একাত্তরে আহত সাকা চৌধুরীর চিকিৎসা করেছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২৭তম সাক্ষী চিকিৎসক এ কে এম শফিউল্লাহ। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আহত সাকা চৌধুরীর চিকিৎসা করেছিলেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই (এক সদস্য অনুপস্থিত ছিলেন) সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল শফিউল্লাহর (৬৭) জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় আসামির কাঠগড়ায় সাকা চৌধুরী হাজির ছিলেন।জবানবন্দিতে শফিউল্লাহ বলেন, তাঁর বাড়ি চট্টগ্রাম শহরের চট্টেশ্বরী রোডের বেভারলি হিল আবাসিক এলাকায়। ১৯৭০ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল ইউনিট-১-এ এক বছরের প্রশিক্ষণ শেষে একাত্তরের জুলাই মাসে তিনি ওই ওয়ার্ডে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন, আগস্টে সহকারী রেজিস্ট্রার হন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের সেপ্টেম্বরের শেষ দিকে এক রাতে ১০টা-সাড়ে ১০টার দিকে তাঁকে ওয়ার্ডে যেতে খবর পাঠানো হয়। আধা ঘণ্টার মধ্যে তিনি ওয়ার্ডে গিয়ে দেখেন, সেনাসদস্য, পুলিশসহ অনেক লোক। এ সময় ওয়ার্ডের অফিসকক্ষের বিছানায় ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গুরুতর আহতাবস্থায় শোয়া দেখেন। যত দূর মনে পড়ে, তাঁর পায়ে জখম ছিল। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তিন-চার দিন পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়।জবানবন্দি শেষে শফিউল্লাহকে জেরা করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক। তিনি বলেন, ‘এরশাদ সরকারের সময় সালাউদ্দিন কাদের চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এটা কি আপনি জানেন?’ জবাবে সাক্ষী বলেন, ‘মন্ত্রী ছিলেন জানি, তবে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কি না, বলতে পারব না।’ পরে এক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ‘১৯৭৫ সালে আমি লিবিয়ায় চলে গিয়েছিলাম, ১৯৮৫ সালে দেশে ফিরি। তারপর আর হাসপাতালে যোগ দিইনি।’আসামিপক্ষের আইনজীবী বলেন, সাকা চৌধুরী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে এক হাজার ৮০০ জন চিকিৎসককে বরখাস্ত করেন। কারণ, তাঁরা বিদেশে গিয়েও দেশ থেকে বেতন তুলতেন। সাক্ষী বলেন, এটা তাঁর জানা নেই। আইনজীবী মত (সাজেশন) দেন, এই সাক্ষীকেও সাকা চৌধুরী বরখাস্ত করেছিলেন। শফিউল্লাহ বলেন, এটা সত্য নয়।এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়েছে।এই মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী কাজী মো. নুরুল আবছার ও ১১তম সাক্ষী এস এম মাহবুব-উল-আলম গত বছরের ২৮ আগস্ট জবানবন্দিতে বলেছিলেন, সাকা চৌধুরীকে খতম করতে মুক্তিযোদ্ধারা একাত্তরের ২০ সেপ্টেম্বর রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে স্টেনগান দিয়ে ব্রাশফায়ার, পরে গ্রেনেড চার্জ ও রিভলবার দিয়ে গুলি করেন। রাতে বিবিসির খবরে শোনেন, ওই অভিযানে গাড়ির চালক ঘটনাস্থলে মারা গেছেন, সাকা চৌধুরী আহত হয়েছেন। পরের দিনের পত্রিকায়ও এ খবর ছাপা হয়।