একাত্তর আমার জীবনটা বদলে দিয়েছে
১৯৭১ সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে জোরালো সমর্থন দিলেও সিনেটর এডওয়ার্ড কেনেডি বিষয়টি সম্পর্কে মার্কিন সিনেটের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ‘দ্য টেস্টিমনি অব সিক্সটি’ সিনেটের গোচরে আনেন এবং কংগ্রেসের রেকর্ডে এর পূর্ণ বিবরণ প্রকাশিত হয়। এ ছাড়া মার্কিন সরকার তখন পাকিস্তানকে সমর্থন করলেও সে দেশের জনগণ অনেক মহানুভবতা দেখিয়েছে। শরণার্থী শিবিরগুলোর জন্য ১০ লাখ ডলারেরও বেশি দামের ওষুধ পাঠানো হয়েছিল।আবার এসেছে মার্চ মাস। মাসটি আমার কাছে ফিরিয়ে আনে সেই সব জ্বলজ্বলে স্মৃতি, যার অংশীদার আরও অনেকেই।১৯৭১ সালের মার্চ। আমি তখন ভারতের বিহারে অক্সফাম-ইউকের সহায়তাপুষ্ট গান্ধীবাদী আদর্শের গ্রাম উন্নয়ন প্রকল্পে কর্মরত। মার্চের শুরুর দিকে বিবিসি ও ভারতীয় পত্রপত্রিকার কিছু ভাসাভাসা প্রতিবেদনের মাধ্যমে ঢাকার অস্থিরতার খবর জানতে পারি। কিন্তু ক্রমশ যা উন্মোচিত হলো, তার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। ২৫ মার্চ রাতের পর থেকেই ভারত-পূর্ব পাকিস্তান সীমান্ত থেকে রাঁচিতে অক্সফাম কার্যালয়ে টেলিগ্রামে খবর আসতে শুরু করল যে প্রতিদিন হাজার হাজার শরণার্থী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছে। সীমান্ত এলাকাগুলোতে কর্মরত কয়েকটি সহযোগী সংস্থার মাধ্যমে অক্সফাম এ খবর পায়। ভারতের পূর্বাঞ্চল ও পূর্ব পাকিস্তানে অক্সফামের কার্যক্রম পরিচালিত হতো রাঁচির কার্যালয় থেকেই। তাত্ক্ষণিকভাবে আমাদের কয়েকজন কর্মী সীমান্ত এলাকা পরিদর্শন করলেন। পরিদর্শনের পর অক্সফাম সদর দপ্তরে পাঠানো প্রতিবেদন এতটাই ভয়াবহ ছিল যে সেখানকার কয়েকজন কর্মকর্তা প্রতিবেদন বিশ্বাস করতে অস্বীকৃতি জানালেন। একজন তো মন্তব্য করে বসলেন যে ‘জুলিয়ান তরুণ আর অনভিজ্ঞ। মনে হচ্ছে ভারতের তীব্র গরম ভালোই প্রভাব ফেলেছে তার ওপর।’ভারতের পূর্বাঞ্চল ও পূর্ব পাকিস্তানে অক্সফামের নবনিযুক্ত মাঠ পরিচালক ফরাসি-কানাডিয়ান রেমন্ড কুরনোইয়ার ১৯৫৮-১৯৬৫ পর্যন্ত পূর্ব পাকিস্তানে কাজ করেছেন। শরণার্থীর ঢল নামার শুরুর দিকেই তিনি বলেন, প্রায় এক কোটি পর্যন্ত উদ্বাস্তু ভারতে আসতে পারে। কিন্তু সংখ্যাটি বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল অক্সফোর্ডে অক্সফাম সদর দপ্তরের কর্মকর্তাদের। রেমন্ড আমাদের কয়েকজনকে কলকাতায় গিয়ে এই পরিস্থিতিতে অক্সফাম কী করতে পারে, সেটা খতিয়ে দেখার নির্দেশ দিলেন আমাদের। অধিকাংশ দাতব্য সংস্থাই দলে দলে বিদেশি সাহায্যকর্মী নিয়ে এলেও আমরা সিদ্ধান্ত নিলাম, এই সংকটে ভারতীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করাটাই সবচেয়ে ভালো হবে। শিগগিরই আমাদের ওই সিদ্ধান্ত বিচক্ষণ বলে প্রমাণিত হলো। কারণ নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সীমান্ত এলাকায় বিদেশিদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার।ভারত সরকারের ওই সিদ্ধান্তের কারণে প্রথমে মাদার তেরেসার চিকিত্সাসেবায় প্রশিক্ষণ পাওয়া সিস্টারদের কর্মকাণ্ডে সহায়তা দেওয়ার মাধ্যমে কাজ শুরু করে অক্সফাম। ওই সিস্টাররা প্রতিদিন কলকাতার আশপাশের শরণার্থীশিবিরগুলো পরিদর্শনে যেতেন। প্রথম দুই থেকে তিন সপ্তাহ প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে মাদার তেরেসা স্বয়ং আমাকে ফোন করে বাজারের একটি তালিকা দিতেন। সিস্টারদের কী কী জিনিসপত্র আর কয়টা ট্যাক্সির প্রয়োজন, তিনি আমাকে সেটা জানাতেন। প্রতিদিন সকালে ফোন করে তিনি ‘গুড মর্নিং’ না বলে বলতেন ‘গড ব্লেস ইউ’। এরপর আমাকে বাজারের তালিকা দিতেন।১৯৭১ সালের মে মাসের শেষের দিকে অক্সফামের পূর্ব ভারতীয় অঞ্চলের সহকারী মাঠ পরিচালক অ্যালান লিদার আর আমার সঙ্গে যোগ দিলেন উন্নয়নকর্মী বিকাশ ভাই। আমাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে উঠেছিল যে অধিকাংশ বিদেশি সাহায্য সংস্থাই সল্টলেকের মতো কলকাতার আশপাশের শরণার্থীশিবিরগুলোতে কাজ করছে। সল্টলেকের শরণার্থী শিবিরে ছিল প্রায় আড়াই লাখ লোক। তাই শহর থেকে দূরের শরণার্থীশিবিরগুলোতে কাজ করার জন্য অক্সফামকে সুপারিশ করার সিদ্ধান্ত নিলাম আমরা। শিবিরগুলোতে ওই সময় কলেরার ভয়াবহ হুমকি ছিল। ভারতের চিকিত্সা দলগুলোকে সংগঠিত করা এবং সেই সঙ্গে যথাযথ চিকিত্সা উপকরণ সরবরাহ নিশ্চিত করার বিষয়টি নিয়ে ভাবতে হয়েছে আমাদের। একদিন বিকাশ ভাই আমাদের জানালেন, গান্ধিবাদী নেতা নারায়ণ দেশাইয়ের মেয়ে সংঘমিত্রা দেশাই (উমা) কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের (এনআরএস) শেষ বর্ষের ছাত্রী। তাঁর সঙ্গে দেখা করার জন্য একদিন সন্ধ্যায় আমরা মেডিকেল কলেজে গেলাম। আজও স্পষ্ট মনে পড়ে, শিক্ষার্থীদের ক্যানটিনে চা খেতে খেতে কথা বলেছিলাম আমরা।এনআরএস মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যাতে ভ্রাম্যমাণ চিকিত্সা দলের সদস্য হিসেবে শরণার্থীশিবিরগুলোতে যেতে পারে, উমা ও তাঁর সহপাঠীরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমতি আদায় করে নিতে পেরেছিলেন। শরণার্থী শিবিরে তাঁদের কার্যক্রমকে এমবিবিএস কোর্সের সামাজিক ও প্রতিষেধক চিকিত্সা শিক্ষার ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবেও স্বীকৃতি আদায় করে নিয়েছিলেন তাঁরা। উমার অক্লান্ত পরিশ্রমের ফলে কলকাতার অন্য মেডিকেল কলেজগুলোও চিকিত্সা দল পাঠাতে শুরু করে। ক্রমে কলকাতার কলেজগুলোর সফলতার গল্প শুনে অন্য মেডিকেল কলেজগুলোও এগিয়ে আসে। বোম্বে মেডিকেল কলেজ ও কটক মেডিকেল কলেজ থেকে মাসিক ভিত্তিতে চিকিত্সা দল আসতে থাকে আমাদের কাছে। পাঞ্জাবের লুধিয়ানা মেডিকেল কলেজ ও ভারতীয় রেডক্রসের গুজরাট শাখা থেকেও চিকিত্সা দল পাঠানো হয়। জুনের শেষ নাগাদ ত্রিপুরা পর্যন্ত বাংলাদেশ সীমান্তের সর্বত্র সক্রিয় ছিল অক্সফাম।শরণার্থীদের চিকিত্সা-সহায়তার বাইরের অন্য চাহিদাগুলো পূরণের জন্য নিয়মিতভাবে স্বেচ্ছাসেবক দল পাঠায় ওড়িশা ও গুজরাটের বেশ কয়েকটি গান্ধীবাদী সংগঠন। এমনকি রাজস্থানের উদয়পুরের মতো দূর এলাকা থেকেও ছাত্রদের স্বেচ্ছাসেবক দল এসেছিল। শরণার্থীশিবিরগুলোকে চাঙা করে তুলেছিলেন এই স্বেচ্ছাসেবকেরা। শিবিরে বিদ্যালয় চালু, সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে গানের আসরের মতো বিভিন্ন আয়োজন করতেন তাঁরা। দক্ষতার সঙ্গে নিত্যকার খাদ্য পরিবেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম তো চালিয়েছেনই।এসব ভারতীয় তরুণ-তরুণী যেসব কাজ করতেন, তা ছিল খুবই কঠিন আর ক্লান্তিকর। আগাম মৌসুমি বন্যায় অনেকগুলো শিবির প্লাবিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ওই সময় কলকাতাজুড়ে কলেরার প্রাদুর্ভাবের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে নগরে কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আমার কাছে জানতে চান, আমরা বিদেশ থেকে জরুরিভাবে বিমানে করে কলেরার টিকা আনার ব্যবস্থা করতে পারব কি না। অক্সফাম ৭২ ঘণ্টার মধ্যে ১০ লাখেরও বেশি ডোজ টিকা কিনে তা কলকাতায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। ওই সময় আরও একটি সমস্যা দেখা দেয়। সেটা হলো, কলেরারোগীদের জন্য যথেষ্ট পরিমাণে স্যালাইনের বোতল ছিল না। কলকাতায় নিরাপদে স্যালাইন তৈরি করা সম্ভব হলেও যথেষ্ট পরিমাণ খালি বোতল পাওয়া যাচ্ছিল না। তাই আমরা যুক্তরাজ্য থেকে বিমানভর্তি বোতল নিয়ে এলাম। খালি হওয়া বোতলে আবার স্যালাইন ভরে তা ব্যবহারের ব্যবস্থা করা হলো। একেক সময় স্যালাইন না থাকলে ডাবের পানিকে স্যালাইন হিসেবে ব্যবহারের পরীক্ষা-নিরীক্ষাও চালিয়েছেন চিকিত্সকেরা! ওই সময় শরণার্থীশিবিরগুলোতে ‘চোখ ওঠা’ রোগ ছড়িয়ে পড়ে। পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থীদের থেকে এটা ছড়িয়েছিল বলে মজা করে একে ডাকা হতো ‘জয়বাংলা রোগ’। এই চোখ ওঠা বা কনজাংটিভাইটিসের চিকিত্সায় যুক্তরাজ্য থেকে আনা হলো ১০ লাখ টিউব মলম।পশ্চিমবঙ্গ ছাড়াও সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও আসাম মিলিয়ে প্রায় পাঁচ লাখ শরণার্থীকে ত্রাণসহায়তা দিয়েছিল অক্সফাম।এই সময়ের কত স্মৃতিই যে মনে পড়ে। জলপাইগুড়িতে কলেরায় মৃতদের জন্য কবর খুঁড়েছি। একসঙ্গে এক লাখ শাড়ি, এক লাখ লুঙ্গি-গেঞ্জি আর বাচ্চাদের জন্য বিভিন্ন সাইজের তিন লাখ পোশাক কেনার মতো দুরূহ কাজের কথাও ভুলব না। মনে আছে, আমার অফিসের ৩৬ জন কর্মীর বেশির ভাগই ছিল পালিয়ে আসা শরণার্থী।কার্যক্রমের পুরো সময়জুড়েই ত্রাণসামগ্রী বিদেশ থেকে সংগ্রহ করার পরিবর্তে ভারতের ভেতর থেকেই জোগাড়ের চেষ্টা করা হয়। বিদেশ থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করা ছিল ব্যয়সাধ্য। আমরা টনকে টন ব্লিচিং পাউডার ও হাজার হাজার লিটার ‘এসকাবিয়ল’ (খোসপাঁচড়ার ওষুধ) কিনেছিলাম। শরণার্থীশিবিরগুলোর জন্য এ ধরনের পণ্যের চাহিদা ছিল সব সময়, যা কলকাতার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে খুবই ব্যস্ত রেখেছিল।বায়াফ্রার পরে এবং কাম্পুচিয়ার আগে এটাই ছিল অক্সফামের সবচেয়ে বড় ত্রাণ কার্যক্রম। এ জন্য আমাদের তহবিল গঠন কার্যক্রমও হতে হয়েছিল জোরদার ও দক্ষ। তহবিল সংগ্রহের জন্য বিজ্ঞাপন প্রচার করেছিল অক্সফাম। শীত ঘনিয়ে আসায় শরণার্থীদের জন্য কম্বল ও গরম কাপড়ের প্রয়োজন পড়ে। ‘আপনার বিছানা থেকে একটি কম্বল তুলে নিন’ ও ‘বড়দিনের জন্য একটি নতুন সোয়েটার কিনে পুরোনোটি অক্সফামকে পাঠিয়ে দিন’—এই ভাষায় প্রচারণা চালায় অক্সফাম। অক্সফামের ঠিকানায় পাঠানো ত্রাণসাহায্য পার্সেলের জন্য ব্রিটিশ ডাক বিভাগ তখন কোনো ডাকমাশুল নেয়নি।আমরা যারা ভুলে গেছি বা যারা বেশি নবীন, তাদের জন্য বলছি, ভারতের ৯০০ শরণার্থী শিবিরে প্রায় এক কোটি বাংলাদেশি শরণার্থী ছিল। এত বিপুলসংখ্যক শরণার্থীর জন্য খাবার ও অন্য জিনিসপত্রের জোগান দেওয়া কত দুরূহ ব্যাপার ছিল, এত দিন পরও সেটা উপলব্ধি করা কঠিন মনে হয় আমার। কীভাবে সম্ভব হয়েছিল এই কর্মযজ্ঞ? অনেক মানুষের বীরত্বপূর্ণ অবদান এই অসাধ্য কাজকে সম্ভব করেছে। ওই সব মানুষ কখনই খ্যাতি কিংবা কৃতিত্ব দাবি করেননি। তাঁদের কথা হচ্ছে, যা করা উচিত ছিল, তাঁরা শুধু সেটাই করেছেন।বৈশ্বিক সংবাদপত্রগুলোর প্রথম পাতায় এই সংকটের স্থান করে নেওয়া ছিল কঠিন। ২৫ মার্চের গণহত্যার খবর সংবাদপত্রগুলোর প্রথম পাতায়ই ছিল। কলেরার প্রাদুর্ভাবের খবরটিও প্রথম পৃষ্ঠায় ঠাঁই পায়। শরণার্থীশিবিরগুলো যখন বন্যায় প্লাবিত হয়, তখন আরেকবার তা পত্রিকার প্রথম পাতায় উঠে আসে। ’৭১ সালের সেপ্টেম্বর নাগাদ অক্সফাম সিদ্ধান্ত নেয়, বিশ্বনেতাদের ঝাঁকুনি দেওয়ার মতো একটি উপায় বের করতে হবে। খুব কম সময়ের মধ্যেই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করা হলো। ‘দ্য টেস্টিমনি অব সিক্সটি অন দ্য ক্রাইসিস ইন বেঙ্গল’ শিরোনামে প্রত্যক্ষদর্শীদের ওই ‘সাক্ষ্য’ প্রকাশ করা হয়। সারা বিশ্বের সব সরকারপ্রধানের হাতে ওই জবানবন্দি তুলে দেওয়া হয়। ঘটনাচক্রে জাতিসংঘের বার্ষিক অধিবেশন শুরুর সময়ের সঙ্গে ওই ‘সাক্ষ্য’ প্রকাশের সময়টা মিলে যায়। ২০০৭ সালে বাংলাদেশের ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ এর একটি ইংরেজি প্রতিরূপ সংস্করণ প্রকাশ করে। কীভাবে এ দেশটি জন্ম নেয় এবং এর পেছনে কত ব্যথা ও দুর্ভোগ ছিল, ওই প্রকাশনার মাধ্যমে মানুষ তা আরও ভালো জানতে পারবে। ২০০৯ সালের ১৬ ডিসেম্বর প্রথম আলো এরই একটি বাংলা প্রতিরূপ প্রকাশ করে।১৯৭১ সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে জোরালো সমর্থন দিলেও সিনেটর এডওয়ার্ড কেনেডি বিষয়টি সম্পর্কে মার্কিন সিনেটের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ‘দ্য টেস্টিমনি অব সিক্সটি’ সিনেটের গোচরে আনেন এবং কংগ্রেসের রেকর্ডে এর পূর্ণ বিবরণ প্রকাশিত হয়। এ ছাড়া মার্কিন সরকার তখন পাকিস্তানকে সমর্থন করলেও সে দেশের জনগণ অনেক মহানুভবতা দেখিয়েছে। শরণার্থীশিবিরগুলোর জন্য ১০ লাখ ডলারেরও বেশি দামের ওষুধ পাঠানো হয়েছিল।নিরাপদ খাওয়ার পানি সরবরাহ ও জরুরি পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্তমানে অক্সফামের খ্যাতি রয়েছে। ১৯৭১ সালে ওই শরণার্থীশিবিরগুলোতে আমরা এক ধরনের রাবারের সেপটিক ট্যাংক পরীক্ষা করে দেখেছিলাম। ওই ট্যাংকের সঙ্গে ১০টি পায়খানার সংযোগেরব্যবস্থা থাকত। আমাদের বিশেষজ্ঞরা নিরন্তর এসব পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থার কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতেন। স্বাধীনতার পর স্যানিটেশন ইউনিটগুলো বেশ কয়েক বছর ধরে ঢাকা ও সৈয়দপুরের বিহারি ক্যাম্পগুলোতে ব্যবহার করা হয়েছে।বছরের শেষ দিকে যখন শীত ঘনিয়ে আসছে, তখন আমরা শরণার্থীশিবিরগুলোতে আরও ছয় মাস কাজ চালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা তৈরি করছিলাম। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ায় আমাদের ধারণার অনেক আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে যায়। আমার মনে আছে, পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের খবর শুনে বাংলাদেশি সহকর্মীদের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছিলাম। ওই কান্না ছিল মুক্তির আনন্দের, আবেগের। তবে আমরা শিগগিরই দেখতে পেলাম যে সামনে অনেক কঠিন কাজ পড়ে আছে।স্বাভাবিকভাবেই স্বাধীন বাংলাদেশে অক্সফামের প্রথম মাঠ পরিচালক হলেন রেমন্ড। ১৯৭২-এর ফেব্রুয়ারিতে রেমন্ড দায়িত্ব নেওয়ার আগে আমি তাঁর ব্যবহারের জন্য একটা ল্যান্ডরোভার গাড়ি নিয়ে কলকাতা থেকে ঢাকায় যাই। ওই ভ্রমণ ছিল খুবই মনে রাখার মতো। হাজার হাজার মানুষকে স্বদেশে ফেরত যেতে দেখে আমার খুবই ভালো লাগছিল। কিন্তু পথে পথে বিপুল ধ্বংসযজ্ঞ দেখে মন ভারাক্রান্ত হচ্ছিল। পুড়িয়ে দেওয়া অনেক গ্রাম দেখলাম। দেখলাম উড়িয়ে দেওয়া ব্রিজ-কালভার্ট। নদীতে ডুবে আছে অনেক বিধ্বস্ত নৌকা-ফেরি। ঢাকায় যাওয়ার পথে যশোরের একটি ক্যাথলিক মিশনে রাত কাটালাম আমি। পাকিস্তানি সেনারা ওই মিশনের ইতালিয়ান যাজককে হত্যা করেছিল। রাত কাটিয়ে পরদিন ঢাকায় পৌঁছাতে আমাদের ১২ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। মনে আছে, মাঝরাতের দিকে আমরা যখন পুরোনো বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন একটিও গাড়ি কিংবা মানুষ চোখে পড়েনি। হঠাত্ করেই কোত্থেকে একদল সৈনিক এসে আমাদের গাড়ি ঘিরে ফেলে। আমার গাড়িচালক চট্টগ্রামের বাদল নন্দী কিংবা আমি কেউ-ই বুঝতে পারিনি যে নৈশ কারফিউ চলছে। পরিচয় জেনে ওই সেনারা আমাদের পাহারা দিয়ে পূর্বাণী হোটেলে পৌঁছে দিল।এর এক বা দুই দিন পর আমি শেখ মুজিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে গেলাম। দেখলাম, তিনি অক্সফামের কর্মকাণ্ড সম্পর্কে ভালোই জানতেন। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, অক্সফামের মতো ছোট একটি প্রতিষ্ঠান বাংলাদেশের পুনর্গঠনে কী করতে পারে? তিনি তাঁর পাইপটি আমার দিকে তাক করে উঁচু জলদগম্ভীর গলায় বললেন, ‘ইয়াং ম্যান, তুমি এখানে কীভাবে এসেছো?’ আমি জানালাম, গাড়ি চালিয়ে কলকাতা থেকে ঢাকায় এসেছি। তখন তিনি বললেন, ‘তাহলে তুমি তো আমার দেশকে আমার চেয়ে বেশি দেখেছো। কারণ আমি প্রায় নয় মাস জেলে ছিলাম।’ এরপর শেখ মুজিব জিজ্ঞাসা করলেন, ‘তুমি কী দেখেছো?’ পথে যে ধ্বংসযজ্ঞ দেখেছিলাম, তাঁকে সেগুলো জানালাম। আর বললাম, অক্সফাম ইতিমধ্যে একটি বড় গৃহ নির্মাণ ও সংস্কার প্রকল্পে সহায়তা দিচ্ছে। আমি বললাম, ‘আমার মনে হয়, সেতু নির্মাণের মতো কাজগুলো দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় দাতাদের মাধ্যমেই করতে হবে। ফেরির বিষয়টিও হয়তো অক্সফামের জন্য সাধ্যের চেয়ে বেশি ব্যয়বহুল হবে।’ তা-ও শেখ মুজিব কিন্তু আগ্রহ দেখালেন অক্সফাম যাতে নতুন ফেরি কেনা ও পুরোনোগুলো মেরামতের সম্ভাব্যতা যাচাই করে দেখে।দারুণ ব্যাপার হচ্ছে, শেষ পর্যন্ত অক্সফাম তিনটি ফেরি কিনতে সক্ষম হয়েছিল। অনেকগুলো পুরোনো ফেরি মেরামতও করেছিল অক্সফাম। আমার মনে আছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ স্বাধীনতাযুদ্ধের শহীদদের নামে ফেরিগুলোর নাম রাখতে চেয়েছিল। কিন্তু রেমন্ড বাংলাদেশের পল্লিপ্রকৃতি ও সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছিলেন। তিনি তাই ফেরিগুলোর নাম ফুলের নামে রাখার সুপারিশ করতে বললেন আমাকে। পরে ফেরিগুলোর নাম রাখা হয়—কামিনী, কস্তুরি ও করবী। প্রায় ৩৮ বছর পর এখনো ওই ফেরিগুলো গোয়ালন্দ ঘাটে নদী পারাপার করছে।মার্চের (’৭২ ) আরও একটি স্মৃতি আমার মনে আছে। বাংলাদেশে ‘কেয়ার’-এর বাড়ি নির্মাণ প্রকল্পের জন্য তখনকার প্রায় আড়াই লাখ পাউন্ড দামের সিআই শিট জাহাজে তোলার জন্য আমি কলকাতা জাহাজঘাটে গিয়েছিলাম। রেমন্ড স্রেফ দুর্গত মানুষকে ত্রাণ বিতরণের বদলে নতুন দেশটির পুনর্গঠনে অবদান রাখতে অনুমতি চেয়েছিলেন প্রতিষ্ঠানের কর্তাদের কাছে। তাঁর সেই চাওয়া পূর্ণ হয়েছিল। ব্র্যাকের প্রথম দিকের দাতা সংস্থাগুলোর একটি ছিল অক্সফাম। কলকাতায় ফজলে হাসান আবেদের (সম্প্রতি ‘স্যার’ উপাধিতে ভূষিত) কাছে অক্সফামের পক্ষ থেকে তিন লাখ রুপি তুলে দেওয়া হয়েছিল। ব্র্যাক এখন সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশের আরেকটি অসাধারণ বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাথমিক কর্মকাণ্ডেও সহায়তা দিয়েছে অক্সফাম।বাংলাদেশ স্বাধীন হলে শরণার্থীরা দেশে ফিরতে শুরু করার পর আমরা ধীরে ধীরে ভারতে আমাদের কর্মকাণ্ড গুটিয়ে নিতে শুরু করি। ১৯৭২ সালের শুরুর দিকে একদিন একদল শরণার্থী দপ্তরে এসে আমাকে ডাকাডাকি করতে লাগল। অফিস থেকে বেরিয়ে দেখি বাগানে শ-তিনেক লোক দাঁড়িয়ে। তারা কোনো অভাব-অভিযোগ জানাতে এসেছে মনে করে আমি একটু দুশ্চিন্তায় পড়লাম। কিন্তু একটু পরই জানা গেল যে ঘটনা অন্য। ওই শরণার্থীরা আসলে বিদায় নিতে এসেছে। অক্সফামের প্রতি ধন্যবাদের নিদর্শন হিসেবে তারা আমাকে হাতে তৈরি উলের ফুল উপহার দিল। আমার কাছে এটা ছিল খুবই আবেগময় একটি মুহূর্ত।১৯৭১ সালে বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করে আমার জীবনটাই বদলে গেছে। যদি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ না হতো, তাহলে আমি হয়তো ১৯৭১ সালেই যুক্তরাজ্যে ফিরে যেতাম এবং পরিকল্পনামতো পশু ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করতাম। কিন্তু ৪০ বছরেরও বেশি সময় ধরে খুবই দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে কাজ করার মাধ্যমে আমি নিজেকে অনেক সমৃদ্ধ করেছি।(মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে জুলিয়ান ফ্রান্সিসের সম্পৃক্ততা। বর্তমানে ডিএফআইডির সহায়তাপুষ্ট চর জীবিকায়ন প্রকল্পে কাজ করছেন। যমুনা ও তিস্তা নদী অববাহিকায় চরের হতদরিদ্র মানুষের জন্য কাজ হচ্ছে এই প্রকল্পে।) ভাষান্তর: দাউদ ইসলাম