সুপারিবাগান। ওই বাগানের ভেতর চঞ্চল গতিতে লাফিয়ে বেড়াতে দেখলাম একটি হালতির ছানাকে। আমরা সহজেই ওকে ধরে ফেললাম। বৃষ্টিতে ভিজে কাহিল দশা। আশপাশে খুঁজতেই মাত্র ৩০ ফুট দূরে বাসার সন্ধান পাওয়া গেল। অন্য ছানাগুলো পেটের দায়ে ছড়িয়ে পড়েছে চারদিকে। হাতের ছানাটিকে ছেড়ে দিলাম আমরা। বেচারা মাটিতে দাঁড়িয়ে রইল—ওকে যে ছেড়ে দেওয়া হয়েছে, তা ও তখনো বুঝতেই পারেনি।পরদিন আবারও আমরা ওই বাগানে গেলাম। ছানাগুলোর দেখাও পেলাম। একটি বেশ কাহিল, সম্ভবত ষষ্ঠ ডিমের ছানা ওটা। ফুটেছে সবার শেষে। বাগানের জায়গায় জায়গায় পায়ের পাতা ডোবা পানি, কোথাও কাদা। এ রকম পরিবেশই এই পাখিদের আদর্শ চারণক্ষেত্র। এ বছর সারা বাগেরহাট-ফকিরহাট অঞ্চলে অতিবৃষ্টি হয়েছে। হালতি দম্পতি আনাড়ি ছানাদের ফেলে রেখেই চলে গেছে এবং বৃষ্টি-কাদার সুবিধাকে কাজে লাগিয়ে আবারও বংশবৃদ্ধি করেছে। বৃষ্টি-কাদা-জলের সঙ্গে হালতিদের জীবনের নিবিড় সম্পর্ক আছে। তাই এ বছর দম্পতিরা একাধিকবার ছানা তুলেছে আমাদের গ্রামে। যে কয়টি অসহায় ছানার দেখা পাই আমরা, তার সব কটিই উড়তে শিখেছিল যথাসময়ে এবং মিশে গিয়েছিল প্রকৃতিতে—আমাদের নিবিড় পর্যবেক্ষণে তা প্রমাণিত। ওদের মা-বাবা ওই বাগানেরই অন্য প্রান্তে পরে যে বাসা করেছিল, তাতে ছানা হয় চারটি। সেপ্টেম্বরে ওরাও উড়তে শিখে যায়। এ রকম ঘটনা আমি আগে যে কয়েকবার দেখেছি, তার প্রতিবারই বৃষ্টি বেশি হয়েছিল; বৃষ্টিকাল প্রলম্বিত হয়েছিল।এ বছর আমরা মোট ১৩টি হালতির বাসা দেখি। সব কটি বাসাই হয়েছিল মাটির সমান্তরাল থেকে দেড় থেকে দুই ফুট উচ্চতায়। অথচ গত বছর পাঁচটি বাসা দেখেছিলাম ঠিক মাটির ওপরেই তাঁবুর মতো বাসা। এবার কেন উঁচুতে করল বাসা? এর জবাব হচ্ছে, হালতিরা আবহাওয়া তথা বৃষ্টি সম্পর্কে আগাম জানতে পারে। বৃষ্টির পানি বাগানে জমবে কতটুকু, তা ওরা আগেভাগেই জেনে ফেলে। এবার ফকিরহাটের বন-বাগানে প্রায় হাঁটুপানি জমে গিয়েছিল।হালতি! শরীরে যাদের আছে ১৭টি রঙের বিচিত্র কারুকার্য। অতি সুন্দর পাখি। করুণ সুরে গান করে। বেজি-গুইসাপ-বনবিড়াল-শিয়ালদের হাত থেকে গোপন-গূঢ় কৌশলে ছানাদের রক্ষা করতে পারলেও সব সময় রক্ষা করতে পারে না মানুষের হাত থেকে। হালতির বৈজ্ঞানিক নাম Pitta Sordida। এই লেখার সঙ্গে সেই ষষ্ঠ ডিমের ছানাটির ছবি ছাপা হলো। হালতিরা ডিম পাড়ে চার থেকে ছয়টি। ষষ্ঠ ডিমটি অধিকাংশ সময়ই ফোটে না। কখনো ফুটলেও ছানাটি বেশ দুর্বল হয়। তবে এই ষষ্ঠ ডিমের ছানাটি বেঁচে গেছে।