একাত্তরে আলব্দী গ্রামে হত্যাযজ্ঞে কাদের মোল্লাও গুলি করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ২৪ এপ্রিল ঢাকার মিরপুরের আলব্দী (আলোকদী) গ্রামে হত্যাযজ্ঞের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, সেদিন ওই গ্রামের অসংখ্য মানুষকে একত্রে দাঁড় করিয়ে পাকিস্তানি সেনারা গুলি করার সময় কাদের মোল্লাও গুলি করেছিলেন। মো. শফিউদ্দিন মোল্লা নামের এই প্রত্যক্ষদর্শী গতকাল বুধবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দিতে এ কথা বলেন।একাত্তরের ওই দিনে আলব্দী গ্রামে ৩৬০-৩৭০ জন মানুষ নিহত হয়। আলব্দী গ্রামের বাসিন্দা শফিউদ্দিন এ মামলায় রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী। গতকাল তিনি বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জবানবন্দি দেন। কাদের মোল্লা এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।শফিউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। শফিউদ্দিন জবানবন্দিতে বলেন, ১৯৭০ সালে তাঁর বয়স ছিল আনুমানিক ১৯ বছর। সত্তরের নির্বাচনে তিনি মিরপুরে আওয়ামী লীগের প্রার্থী জহির উদ্দিনের পক্ষে প্রচারণায় অংশ নেন। আর জামায়াতের প্রার্থী গোলাম আযমের পক্ষে কাজ করেন ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নেতা কাদের মোল্লা, তাঁর সহযোগী ও অবাঙালি বিহারিরা। তিনি ওই সময় থেকে কাদের মোল্লাকে চেনেন। একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধুর ভাষণের পর তিনি আলব্দী গ্রামে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।প্রত্যক্ষদর্শী এই সাক্ষী বলেন, একাত্তরের ২৪ এপ্রিল ফজরের আজানের সময় তাঁরা একটি হেলিকপ্টারের শব্দ পান। ঘর থেকে বেরিয়ে দেখেন, হেলিকপ্টারটি গ্রামের পশ্চিম দিকে নদীর তীরে একটি উঁচু জায়গায় নেমেছে। কিছুক্ষণের মধ্যে চারদিক থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। গ্রামের লোকজন ছোটাছুটি শুরু করে। ভোরের আলো ফুটলে তিনি দেখতে পান, এদিক-সেদিক দু-একটি লাশ পড়ে আছে। তিনি বলেন, এ অবস্থায় তিনি গ্রামের উত্তর পাশে একটি ঝোপের ধারে গর্তে লুকিয়ে পড়েন। তখন ছিল ধান কাটার মৌসুম। এ জন্য বাইরে থেকে অনেক শ্রমিক ধান কাটতে আলব্দী গ্রামে এসেছিলেন। একপর্যায়ে পাকিস্তানি সেনারা ওই ধান কাটা শ্রমিকদের এবং গ্রামের লোকজনকে ধরে এনে একত্র করে। কিছুক্ষণ পর তিনি কাদের মোল্লাকে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে উর্দুতে কথা বলতে দেখেন। পরে ধরে আনা লোকদের এক পাশে দাঁড় করিয়ে গুলিবর্ষণ শুরু হয়। কাদের মোল্লার হাতেও রাইফেল ছিল, তিনিও গুলি করেন।শফিউদ্দিন বলেন, সেদিন তাঁর চাচা নবীউল্লাহ মোল্লাসহ প্রায় ৩৬০-৩৭০ জন মারা যায়। আনুমানিক বেলা ১১টা পর্যন্ত এই হত্যাযজ্ঞ চলে। এরপর পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা গ্রামের ঘরবাড়ি লুট করে জ্বালিয়ে দেয়।জবানবন্দির শেষ পর্যায়ে শফিউদ্দিন মোল্লা আসামির কাঠগড়ায় থাকা কাদের মোল্লাকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবী একরামুল হক জেরা শুরু করেন। তবে দু-একটি প্রশ্ন করার পর একরামুল সময়ের আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ৫ আগস্ট (রোববার) পর্যন্ত জেরা মুলতবি করেন।