একাত্তরের পরাজিত শক্তিই সংখ্যালঘু: হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ
বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীসহ সব সম্প্রদায়ের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা সংখ্যাগুরু, আর একাত্তরের পরাজিত শক্তিই মূলত সংখ্যালঘু।আজ শুক্রবার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক অষ্টম জাতীয় সম্মেলনে এ কথা বলেন বক্তারা। সম্মেলনে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত। সম্মেলনে বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তির আবারও উত্থান ঘটেছে। দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় অসাম্প্রদায়িক শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। সম্মেলনে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা একাত্তরে যেমন পরাজিত হয়েছে, এবারও হবে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছি, তারাই বিজয়ী হব।’অনুষ্ঠানের অতিথি আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক যে অত্যাচার হয়েছে তা শুধু তাঁদের ওপর হয়নি, হয়েছে এ দেশের অসাম্প্রদায়িক শক্তির ওপর। তিনি বলেন, এ দেশের অসাম্প্রদায়িক শক্তির সম্মিলিত প্রয়াস পরাজিত করবে মানবতার শত্রুদের। মানবতার জয় হবেই। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশে “তাদের” দিন শেষ হয়ে গেছে।’ তিনি বলেন, ‘ধর্মের প্রসঙ্গ যখনই আসে, তখনই রাষ্ট্রের সরব উপস্থিতি আর দেখা যায় না। একধরনের আপসকামিতার ছাপ চোখে পড়ে।’দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংখ্যালঘুরা কারও ভোটব্যাংক নয়। তাঁরা তাদেরকেই সমর্থন করেন, যারা ধর্মনিরপেক্ষতা ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।’শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘গণতান্ত্রিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল। যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। কিন্তু পরবর্তীকালে মুক্তিযুদ্ধের এই চেতনার অনেক কিছু থেকেই আমরা দূরে চলে গেছি। কিছু কিছু সাম্প্রদায়িক ঘটনা আমাদের ওপর কলঙ্ক লেপন করেছে। সেগুলো মোচন করা দরকার। অতীতে যেসব সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, সেগুলোর যাতে পুনরাবৃত্তি না ঘটে। এ ঘটনাগুলোর জন্য আমি লজ্জাবোধ করি।’এম কে আনোয়ারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আমরা ২০০১ এর নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনার কথা ভুলিনি।’ তিনি সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলায় বিএনপির জড়িত থাকার অভিযোগ এনে বলেন, ‘তাঁরা সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝারার ভূমিকা নিয়েছেন। এই নীতি বাদ দিতে হবে।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বলেন, ‘ধর্মনিরপেক্ষ আদর্শ যদি ধ্বংস হয়, তবে আমি বলে দিলাম, বাংলাদেশ থাকবে না।’সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার প্রমুখ।কমিটি গঠনসম্মেলনে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনজন। তাঁরা হলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন রানা দাশগুপ্ত।