একাডেমিক ভবনে ছাত্রলীগের তালা, পরীক্ষা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী নুরুল আমিন ওরফে সবুজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে তালা দিয়ে রেখেছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের চারটি বিভাগের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা বন্ধ হয়ে গেছে। সবুজ বাংলা বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর বহিষ্কারাদেশ ঠেকানোর জন্য ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে। ক্যাম্পাসে প্রচুর দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে বৈঠক চলছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে জখম ও নির্যাতনের অভিযোগে গতকাল সবুজকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. কামালউদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন বলেন, সবুজের অপরাধ অনুযায়ী তাঁর সাজা বেশি হয়েছে। তাই তাঁরা আন্দোলন করছেন। এর আগে গতকাল রাতে নয়টায় দিকে ছাত্রলীগ উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ।