একাত্তরে আমরাই ছিলাম নিতুন কুন্ডের আপনজন: গিয়াস কাদের
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাউজানের প্রয়াত নিতুন কুন্ডু সিংহের পরিবারকে আশ্রয় দেওয়ার দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। আজ রোববার দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।নিতুন কুন্ডুকে গুণী ব্যক্তি উল্লেখ করে গিয়াস কাদের বলেন, ‘তাঁর বড় ছেলে সত্য সিংহ জীবিত থাকলে আজ আমাদের পাশেই থাকতেন। কারণ আমরাই ছিলাম তাঁদের আপনজন।’ সংবাদ সম্মেলনে মানবতাবিরোধী অপরাধ তদন্ত দলের কর্মকাণ্ডকে ‘নাটক’ উল্লেখ করে গিয়াসউদ্দিন কাদের দাবি করেন, নিতুন কুন্ডু সিংহের সম্পত্তি আত্মসাতের জন্য প্রফুল্ল রঞ্জন সিংহ সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন। এ কারণে তিনি ইনিয়ে-বিনিয়ে তদন্ত দলের সামনে কিছু কথা বলেছেন। আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে হেয় ও রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করতে এসব নাটক করা হচ্ছে। প্রসঙ্গত, সাকা চৌধুরী হচ্ছেন গিয়াস কাদেরের বড় ভাই। গত ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল রাউজান উপজেলায় ১৯৭১ সালে সংঘটিত হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করে। সংবাদ সম্মেলনে গিয়াস কাদের অভিযোগ করেন, রাউজানে সরকারি দলের ছত্রচ্ছায়ায় হামলা, মামলা, দুর্নীতি, লুটপাট, জায়গা দখল ও বিরোধী দলবিহীন রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। বিএনপি যাতে ভবিষ্যতে কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারে সে উদ্দেশ্যে রাউজান থেকে তাঁদের নেতা-কর্মীদের বিতাড়িত করছে সরকারি দল। প্রায় ৫০০ নেতা-কর্মী বিতাড়িত হয়ে চট্টগ্রাম শহরে আশ্রয় নিয়েছেন। প্রায় এক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাউজান থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. ছালামত আলীসহ উত্তর জেলার বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।