একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাইবে না পাকিস্তান
একাত্তরের যুদ্ধে নির্বিচারে গণহত্যাসহ মানবতাবিরোধী নানা কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চাওয়ার অবস্থানে অনড় পাকিস্তান সরকার। বেশ কয়েকটি মৌলিক বিষয়ে দেশটির অনমনীয় মনোভাব বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে বাধা বলে মন্তব্য করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।গত বুধবারও ক্ষমতাসীন পিপলস পার্টির নেতা ও পাঞ্জাবের গভর্নর সালমান তাসির বলেছেন, একাত্তরের ঘটনা ভুলে যাওয়াই শ্রেয়। এত পুরোনো বিষয় টেনে আনার কোনো যৌক্তিকতা নেই। তাহলে ব্রিটিশদের অবিভক্ত ভারতে নিয়ে আসার জন্য যারা দায়ী, তাদেরও বিচার করতে হবে। আর পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, দুই দেশের সম্পর্ক জোরদার হওয়া প্রয়োজন। কিন্তু এ ক্ষেত্রে শর্ত হলো ক্ষমা প্রার্থনা, বিহারিদের প্রত্যাবর্তন, হামুদুর রহমান কমিশনের তথ্য প্রকাশ, পাওনা বুঝিয়ে দেওয়ার মতো বিষয়গুলো ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।পাকিস্তানে সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সরকারের বিভিন্ন পর্যায়ে যে আলাপ-আলোচনা হয়, তাতেই বেরিয়ে এসেছে এসব। অন্যদিকে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে, ১০-১২টি চুক্তিসহ কয়েক ডজন সমঝোতা চুক্তি সই হলেও চার দশকেও অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তিতে পাকিস্তান সাড়া দেয়নি। এমনকি এ দফাতেও দুটি দেশের কর্মকর্তাদের কাছ থেকে অমীমাংসিত বিষয়গুলোতে পাওয়া গেছে পরস্পরবিরোধী তথ্য।বাংলাদেশ সরকার ও বাঙালিদের বারবার অনুরোধ সত্ত্বেও কেন পাকিস্তান সরকার বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইছে না, কেন সংসদে এ প্রসঙ্গে বিল আনা হচ্ছে না—এমন প্রশ্নে পাকিস্তান সরকারের বক্তব্য হলো, সিমলা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল পুরোনো সব কিছুকে কবর দিয়ে নতুন করে যাত্রা শুরু করার প্রতিশ্রুতি নিয়ে। এ ছাড়া পারভেজ মোশাররফ ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন। বর্তমান বিরোধীদলীয় নেতা নওয়াজ শরিফও এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন। কাজেই নতুন করে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরকালে একাত্তরে যে ‘বাড়াবাড়ি’ হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে নওয়াজ শরিফ বলেন, গণতান্ত্রিক আচরণের প্রতি অশ্রদ্ধা ও অগণতান্ত্রিক মনোভাব থেকেই একাত্তরের সৃষ্টি। দুই সরকারপ্রধানের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য আসার পর নতুন করে আর কিছু বলার অবকাশ নেই বলে দাবি করছেন পাকিস্তান সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত ব্যক্তিরা। অতিরিক্ত সচিব সৈয়দ জাবেদ হাসান বলেন, এখন পুরোনো বিষয়কে জিইয়ে না রেখে কীভাবে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে দুই দেশ ঠিকমতো এগোতে পারে, সেদিকে নজর দিতে হবে।এদিকে স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষ থেকে ক্ষতিপূরণের যে দাবি, তাতেও নেতিবাচক অবস্থান পাকিস্তান সরকারের। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মাহফুজুর রহমান জানান, ক্ষতিপূরণ বাবদ পাকিস্তানের কাছ থেকে চার বিলিয়ন ডলার দাবি করা হয়েছে। এ বিষয়ে একচুলও অগ্রগতি হয়নি এত বছরেও। শুধু তাই নয়, ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন দেশ থেকে প্রায় ২০০ মিলিয়ন ডলারের একটি তহবিল ছিল। তা থেকে একটি পয়সাও পায়নি বাংলাদেশ। সরকার এসব পাওনা বুঝে নিতে চায়।পাকিস্তানের অতিরিক্ত সচিব সৈয়দ জাবেদ হাসান বলেন, এ বিষয় নিয়ে বহুবার কথাবার্তা হয়েছে। এই দাবি বাস্তবসম্মত নয়, কত টাকা কীভাবে দেওয়া হবে, তা নির্ধারণই করা হয়নি।এমনকি বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তনের বিষয়টি নিয়েও আলোচনা করতে চায় না পাকিস্তান। তাদের ভাষায়, এটি ‘ক্লোজ্ড ইস্যু’। পাকিস্তান সরকারের দাবি, এ পর্যন্ত তারা এক লাখ ৭০ হাজার আটকে পড়া পাকিস্তানিকে দেশে ফিরিয়ে এনেছে। আর কাউকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেই। তবে এটি পাকিস্তানে এখনো একটি বিতর্কিত বিষয়। মুত্তাহিদা কওমি মুভমেন্ট নামের একটি রাজনৈতিক দল আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে আনার জন্য এখনো প্রচার চালাচ্ছে। বাংলাদেশের পক্ষে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী পাকিস্তানি সেনা কর্মকর্তা এবং পাকিস্তানের ডিফেন্স জার্নালের সম্পাদক একরাম সেগাল বলেন, পাকিস্তান যদি ৩০ লাখ আফগানকে আশ্রয় দিতে পারে, তাহলে নিজেদের জনগণকে ফিরিয়ে আনছে না কেন? তবে পাঞ্জাবের সিনেটর ও মুসলিম লীগের নেতা পারভেজ রাশিদ বলেন, পাকিস্তানের অনেক মানুষ সে সময়ে সংঘটিত ঘটনাকে সমর্থন করেনি। এমনকি মানুষের মধ্যে ধীরে ধীরে এই মনোভাব জাগ্রত হচ্ছে। একসময় এই মনোভাব যখন সমাজের সর্বস্তরে ছড়াবে, তখন অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।