যারা একাত্তরে নিরীহ বাঙালিদের ওপর হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের এখন বিচার হচ্ছে। ২০১৩ সালের তরুণ প্রজন্মের যুদ্ধে যারা নিরীহ মানুষের ওপর হামলা করছে, তাদেরও একদিন বিচার হবে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার গতকাল রোববার এ আশাবাদ ব্যক্ত করেন। যারা হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা করছে, তাদের চিহ্নিত করে নাম তালিকাভুক্ত করে রাখার জন্যও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।শাহবাগের বাইরে রায়েরবাজার, মিরপুর ও মতিঝিলের পর গণজাগরণ মঞ্চের চতুর্থ সমাবেশ হলো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে। মঞ্চের আন্দোলনের ২৭তম দিনে গতকাল অনুষ্ঠিত এ সমাবেশে দেশজুড়ে জামায়াত-শিবিরের তাণ্ডবে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাম্প্রতিক কয়েকটি হরতালের দিনের মতো আজও সকাল ১০টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে হরতালবিরোধী মিছিলের কথা ঘোষণা করা হয়েছে। আর আগামীকাল মঙ্গলবার বেলা তিনটায় রাজধানীর যাত্রাবাড়ীতে জাগরণ সমাবেশ হবে। আবদুল কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ গত ৫ ফেব্রুয়ারি থেকে গণজাগরণ মঞ্চের লাগাতার আন্দোলন চলছে। সিপাহি বিদ্রোহের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের সমাবেশে শেষ বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার। তিনি সারা দেশে চলমান তাণ্ডব ও সাম্প্রদায়িক হামলার তীব্র সমালোচনা করে হামলাকারীদের ‘নব্য রাজাকার’ আখ্যা দেন। বেলা তিনটা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ। শুরুতেই পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়ার পর গত কয়েক দিনে জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ঘেঁষে দাঁড় করানো দুটি ট্রাকের ওপর মঞ্চ তৈরি করা হয়। বেলা দুইটার পর থেকেই বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে সমাবেশে। সমাবেশের পুরোভাগে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। মিছিল নিয়ে এসে যোগ দেন সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থীরা। সংহতি জানান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র-শিক্ষার্থীরা। কবি নজরুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আসেন তাঁদের অধ্যক্ষের নেতৃত্বে। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আসেন মিছিল নিয়ে। মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কয়েকটি মিছিল আসে আশপাশের এলাকা থেকে। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও স্থানীয় নেতা-কর্মীরাও সমাবেশে মিছিল নিয়ে এসে যোগ দেন। সদরঘাটের ঘাট শ্রমিকেরাও যোগ দেন মিছিল নিয়ে। বেলা তিনটা বাজার আগেই হাজার হাজার মানুষের স্লোগানে সরব হয়ে ওঠে পুরো এলাকা। আগে থেকেই চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচী ও সমগীতের শিল্পীরা দেশাত্মবোধক ও গণসংগীতে মাতিয়ে রাখেন সমবেত লোকজনকে। হত্যাকাণ্ডের শিকার ব্লগার রাজীব হায়দারের খুনিদের কোনো আইনগত সহায়তা না দেওয়ার ঘোষণা দেয় সংহতি জানাতে আসা ঢাকা আইনজীবী সমিতি। মঞ্চে দেওয়া বক্তব্যে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি নজিবুল্লা বলেন, ‘তরুণদের কারণেই ঘুমিয়ে থাকা রক্ত পুনর্জাগরিত হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত, আমাদের আইনজীবী সমাজ তাদের বিরুদ্ধে আইনি লড়াই করছে। কিন্তু রাজীবকে যারা হত্যা করেছে, তাদের ঢাকা আইনজীবী সমিতি কোনো আইনগত সহায়তা দেবে না। যতক্ষণ অপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হবে, ততক্ষণ আইনজীবী সমিতি তরুণসমাজের পাশে থাকবে।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, নতুন প্রজন্ম যে আগুনের প্রজ্বালন করেছে, বাংলার শিক্ষকসমাজ তা ছড়িয়ে দেবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল আলম বলেন, স্বাধীনতার মূল্যবোধকে পুনর্জাগরিত করেছে এই তরুণসমাজ।সমাবেশে ছাত্রনেতাদের মধ্যে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ফেডারেশনের সভাপতি পথিক সাহা, জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান, ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।গণজাগরণ মঞ্চ থেকে বিরোধীদলীয় নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে বিএনপি থেকে যে অভিযোগ তোলা হয়েছে, এইচ এম বদিউজ্জামান তা প্রত্যাখ্যান করে বলেন, ‘রিজভী সাহেবদের বলি, দয়া করে মিথ্যাচার করবেন না। মিথ্যুকদের জনগণ আর ঠাঁই দেবে না।’সর্বশেষ বক্তা জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘বিভ্রান্তি ছড়ানোর জন্য যাঁরা শাহবাগ না সরকার, কে বেশি শক্তিশালী—এ কূটতর্ক ছড়াচ্ছেন, তাঁদের সতর্ক করে দিয়ে বলতে চাই, অবশ্যই শাহবাগ শক্তিশালী।’ ইমরান সরকার শাহবাগকে ‘জনগণের ঐক্যের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেন।জাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো যুদ্ধাপরাধী চক্র রয়ে গেছে। জামায়াতে ইসলামীর প্রচার সেক্রেটারি তাসনিম আলম প্রেসক্লাবের সদস্য রয়ে যাওয়ায় বিস্ময় প্রকাশ করে তাঁর সদস্যপদ বাতিলের জন্য প্রেসক্লাবের নেতাদের অনুরোধ করেন তিনি।কর্মসূচি: সমাবেশ থেকে জানানো হয়, আজও সকাল ১০টায় শাহবাগ থেকে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে মিছিল বের হবে। যাত্রাবাড়ীর পূর্বঘোষিত সমাবেশটি হবে আগামীকাল বেলা তিনটায়। এ ছাড়া ঐতিহাসিক সাতই মার্চ বেলা তিনটায় সোহ্রাওয়ার্দী উদ্যানে জাগরণ মহাসমাবেশ হবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বেলা তিনটায় প্রজন্ম চত্বরে নারী জাগরণী সমাবেশ হবে। ওই দিন শাহবাগের গণজাগরণ মঞ্চ নারীদের জন্য উন্মুক্ত থাকবে। নারীরাই সমাবেশটি পরিচালনা করবেন। দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সব নারী সংগঠন ও কর্মজীবী নারীদের সংগঠনকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।