যুক্তি উপস্থাপন শেষ, সর্বোচ্চ শাস্তি দাবি
একাত্তরে নেকড়েদের রাজা ছিলেন কামারুজ্জামান: রাষ্ট্রপক্ষ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যুক্তি উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেছেন, ১৯৭১ সালে বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনী নেকড়ের ভূমিকা পালন করেছিল। আর সেই নেকড়েদের রাজা ছিলেন কামারুজ্জামান।আজ রোববার বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামানের বিরুদ্ধে যুক্তি উপস্থান করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও সৈয়দ হায়দার আলী। তাঁরা কামারুজ্জামানের বিরুদ্ধে অপরাধের আইনি দিকগুলো তুলে ধরেন এবং ব্যাখ্যা করেন। আজ প্রথমে যুক্তি উপস্থান করেন তুরিন আফরোজ। যুক্তি উপস্থাপনের সময় তিনি বলেন, ‘একাত্তর সালে বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনী নেকড়ের ভূমিকা পালন করেছিল। আর সেই নেকড়েদের রাজা ছিল কামারুজ্জামান।’এরপরে সৈয়দ হায়দার আলী যুক্তি উপস্থান করেন। যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে হায়দার আলী বলেন, আসামি কামারুজ্জামানের বিরুদ্ধে সব অভিযোগ সাক্ষ্যপ্রমাণের মধ্য দিয়ে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রপক্ষ কামারুজ্জামানের সর্বোচ্চ শাস্তি দাবি করে।রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আগামী মঙ্গলবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন।