একাত্তরে রাউজানের গণহত্যায় সাকা চৌধুরী জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে চট্টগ্রামের রাউজানে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ডসহ গণহত্যার ঘটনায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জড়িত থাকার অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। আজ শুক্রবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধ তদন্ত করতে ট্রাইব্যুনালের সদস্যরা রাউজানে আসেন। সেখানে সাক্ষীরা তদন্ত দলের কাছে সাকা চৌধুরী ও তাঁর পরিবারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ধরেন।তদন্ত দল রাউজানের কুণ্ডেশ্বরী ঔষধালয়ে নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড, সুলতানপুরের জগত্মল্লপাড়া ও ঊনসত্তরপাড়ার গণহত্যার স্থান ঘুরে দেখে ও সাক্ষ্য নেয়। একাত্তরে জগত্মল্লপাড়ায় ৩৭ ও ঊনসত্তরপাড়ায় ৬৯ জন সংখ্যালঘুকে হত্যা করা হয়েছিল। শহীদ পরিবারের সদস্যরা তদন্ত দলকে তাঁদের স্বজন হত্যার বিচারের পাশাপাশি শহীদ পরিবারকে অবহেলার কথাও তুলে ধরেন।আজ দুপুর পর্যন্ত সাক্ষ্য গ্রহণের পর ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, গণমাধ্যমে একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী হিসেবে সাকা চৌধুরীর নাম অনেকবার এসেছে। শুধু তিনি নন, ফজলুল কাদের চৌধুরীর নামও চলমান সাক্ষ্যে আসছে। তিনি বলেন, ‘রাউজানে এক দিনে তিনটি স্থানে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটে। আমরা এসব স্থান ঘুরে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছি। কতজনের নিয়েছি, তা এখন বলা যাবে না।’এর আগে সকালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর নেতৃত্বে সাত সদস্যের তদন্ত দল রাউজানের তিনটি স্থান ঘুরে ঘুরে দেখে ও সাক্ষ্য গ্রহণ করে।দলটি সকাল ১০টায় রাউজানের গহিরার কুণ্ডেশ্বরী ঔষধালয় এলাকায় শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহের বাড়ি পরিদর্শন করে। এ সময় সাংবাদিকদের সামনে প্রয়াত নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ তদন্ত দলকে কোথায় তাঁর বাবাকে হত্যা করা হয় এবং তখন কারা সেখানে ছিলেন তার বিবরণ দেন।তদন্ত দলের সামনে প্রফুল্ল সিংহ সাংবাদিকদের বলেন, ‘১৩ এপ্রিল সকাল ১০টার দিকে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের বাড়িতে এসে বাবাকে মন্দির থেকে বের করে আনেন। পরে তাঁকে ব্রাশফায়ারে হত্যা করা হয় বলে শুনেছি। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী এর আগে দুবার এসে বাবার সঙ্গে কথা বলে চলে যায়। পরে ওই বাহিনীর সঙ্গে সাকা চৌধুরী এসে বলেন, বাবার (ফজলুল কাদের চৌধুরী) নির্দেশ আছে তাঁকে হত্যা করার। সংখ্যালঘু এলাকা হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কুণ্ডেশ্বরীতে তাঁদের বাড়িতে অবস্থান নেওয়ার কারণে সাকা তাঁর বাবাকে হত্যা করেন বলে প্রফুল্লর অভিযোগ।দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১২ জানুয়ারি এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা করেছিলেন প্রফুল্ল চন্দ্র সিংহের বড় ভাই সত্য রঞ্জন সিংহ। এতে সাকা চৌধুরী ও তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরীকে আসামি করা হয়।গহিরার পর তদন্ত দলটি সুলতানপুর ইউনিয়নের জগত্মল্লপাড়ায় আরেকটি গণহত্যার বিষয়ে সাক্ষ্য গ্রহণ করতে যায়। সেখানে ৩৫ জন শহীদ হয়েছিলেন। তদন্ত দল ঘটনার প্রত্যক্ষদর্শী জ্যোত্স্না প্রভা চৌধুরীসহ আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করে।এরপর তদন্ত দলটি ঊনসত্তরপাড়া এলাকায় যায়। ওই এলাকায় মুক্তিযুদ্ধ চলাকালে ৬৯ জন শহীদ হয়েছিলেন। তদন্ত দল কয়েকজনের সাক্ষ্য গ্রহণ শেষে রাউজানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যায়।