একাত্তরে কামারুজ্জামানকে অস্ত্র হাতে দেখেছেন দবির
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী দবির হোসেন ভূঁইয়ার জেরা আজ মঙ্গলবার শেষ হয়েছে। জেরার সময় আসামিপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে ক্যাম্পে আটক থাকাবস্থায় তিনি কামারুজ্জামানকে অস্ত্র হাতে দেখেছেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দবির হোসেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের আলবদর বাহিনীর জেলা ও শহর কমান্ডার কে ছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কমান্ডার কে ছিলেন তা তিনি বলতে পারবেন না, তবে নেতা ছিলেন কামারুজ্জামান। তিনি আরও বলেন, ১৯৭১ সালে ক্যাম্পে তাঁর বেঁধে রাখা চোখ খুলে দেওয়ার পর যখন কামারুজ্জামানকে দেখেন, সে সময় তাঁর হাতে অস্ত্র ছিল না। তবে পরে একদিন তিনি কামারুজ্জামানকে অস্ত্র হাতে দেখেছেন।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, একাত্তরে কামারুজ্জামান ময়মনসিংহে ছিলেন না এবং আলবদর নেতাও ছিলেন না। সাক্ষী আইনজীবীর বক্তব্য নাকচ করে দেন।জেরা শেষে, ৩ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।