একাত্তরে গণহত্যা, নির্যাতন, লুটপাট করেছেন সাকা
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে নয়টি অভিযোগই গণহত্যার। এ ছাড়া নির্যাতন, বাড়িতে আগুন, লুটপাটেরও অভিযোগ আছে। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক এবং সদস্য বিচারপতি আনোয়ারুল হক, এ কে এম জহির আহমেদ গতকাল বুধবার এই অভিযোগ গঠনের আদেশ দেন। ট্রাইব্যুনাল প্রায় এক ঘণ্টা ধরে অভিযোগগুলো সাকা চৌধুরীকে পড়ে শোনান।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুসারে মানবতার বিরুদ্ধে অপরাধ (হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ), গণহত্যা ও এ ধরনের অপরাধে সহযোগিতা করায় সাকার বিরুদ্ধে এসব অভিযোগ গঠন করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সাকা চৌধুরী এসব অপরাধ করেন।‘গুডস হিল’-এ নির্যাতন, হত্যা: সাকা চৌধুরীর ব্যক্তিগত বাড়ি গুডস হিল একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতনকেন্দ্রে পরিণত হয়। এটি চট্টগ্রামের কোতোয়ালি থানার রহমতগঞ্জে সাকা চৌধুরীর মালিনাকানাধীন একটি বাড়ি।সাকা চৌধুরীর বিরুদ্ধে গঠিত প্রথম অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ৪ বা ৫ এপ্রিল সাকা চৌধুরীর অনুসারী আবদুস সোবহান রাত নয়টার দিকে রাউজানের আঁধারমানিক গ্রামের অরবিন্দ সরকার, মতিলাল চৌধুরী, অরুণ চৌধুরী, শান্তি কুসুম চৌধুরী, যোগেশ চন্দ্র দে, পরিতোষ দাশ ও সুনীলকে গুডস হিলের নির্যাতন কেন্দ্রে নিয়ে যায়। এর মধ্যে কম বয়সী হওয়ায় সুনীলকে ছুরিকাঘাত করে ছেড়ে দিলেও বাকি ছয়জনকে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় নির্মম নির্যাতন করে হত্যা করা হয়।১৫ নম্বর অভিযোগেও গুডস হিলের বিষয়টি উঠে এসেছে। এই অভিযোগ অনুসারে, একাত্তরের মে মাসের মাঝামাঝি সময়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানার ১৯ কাজল বাজারের শেখ মায়মুন আলী চৌধুরীকে গুডস হিলে নিয়ে যাওয়া হয়। সেখানে সাকা চৌধুরী ও তাঁর সহচরেরা মায়মুন আলী চৌধুরীকে হাত-পা বেঁধে দৈহিক নির্যাতন চালান। ১৬ নম্বর অভিযোগ অনুসারে, ৭ জুন চট্টগ্রামের কোতোয়ালি থানার জামালখান রোড থেকে স্থানীয় আশকর দীঘির উত্তরপাড়ার ৬৯ শাহী সাইফুদ্দিন খালেদ সড়কের ওমর ফারুককে অপহরণ করে গুডস হিলে নিয়ে যাওয়া হয়। পরে সাকা চৌধুরীর নির্দেশে পাকিস্তানি সেনারা তাঁকে গুলি করে হত্যা করে।১৭ নম্বর অভিযোগ হচ্ছে, ৫ জুলাই সন্ধ্যা সাতটা-সাড়ে সাতটার দিকে সাকা চৌধুরী ও আরও দু-তিনজন চট্টগ্রামের কোতোয়ালি থানার হাজারী লেন থেকে নিজামউদ্দিন আহমেদ, সৈয়দ ওয়াহিদুল আলম ও সিরাজকে অপহরণ করে নিয়ে যান। পরে সেখানে তাঁদের শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এখান থেকে রক্তাক্ত জখম অবস্থায় তাঁদের পরদিন ৬ জুলাই রাত ৮-৯টার দিকে চট্টগ্রাম স্টেডিয়ামের নির্যাতনকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ১৪, ১৮, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ নম্বর অভিযোগেও গুডস হিলের নির্যাতনকেন্দ্রের কথা রয়েছে।মধ্য গহিরায় গণহত্যা: ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকাল সাড়ে ৬টা-৭টার দিকে সাকা চৌধুরীর নেতৃত্বে ও সহযোগিতায় পাকিস্তানি সেনাবাহিনী চট্টগ্রামের রাউজান থানার মধ্য গহিরার হিন্দুপাড়ায় পরিকল্পিতভাবে সশস্ত্র অভিযান চালায়। এখান থেকে গ্রামের লোকজন ধরে নিয়ে স্থানীয় চিকিৎসক মাখন লাল শর্মার বাড়ির উঠানে একত্রিত করা হয়। এরপর সাকা চৌধুরীর উপস্থিতিতে পাকিস্তানি সেনারা এলোপাতাড়ি গুলি করে হত্যাকাণ্ড চালায়।প্রার্থনারত অবস্থায় হত্যা: মধ্য গহিরায় গণহত্যা চালিয়ে ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকাল সাড়ে নয়টা থেকে ১০টার দিকে সাকা চৌধুরী পাকিস্তানি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে গহিরার কুণ্ডেশ্বরী ঔষধালয়ের দিকে যান। এরপর নূতনচন্দ্র বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নূতনচন্দ্র মন্দিরে প্রার্থনা করছিলেন। সাকা চৌধুরী তাঁকে টেনেহিঁচড়ে বের করেন এবং পাকিস্তানি সেনাবাহিনীকে বলেন, নূতনচন্দ্রকে হত্যার জন্য তাঁর বাবার নির্দেশ আছে। এরপর সেনাবাহিনী তাঁকে গুলি করে। নূতনচন্দ্র তখন আহত অবস্থায় কাতারাচ্ছিলেন। এবার নিজেই গুলি করে মৃত্যু নিশ্চিত করেন সাকা চৌধুরী।জগৎমল্লপাড়ায় গণহত্যা: চতুর্থ অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টা-১১টার দিকে সাকা চৌধুরীসহ একদল ব্যক্তি ও পাকিস্তানি সেনারা চট্টগ্রামের রাউজান থানার জগৎমল্লপাড়ায় সশস্ত্র অভিযান চালায়। হিন্দু অধ্যুষিত এই পাড়ায় শান্তিসভার কথা বলে এলাকার লোকজনকে স্থানীয় কিরণ বিকাশ চৌধুরীর বাড়ির আঙিনায় বসানো হয়। এরপর পাকিস্তানি সেনারা এলোপাতাড়ি গুলি করে ৩২ জনকে হত্যা করে। নিহত ৩২ জনের নাম আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ আছে। একই সময়ে ডাবুয়া খালের পাড়ে সাকা চৌধুরীর অনুসারীরা আরও তিনজনকে হত্যা করে।হত্যার পরে বাড়িঘরে আগুন: পঞ্চম অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৩ এপ্রিল আনুমানিক একটার দিকে পাকিস্তানি সেনাদের নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ, ফজলুল কাদের জিন্দাবাদ’ মিছিল দিতে দিতে সাকা চৌধুরী রাউজান থানার সুলতানপুর গ্রামের বণিকপাড়ায় প্রবেশ করেন এবং পাঁচজনকে গুলি করে হত্যা করেন। এরপর বিভিন্ন বাড়িতে আগুন দিয়ে তাঁরা সুলতানপুর ত্যাগ করেন।ঊনসত্তরপাড়ায় গণহত্যা: ষষ্ঠ অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৩ এপ্রিল বিকেল চার-পাঁচটার দিকে সাকা চৌধুরী তাঁর কয়েকজন অনুসারী ও পাকিস্তানি সেনাবাহিনীর একদল সদস্য নিয়ে হিন্দু অধ্যুষিত চট্টগ্রাম জেলার রাউজান থানার ঊনসত্তরপাড়া গ্রামে সশস্ত্র অভিযান চালান। এলাকার ও এলাকায় আশ্রয় নেওয়া হিন্দুদের স্থানীয় ক্ষিতীশ মহাজনের বাড়ির পেছনের পুকুরপাড়ে শান্তিসভার কথা বলে একসঙ্গে বসানো হয়। পরে সাকা চৌধুরীর প্রত্যক্ষ উপস্থিতিতে তাঁর সহযোগী পাকিস্তানি সেনারা এলোপাতাড়ি গুলি করে ৬০-৭০ জনকে হত্যা করে।হত্যা করে লাশে আগুন: ১৯৭১ সালের ১৪ এপ্রিল দুপুর ১২টার দিকে সাকা চৌধুরীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী রাউজান পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সতীশ চন্দ্র পালিতের বাড়িতে গেলে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় সাকা চৌধুরী বলেন, এই লোকটা ভয়ংকর। তাঁকে হত্যা করতে হবে। এ কথা বলার পরই পাকিস্তানি বাহিনী তাঁকে গুলি করে হত্যা করে এবং পাউডার ছিটিয়ে লাশটি পুড়িয়ে ফেলে।শাকপুরার গণহত্যা: ১১ নম্বর অভিযোগ অনুসারে, ১৯৭১ সালের ২০ এপ্রিল সকালে সাকা চৌধুরী ও তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরীর নির্দেশে তাঁদের অনুসারী মুসলিম লীগের রাজাকার খয়রাতি, জহির, জসিম ও পাকিস্তানি সেনারা চট্টগ্রামের বোয়ালখালী থানার শাকপুরা গ্রামে সশস্ত্র অভিযান চালায়। শাকপুরা প্রাথমিক স্কুলের কাছে জঙ্গলে ও ধানখেতে লুকিয়ে থাকা এবং ওই এলাকার লোকজনকে শাকপুরা দারোগার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সাকা চৌধুরীর নির্দেশে ফয়েজ আহমেদ, জালাল আহমদ, হাবিলদার সেকান্দর আলী, আমীর হামজা, আবদুল হাশিমসহ ৭৬ জনকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।৮ নম্বর অভিযোগে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোজাফফর আহমেদ ও তাঁর ছেলে শেখ আলমগীরকে হত্যা; ৯ নম্বর অভিযোগে শান্তি দেবকে হত্যা ও হিন্দু বাড়িতে লুটপাট; ১০ নম্বর অভিযোগে মানিক ধরের বাড়িতে লুটপাটের কথা উঠে এসেছে। ১২ নম্বর অভিযোগে রাউজানের জগৎমল্লপাড়ায় বিজয় কৃষ্ণ চৌধুরীকে হত্যা, ১৩ নম্বর অভিযোগে শান্তি কমিটির নেতাদের নিয়ে চট্টগ্রমের জেলার বন্দর থানার ৩৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িতে গিয়ে নির্যাতন ও হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।