একাত্তরে সাকা চৌধুরীর চট্টগ্রামে থাকার প্রমাণ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. নুরুল ইসলামকে গতকাল সোমবার জেরা শুরু করেছে আসামিপক্ষ। জেরার একপর্যায়ে তিনি বলেন, একাত্তরে সাকা চৌধুরী যে চট্টগ্রামে ছিলেন ও বসবাস করতেন, সে বিষয়ে দালিলিক প্রমাণ তাঁর কাছে আছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল নুরুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম এ মামলায় রাষ্ট্রপক্ষের ৪১তম ও শেষ সাক্ষী। জেরায় আসামিপক্ষের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে পুলিশের মহাপরিদর্শক (আইজি), চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং পুলিশ সুপার (এসপি) কারা ছিলেন—তা তিনি জানেন না। একাত্তরে চট্টগ্রামে পুলিশের বিশেষ শাখা (এসবি) ছিল কি না—তা-ও তিনি তদন্ত করেননি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামের কোতোয়ালি, রাউজান, হাটহাজারী, পাঁচলাইশ ও বোয়ালখালী থানায় একাত্তরের অপমৃত্যু মামলা এবং সাধারণ ডায়েরির নথি তদন্তকালে পর্যালোচনা করেননি।নুরুল ইসলাম জেরায় আরও বলেন, তিনি ২০১০ সালের ২৬ জুলাই তদন্ত সংস্থার কমপ্লেইন্ট রেজিস্ট্রারে আসামি সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেন। তিনি নিজেই এই মামলার অভিযোগকারী। কোনো রাজনৈতিক সরকারের আদেশে তিনি এ অভিযোগ করেননি। আইন ও বিধি মোতাবেক অভিযোগ লিপিবদ্ধ করেছেন।জেরার একপর্যায়ে তদন্ত কর্মকর্তা বলেন, একাত্তরে আসামি (সাকা চৌধুরী) চট্টগ্রামে ছিলেন ও বাস করতেন। এ-সংক্রান্ত দালিলিক প্রমাণ তাঁর কাছে আছে। চট্টগ্রাম জেলা আদালতের জিআর রেজিস্ট্রার, দুটি এজাহারের অনুলিপি এবং আদালত পরিদর্শকের (কোর্ট ইন্সপেক্টর) একটি প্রতিবেদন সেসব দালিলিক প্রমাণেরই অংশ। এ ছাড়া ওই সময়ের পুলিশের পাক্ষিক প্রতিবেদন (ফোর্টনাইটলি রিপোর্ট) ও পত্রিকার প্রতিবেদনও দালিলিক প্রমাণ হিসেবে রয়েছে।পরে জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।