একাত্তরে অবদানের জন্য বিদেশিদের সংবর্ধনার প্রক্রিয়া শুরু
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন বিদেশি ব্যক্তিত্ব ও সংগঠনকে স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপনের সময় সম্মাননা দেওয়া হবে। আগামী বছরের স্বাধীনতা দিবসের সময় এই প্রক্রিয়া শুরু হবে এবং প্রতিবছর ওই দিনের পাশাপাশি বিজয় দিবসেও বিদেশিদের সম্মাননা দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ রোববার তাঁর দপ্তরে একাত্তরে অবদান রেখেছেন এমন সব বিদেশিকে সম্মাননাবিষয়ক জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি ওই কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার ৪০ বছর পূর্তির পর থেকে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের দিন একাত্তরে অবদানের জন্য তাঁদের সম্মাননা জানানো হবে। এ ছাড়া যেসব বিদেশি ব্যক্তিত্ব বাংলাদেশে আসতে পারবেন না, তাঁদের দূতাবাসের মাধ্যমে সংবর্ধনা জানানো হবে। দীপু মনি জানান, জাতীয় কমিটির দ্বিতীয় সভায় আজ সম্মাননা দেওয়ার বিষয়ে নীতিমালার খসড়া নিয়ে আলোচনা হয়েছে। ওই খসড়ায় কোন মানদণ্ডে, কাদের এবং কীভাবে সম্মান জানানো হবে সে বিষয়গুলোর উল্লেখ রয়েছে। সম্মাননার জন্য তালিকা তৈরি হয়েছে কি না জানতে চাইলে, তিনি বলেন, বিদেশে বাংলাদেশ দূতাবাসের পাশাপাশি নানাভাবে নাম সংগ্রহ করা হচ্ছে। তালিকা তৈরির ব্যাপারটি একটি চলমান প্রক্রিয়া। এতে নাম সংযোজন-বিয়োজন হতে থাকবে। কমিটির অন্যতম সদস্য শাহরিয়ার কবির প্রথম আলোকে জানান, এ পর্যন্ত প্রায় ১০০ ব্যক্তিত্বের নাম জমা পড়েছে। তিনি জানান, বৈঠকে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন বিদেশি ব্যক্তিত্বদের সাম্মানিক নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। এ ছাড়া একাত্তরে ভারতীয় সেনাবাহিনীর যেসব সদস্য প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানে স্মারক ভাস্কর্য তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত যেসব নাম জমা পড়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন—ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সি কসেগিন, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, সাবেক মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড কেনেডি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট শ্রীমাভো বন্দরনায়েক, ভারতের সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশ, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়, ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় ফ্রন্টের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিত্ সিং অরোরা, ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও সাহিত্যিক আঁদ্রে মালরো, পাকিস্তানের কবি ফয়েজ আহমেদ ফয়েজ ও মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর, ভারতের সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর, মার্কিন গায়ক জর্জ হ্যারিসন ও গায়িকা জোয়ান বায়েজ এবং ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং ও মার্ক টালি।