একাত্তরে ভারতকে সহায়তার প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রের!
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনের প্রবল দিল্লি-বিরোধী মনোভাব থাকলেও সে সময় ভারতের ওপর চীনের যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে দেশটিকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক দলিলে এ কথা বলা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবমুক্ত ৪০ বছরের পুরোনো ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগের এ তথ্যে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক ভূমিকার এক নাটকীয় দিক উন্মোচিত হলো।১৯৭১ সালের ২৫ আগস্ট তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত এল কে ঝায়ের সাক্ষাতের পর তিনি নয়াদিল্লিতে এ বিষয়ে প্রতিবেদন পাঠান। অবমুক্ত ওই তথ্যে বলা হয়েছে, প্রতিবেদনে ঝা উল্লেখ করেছেন, ‘তিনি (কিসিঞ্জার) বলেছেন, ১৯৬২ সালের মতো পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে ভারতকে সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না। এবং এ ব্যাপারে অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই।’প্রসঙ্গত, ১৯৬২ সালে চীন ও ভারতের মধ্যে সামরিক সংঘর্ষে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল। ‘১৯৬২ সালের মতো পরিস্থিতি’ বলতে কিসিঞ্জার ওই যুদ্ধকেই নির্দেশ করেছিলেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবমুক্ত তথ্যে দেখা যায়, নিক্সনের উপদেষ্টা ও ভারতীয় রাষ্ট্রদূতের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের কয়েক সপ্তাহ আগে কিসিঞ্জার দিল্লি সফর করেন। সে সময় তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রামকে বলেছিলেন, ‘আমি আপনাকে বলতে চাই, ভারতের বিরুদ্ধে চীনের যেকোনো ধরনের পদক্ষেপকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারেই নেব।’পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এ তথ্যে আরও বলা হয়েছে, ১৯৭১ সালের ২৫ আগস্ট হোয়াইট হাউসে কিসিঞ্জারের সঙ্গে রাষ্ট্রদূত ঝা তিন ঘণ্টা সময় কাটান। এ সময় তাঁদের মধ্যে দক্ষিণ এশিয়ায় ঘনীভূত তত্কালীন সংকট নিয়েও বিভিন্ন আলোচনা হয়। তবে এসব আলোচনার মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের যুদ্ধে পাকিস্তানের পক্ষে চীনের সম্ভাব্য সংশ্লিষ্টতার বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রের স্পষ্ট অবস্থানটি জানতে চেয়েছিলেন বলেই ভারতীয় রাষ্ট্রদূত তাঁর পত্রে উল্লেখ করেছেন।তত্কালীন সংকট সম্পর্কে কিসিঞ্জারের উদ্ধৃতির বরাত দিয়ে ভারতীয় রাষ্ট্রদূত তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, ‘এটা যদি ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের মতো পরিস্থিতি হয় এবং তাতে চীনের সম্পৃক্ততা না থাকে, তাহলেও পাকিস্তানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কড়া অবস্থান গ্রহণ করবে। এবং চীন যদি সাহায্য করতে এগিয়ে আসে, তাহলেও তারা আমাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করতে দ্বিধা করবে না।’