একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে জেরা করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে জেরা করছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার আসামিপক্ষের জেরা চলাকালে ট্রাইব্যুনাল এ মন্তব্য করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল এই মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামকে আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক সপ্তম দিনের মতো জেরা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।নুরুল ইসলাম এ মামলায় রাষ্ট্রপক্ষের ৪১তম ও শেষ সাক্ষী। গতকাল জেরার একপর্যায়ে আহসানুল হক প্রশ্ন করেন, একাত্তরের ২৬ মার্চের পর যাঁরা নিহত হয়েছেন বলে এ মামলায় দাবি করা হয়েছে, তাঁরা যে এ দেশে বাস করতেন, এমন কোনো দালিলিক প্রমাণ আছে? এরপর তিনি জানতে চান, যাঁরা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, তাঁদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ থেকে মৃত্যু সনদ কি তদন্ত কর্মকর্তা সংগ্রহ করেছেন? এ-সংক্রান্ত ডেথ রেজিস্টার কি তদন্ত কর্মকর্তা জব্দ করেছেন?জবাবে নুরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকালে যাঁরা নিহত হয়েছেন বলে এ মামলায় দাবি করা হয়েছে, তার সমর্থনে বিভিন্ন পত্রিকার কাটিং, মামলার রেজিস্টার, এজাহার, সাক্ষীদের জবানবন্দি প্রভৃতি এ মামলায় দাখিল করা হয়েছে।আসামিপক্ষের এসব প্রশ্নে জোরালো আপত্তি জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা দুই ট্রাইব্যুনালে যত মামলা দেখেছি, কেউ একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে জেরা করেননি। একমাত্র হেনা সাহেবকে (আহসানুল হক) দেখলাম একাত্তরের গণহত্যাকে অস্বীকার করে জেরা করছেন।’ট্রাইব্যুনালের এই মন্তব্যে আহসানুল হক বলেন, ‘মাই লর্ড, আমি গণহত্যাকে অস্বীকার করে জেরা করছি না।’ ট্রাইব্যুনাল বলেন, ‘হ্যাঁ, করছেন। আপনি গণহত্যাকে অস্বীকার করে জেরা করছেন। করেন, দেখি কত দূর পারেন।’পরে আসামিপক্ষের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, তদন্তকালে তিনি ১৩২ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে তা লিপিবদ্ধ করেছেন।এরপর আহসানুল হক রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষীর তদন্ত কর্মকর্তাকে দেওয়া জবানবন্দির সঙ্গে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দির বৈপরীত্য পরীক্ষা করেন। বৈপরীত্য পরীক্ষার পদ্ধতি নিয়ে রাষ্ট্রপক্ষের সঙ্গে আসামিপক্ষের কয়েক দফা বাদানুবাদ হয়।আজ বুধবার আসামিপক্ষ আবারও তদন্ত কর্মকর্তাকে জেরা করবে।