মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে একাত্তরে পাকিস্তানি সেনাদের ধ্বংসযজ্ঞের সহযোগী হিসেবে জামায়াতে ইসলামীকে দায়ী করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসির রায় দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। এই রায়ের ঐতিহাসিক প্রেক্ষাপট অংশের তৃতীয় ও চতুর্থ অনুচ্ছেদে বলা হয়েছে, একাত্তরের ২৫ মার্চ রাতে বাঙালি পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিশ্চিহ্ন এবং বাঙালি রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবী ও ছাত্রদের হত্যা এবং গ্রেপ্তারের মধ্য দিয়ে ‘অপারেশন সার্চলাইট’-এর নৃশংস ধ্বংসযজ্ঞ শুরু হয়। পাকিস্তান রক্ষার নামে জামায়াতে ইসলামী প্যারা-মিলিশিয়া বাহিনী বা সহযোগী বাহিনী গঠন করে নিরস্ত্র বাঙালি বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে সংগ্রামে উল্লেখযোগ্য অবদান রাখে। সন্দেহাতীতভাবে মুক্তির পথে বাংলাদেশের মানুষের পথ ছিল রক্তাক্ত, যন্ত্রণাময় ও আত্মত্যাগে পরিপূর্ণ। সমসাময়িক বিশ্ব ইতিহাসে হয়তো কোনো জাতিকে মুক্তির জন্য এত চড়া মূল্য দিতে হয়নি।রায়ে আসামির পরিচিতি অংশে আরও বলা হয়, আসামি আবুল কালাম আযাদ ফরিদপুরের রাজেন্দ্র কলেজের ছাত্র থাকাকালে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মুজাহিদ বর্তমানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি।জামায়াতের উদ্বেগআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল ‘মাওলানা আবুল কালাম আযাদের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জড়িয়ে যে রায় দিয়েছেন’ তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। গতকাল সোমবার রাতে রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ উদ্বেগের কথা জানান। তিনি দাবি করেন, কোনো ব্যক্তি বা সংস্থার বক্তব্য না শুনে তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত প্রদান সম্পূর্ণ বেআইনি ও অযৌক্তিক। এ রায়ে রাজনৈতিক উদ্দেশ্যের প্রকাশ ঘটেছে। জাতি এই রায় প্রত্যাখ্যান করেছে।বিবৃতিতে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিচারকাজ সম্পন্ন করা হয়েছে দাবি করে বলা হয়, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, আইন অনুযায়ী যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁর বিষয়েই রায় প্রদান স্বাভাবিক। কিন্তু ব্যক্তির অপরাধের সঙ্গে জামায়াতে ইসলামীকে টেনে আনা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ বিবৃতিতে বলা হয়, ‘আশা করব, রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে পরিচালিত বিচারের নামে এ প্রহসন বন্ধ করে সরকার দেশকে বিভেদের হাত থেকে রক্ষা করবে।’