হাউস অব লর্ডসে পাকিস্তানি এমপি চৌহান
একাত্তরের গণহত্যার জন্য দুঃখ প্রকাশে আপত্তি নেই
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশে যে সংগঠিত গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে সে জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আপত্তি নেই বলে জানিয়েছেন নওয়াজ শরিফ-সমর্থিত পাকিস্তান মুসলিম লিগের এমপি ড. আশরাফ চৌহান। পাকিস্তানের গুজরানওয়ালা-২ আসন থেকে নির্বাচিত এই এমপি বলেন, প্রয়োজনে তিনি পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করবেন।গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে এমন মন্তব্য করেন ড. আশরাফ চৌহান। পাকিস্তানি বংশোদ্ভূত লর্ড নাজির আহমেদের আয়োজনে ব্রিটেনের মুসলমানদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের এই পার্লামেন্ট সদস্য। পরে প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।৩৯ বছর পর বর্তমান সরকারের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ড. চৌহান। সেই সঙ্গে পাকিস্তানে যদি কোনো যুদ্ধাপরাধী থেকে থাকে, সরকার চাইলে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেসব অপরাধীকে বাংলাদেশে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতারও আশ্বাস দেন তিনি।আশরাফ চৌহান মনে করেন, অতীতের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করলে যদি তরুণ প্রজন্মের মধ্যে পাকিস্তানের প্রতি তাদের মনোভাবের পরিবর্তন হয়, তাহলে সেই প্রক্রিয়ার উদ্যোগ নিতে তিনি সহায়তা করবেন।আলোচনা সভায় বক্তারা ব্রিটেনের মূলধারার রাজনীতিতে মুসলমানদের অংশগ্রহণ নিশ্চিত করতে মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন লর্ড প্যাটেল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র ওহিদ আহমেদসহ মুসলিম কমিউনিটির নেতারা।