জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, একাত্তরে জামায়াতের কোনো নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল না। এ কারণেই আওয়ামী লীগ এঁদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারেনি।আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতের এক সমাবেশে এ টি এম আজহার এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা বক্তৃতার শব্দ নিয়ে মামলা করতে পারেন, অভিযোগ থাকলে খুনের মামলা করলেন না কেন?’জামায়াত নেতা বলেন, ‘আওয়ামী লীগ তো এত ভদ্রলোক না যে, অভিযোগ থাকলে মামলা করবে না। তার মানে জামায়াত নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলেই মামলা করতে পারেনি। এর দ্বারা প্রমাণ করে, জামায়াতের কোনো নেতা খুন-লুটতরাজের সঙ্গে জড়িত ছিল না।’এ টি এম আজহার বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি ছিল, মানবতাবিরোধী অপরাধের বিচার ছিল না। মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হলে একাত্তরের ২৫ জানুয়ারির পর থেকে এ পর্যস্ত যত মানবতাবিরোধী অপরাধ হয়েছে, প্রতিটিরই বিচার করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান বলেন, ‘৪০ বছর আগের বিচার করবেন, কিন্তু স্বাক্ষী পাবেন কোথায়? মিথ্যা স্বাক্ষী দিলে পাওয়া সম্ভব, সেটাই তাঁরা তৈরি করে রেখেছেন।’