একাত্তরের অপরাধে দল নয়, ব্যক্তির বিচার হবে: আইন প্রতিমন্ত্রী
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে কোনো দল নয়, ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজ শুক্রবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে ‘মানবতাবিরোধী অপরাধের বিচার ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।কামরুল ইসলাম বলেন, তদন্তকারী সংস্থার তৈরি করা ১২ জনের তালিকা সরকার প্রস্তুত করেনি। এই তালিকায় কোনো ত্রুটি নেই। তিনি আরও বলেন, ‘কোনো দলকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই না। আমরা সেই ব্যক্তিকে কাঠগড়ায় দাঁড় করাতে চাই, যে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে।’আইন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা নাকি গামা হত্যা মামলা নিয়ে রাষ্ট্রপতিকে বিতর্কিত করছি, অনুকম্পা দেখানো হচ্ছে। তাঁরা কী করেছে? মওদুদ আহমদ দ্রুত বিদেশ থেকে খুনের মামলার আসামি ঝিন্টুকে নিয়ে এসে সাত দিনের মধ্যে ফাঁসির দণ্ড মাফ করে ছেড়ে দিয়েছিলেন।’জনতার প্রত্যাশা নামে একটি সংগঠনের আয়োজিত সভায় আওয়ামী লীগের নেতা ইউসুফ হোসেন হুমায়ুন, আহম্মেদ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল নূরজাহান বেগম, কৃষক লীগের নেতা এম এ করিম প্রমুখ বক্তৃতা করেন।