একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই সাম্রাজ্যবাদী শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন।‘ইতিহাসে বঙ্গবন্ধুর ভূমিকা ও আজকের কর্তব্য’ শীর্ষক এই আলোচনা আজ সোমবার পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সংবিধানের চতুর্থ সংশোধনীর (বাকশাল গঠন) জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই তাঁকে হত্যা করা হয়।সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, মহাত্মা গান্ধী ও জওহর লাল নেহেরুর চক্রান্তের কারণে নেতাজি সুভাস বসু যা করতে পারেননি, বঙ্গবন্ধু বাঙালির জন্য তা করেছেন। এখন শেখ হাসিনা যদি বঙ্গবন্ধুর আদর্শ সংবিধানের চার মূলনীতি এবং একাত্তরের চেতনা বাদ দিয়ে জিয়াউর রহমানের ‘বিসমিল্লাহ’ এবং এরশাদের ‘ইসলাম’ (রাষ্ট্রধর্ম) এর পতাকা তুলে ধরেন, তাঁর বিরুদ্ধে কমিউনিস্টরা সংগ্রাম করে যাবেন।বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আজকের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। আজকের আওয়ামী লীগ ঘুণে ধরা, সাম্রাজ্যবাদের সঙ্গে আঁতাত করা এবং ছলেবলে ক্ষমতায় টিকে থাকার আওয়ামী লীগ।ভারতে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর দুই খুনিকে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক তত্পরতা চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রত্যক্ষ খুনিদের বিচার হয়েছে। কিন্তু খুনের পেছনে পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে। এ জন্য সরকারকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে হবে। মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা দিবালোক সিংহ ও জাহিদ হোসেন।