একাত্তরে যেন ফিরে গেলেন বিদেশি বন্ধুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য তখনো মাথার ওপর। চৈত্রের তপ্ত দুপুরের রেশ পাওয়া যায় বেশ। বিদেশি বন্ধুদের দলটি শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি থেকে নেমে দাঁড়াল শিখা চিরন্তনের প্রবেশমুখে। অন্যদের মতো তিনিও বাংলাদেশের এক কর্মকর্তার কাছে শুনছিলেন শিখা চিরন্তন সৃষ্টির নেপথ্যের গল্প। তবে তাঁর অনুভূতিটা অন্য সবার চেয়ে আলাদা। কারণ, বাঙালি জাতির মাহেন্দ্রক্ষণে তৎকালীন রেসকোর্স ময়দানে তিনিও ছিলেন। শুধু ছিলেনই না, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলটি সইয়ের আগে ও পরে তাঁর হাতেই ছিল। চার দশক পর মধ্যদুপুরের উত্তপ্ত বাতাসে বাংলাদেশের উড্ডিন লাল-সবুজ পতাকা স্ত্রীকে দেখিয়ে কী যেন বলছিলেন লে. জে. (অব.) মহিন্দার সিং। সায় দিচ্ছিলেন তাঁর স্ত্রী। কারণ, অসংখ্যবার স্বামীর মুখে একাত্তরের ১৬ ডিসেম্বরের বয়ান শুনেছেন তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে মুক্তিযুদ্ধে সম্মাননা পাওয়া অন্য বিদেশিদের সঙ্গে শিখা চিরন্তনে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। ভারতীয় সেনাবাহিনীর পূর্ব রণাঙ্গনের অধিনায়ক লে. জে. জগজিৎ সিং অরোরার পক্ষে সম্মাননা নিতে ঢাকায় এসেছেন তাঁর সাবেক এডিসি মহিন্দার সিং।২৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত সম্মাননায় অংশ নিতে এবার ভারত, পাকিস্তান, নেপাল, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কিউবা ও সুইডেনের ৬৯ ব্যক্তি ও সংগঠন ঢাকায় এসেছেন। ঢাকা সফরের শেষ দিনে গতকাল ভোরে বিদেশি বন্ধুরা যান সাভারে। সেখানে জাতীয় স্মৃতিসৌধে তাঁরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেখান থেকে তাঁরা সরাসরি যান মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। এরপর দুপুরে প্রথমে যান শিখা চিরন্তনে, এরপর মুক্তিযুদ্ধ জাদুঘরে। রাতে আর্মি গলফ ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের দেওয়া নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় তাঁদের দিনব্যাপী কর্মসূচি। গতকাল দুপুরে শিখা চিরন্তনে মিনিট ত্রিশেক ছিলেন বিদেশি বন্ধুরা। এ সময় তাঁরা পুষ্পার্ঘ্য দিয়ে বাংলাদেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর ঘুরে দেখেছেন সেখানকার স্বাধীনতা স্মৃতিস্তম্ভের ভূগর্ভস্থ জাদুঘর।শিখা চিরন্তনে এসে যেন নিজের তরুণ দিনগুলোতে ফিরে গিয়ে অন্য সবার চেয়ে অনেক বেশি উজ্জীবিত ছিলেন মহিন্দার সিং। তাই তো পুষ্পার্ঘ্য দেওয়ার পর তাঁকে যখন লিফটে জাদুঘরে প্রবেশের প্রস্তাব দেওয়া হলো, সবিনয়ে অনুরোধ ফিরিয়ে দিলেন। বললেন, ‘এখানে এসে যে ফিরে গেছি সেই একাত্তরের দিনগুলোতে।’ এ কথা বলার সময় তাঁর চোখে দেখা দিল আনন্দের ঝিলিক। বিশেষ সেই মুহূর্তটির কথা কি মনে পড়ছে? প্রথম আলোর এ প্রশ্নে ফিরে এলেন ২০১৩ সালের ২৬ মার্চে। মহিন্দার সিং বললেন, ‘কেন নয়! ওই মুহূর্তটি ভোলার নয়। আমার দায়িত্ব ছিল আত্মসমর্পণের দলিল তৈরি করা আর সইয়ের পর তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা।’ জাদুঘরে রাখা আত্মসমর্পণের টেবিলের সামনে এসে বেশ কয়েকবার ঘুরেফিরে সেটি দেখলেন। আর দেয়ালে ঝোলানো আত্মসমর্পণের ছবিটি দেখে ঠায় দাঁড়িয়ে থাকলেন বেশ খানিকটা সময়। ‘একজন সৈনিকের জন্য সব সময় আরাধ্যবস্তু হচ্ছে বিজয়। এর ব্যত্যয় তাঁর ভাবনায় থাকে না। কিন্তু এভাবে পরাজয় মেনে নেওয়াটা বেশ কঠিন’—মহিন্দার সিং জানালেন, পাকিস্তানি জেনারেল নিয়াজিকে উদ্দেশ করে এই কথাগুলোই বলছিলেন তিনি। একসময় যাওয়ার সময় হয়ে এল। ঠিক যেভাবে তিনি এসেছিলেন শিখা চিরন্তনীতে, তেমনিভাবে দৃপ্তপদে বিদায় নিচ্ছেন। পরবর্তী গন্তব্য তাঁর মুক্তিযুদ্ধ জাদুঘর। যেখানটায় গিয়ে তিনি আরও একবার খুঁজে নেবেন স্মৃতির অলিগলি।