একাত্তরের গণহত্যাকে স্বীকৃতি দিন, বিচার উদ্যোগের প্রতি সংহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। শান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতা বিষয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের পর গৃহীত ঢাকা ঘোষণায় এ আহ্বান জানানো হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে বাংলাদেশ সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সম্মেলন থেকে তার প্রতি সংহতি প্রকাশ করা হয়। ‘ধর্মনিরপেক্ষ মানবতা—মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক হও’ আহ্বান নিয়ে গতকাল রোববার রাজধানীতে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, নেদারল্যান্ড, ইরান, ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। গণহত্যা ও যুদ্ধাপরাধ বন্ধে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতেও সম্মেলন থেকে আহ্বান জানানো হয়েছে। সম্মেলনের ঢাকা ঘোষণায় মোট নয়টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। উপরিউক্ত তিনটি ঘোষণা ছাড়াও সব দেশের সরকার ও নাগরিক সমাজের প্রতি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে কার্যকর ঐক্য গড়া এবং মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের হুমকি মোকাবিলায় আঞ্চলিক ধর্মনিরপেক্ষ মানবিকতার নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়।ঢাকা ঘোষণায় সন্ত্রাস ও ধর্মীয় উগ্রবাদের শিকার দেশগুলোর প্রতি আঞ্চলিক টাস্কফোর্স গঠনে পরস্পরকে সহযোগিতা করা, অর্থপাচার রোধে কার্যকর উদ্যোগ নেওয়া, নাগরিক সমাজের প্রতি ধর্মনিরপেক্ষ মানবতার কথা প্রচার এবং তাদের সরকারকে সব ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষায় চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়। সর্বশেষ আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ ও আর্থসামাজিক এবং সাংস্কৃতিক উন্নতির স্বার্থে ধর্মীয় ও জাতিগত সাম্য বজায় রাখতে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানানো হয়। উদ্বোধন: এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা কোনো একক দেশের সমস্যা নয়। সারা বিশ্বের জন্যই এটি এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মৌলবাদ বিকশিত হলে মানুষের স্বাধীনতা, মানবতা সব ভূলুণ্ঠিত হবে। তাই সারা বিশ্বকে এক হয়েই মৌলবাদকে ঠেকানোর চেষ্টা করতে হবে। সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, গত দুই দশকে ধর্মীয় মৌলবাদ শান্তিপ্রিয় মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর বিলম্ব না করে মৌলবাদের বৃক্ষকে উৎপাটন করতে হবে। নইলে মানবতা ভূলুণ্ঠিত হয়ে যাবে।শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, ‘মৌলবাদের চেয়ে আমাদের সংস্কৃতি অনেক শক্তিশালী। আমরা মৌলবাদকে আসতে দেব না। আমাদের কৃষক-সংস্কৃতি কখনো উগ্রবাদকে প্রশ্রয় দেয়নি। যদি আমরা একে ধরে রাখতে পারি, তাহলে আমরা মৌলবাদকে প্রতিহত করতে পারব।’ভারতের পার্লামেন্টের সাবেক স্পিকার পি এ সাংমা বলেন, ‘মৌলবাদ মোকাবিলায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে। পাকিস্তানে ইসলামি মৌলবাদের উন্মেষ হলে ভারতে হিন্দু মৌলবাদের বিকাশ হবে। আর ভারতে হিন্দু মৌলবাদের বিকাশ হলে ভারতে ইসলামি মৌলবাদের জন্ম হবে। আমরা এটা রুখতে পারব না। কাজেই মৌলবাদ মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’মুক্তিযুদ্ধের অপরাধীদের বিচার প্রসঙ্গে কানাডা থেকে আসা মানবাধিকারকর্মী উইলিয়াম স্লোন বলেন, অপরাধীদের বিচারের সময় কখনো শেষ হয়ে যায় না। এদের বিচার না করলে গণহত্যা ও নির্যাতনের শিকার মানুষেরা সব সময় অনিরাপদ বোধ করবে। এদের শুধু লোক দেখানো বিচার নয়, প্রকৃত বিচার করতে হবে। আর বিচার হতে হবে প্রকাশ্যে, যাতে এ নিয়ে কেউ কোনো বিতর্ক তৈরি করতে না পারে।ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও সুইডিশ রাজনীতিবিদ সিসিলিয়া ইউকস্ট্রম বলেন, মৌলবাদ এখন আর কোনো দেশের জন্য একক বা আঞ্চলিক সমস্যা নয়। এটি এখন বৈশ্বিক সমস্যা। কাজেই মৌলবাদ ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একসঙ্গে সংগ্রাম করতে হবে।যুক্তরাজ্যের সন্ত্রাস বিষয়ে বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলেন, ৯/১১-এর পর আন্তর্জাতিক গোষ্ঠী মৌলবাদ ও ধর্মীয় সন্ত্রাস নিয়ে সচেতন হয়েছে। এই মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।নেদারল্যান্ড থেকে আসা পিটার কাস্টার্স বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে বর্বরতা হয়েছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর বর্বরতাকে ছাড়িয়ে গেছে। জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলো ধর্মের নামে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। রাজাকার, আলবদর, আল-শামসের মতো খুনি বাহিনী তৈরি করে তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। যারা এই পাকিস্তানি বাহিনীকে গণহত্যায় সহযোগিতা করেছিল, তারা এখন বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছে। এটা খুবই লজ্জার ব্যাপার।ইরানের মানবাধিকারকর্মী পারভীন আবদালান ইরানে নারীরা অধিকার প্রতিষ্ঠায় কীভাবে আন্দোলন হয়েছে, তার বর্ণনা দেন। তিনি বলেন, ‘আমি ইউরোপে মৌলবাদের পক্ষে কর্মকাণ্ড ইরান থেকে কোনো অংশে কম দেখিনি। ইরানে মৌলবাদীদের তৎপরতা আছে, তবে ধর্মনিরপেক্ষ আন্দোলনও সেখানে গড়ে উঠছে।’পাকিস্তানের ইউনিভার্সিটি অব পেশাওয়ারের অধ্যাপক সরফরাজ খান বলেন, সমাজতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের নামে পাকিস্তানে মৌলবাদীদের তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় এদের উত্থান। এখন পাকিস্তান এই মৌলবাদের শিকার হয়েছে। নেপাল পার্লামেন্টের সাবেক স্পিকার দামান ধুঙ্গানা বলেন, নেপাল এখন আর কোনো হিন্দু রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তিনি বলেন, ‘আমি হিন্দু হিসেবে ব্যক্তিগতভাবে গর্ববোধ করি। কিন্তু কোনো রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করবে—এর পক্ষপাতী নই আমি।’উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় একটি হোটেলে তিনটি কর্ম-অধিবেশনে যোগ দেন আমন্ত্রিত অতিথিরা। অধিবেশন তিনটির বিষয় ছিল—বাংলাদেশের গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গি মৌলবাদের উত্থান: প্রেক্ষাপট উপমহাদেশ ও বিশ্ব এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাগরিক সমাজের করণীয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী শফিক আহমেদও এসব অধিবেশনে যোগ দেন।