একাত্তরের মতো পুলিশ ও সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে জামায়াতে ইসলামী ও পাকিস্তানি হানাদার বাহিনীর প্রথম লক্ষ্যবস্তু ছিল পুলিশ ও সংখ্যালঘু সম্প্রদায়। বিএনপিকে সঙ্গে নিয়ে জামায়াত এবারও একই কৌশলে পুলিশ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে আজ রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় সাংসদেরা এসব কথা বলেন। তাঁরা জামায়াত-শিবিরের বিরুদ্ধে একাত্তরের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি আহ্বান জানান। সাংসদেরা বলেন, জামায়াতকে খুশি করতে বিরোধীদলীয় নেতা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করছেন না। কারণ, জামায়াতের ডাকা হরতাল কর্মসূচি ভেঙে তাঁকে প্রণবের সঙ্গে দেখা করতে হবে। ৩ থেকে ৫ মার্চ প্রণব মুখার্জি বাংলাদেশে অবস্থান করবেন জেনেই খালেদা হরতাল দিয়েছেন। অনির্ধারিত এ আলোচনার সূত্রপাত করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এরপর শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্তসহ আরও অনেকে এ বিষয়ে কথা বলেন।মেনন বলেন, সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আপিলের সুযোগ থাকার পরও দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে তাণ্ডব চালাচ্ছে। একাত্তরে একই ঘটনা দেখা গিয়েছিল। সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে এবার তারা মানবতাবিরোধী অপরাধের বিচারকাজকে বাধাগ্রস্ত করতে চায়। মেনন বলেন, খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে এসে সংবাদ সম্মেলনে জামায়াত-শিবিরের তাণ্ডবকে পাশ কাটিয়ে সহিংসতায় নিহত হওয়ার ঘটনাকে ‘গণহত্যা’ বলেছেন। তিনি একাত্তরের ২৫ মার্চের গণহত্যা দেখেননি। এই বক্তব্যের মাধ্যমে তিনি একাত্তরের গণহত্যাকারীদের আড়াল করার চেষ্টা করছেন।তোফায়েল আহমেদ বলেন, ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া সংসদ স্থগিত করে বাঙালিদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং গণহত্যার বীজ বপন করেছিল। সে দিনটিকে খালেদা জিয়া তাঁর সংবাদ সম্মেলনের জন্য বেছে নিয়ে বাঙালির বিরুদ্ধে আরেকটি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। একাত্তরের মতো এবারও তাদের প্রধান লক্ষ্য পুলিশ ও সংখ্যালঘু সম্প্রদায়। সংবাদ সম্মেলনে তিনি জাতীয় পতাকা ও মসজিদের কার্পেট পোড়ানো এবং শহীদ মিনার ভাঙার ব্যাপারে একটি কথাও বলেননি।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী যে দল জঙ্গি তত্পরতা চালাবে, তাদের নিষিদ্ধ করা যাবে। প্রশ্ন হলো, এত অরাজকতার পরও কেন এখন পর্যন্ত জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়নি। এ জন্য সরকারের নির্বাহী আদেশই যথেষ্ট, কোনো আদালতের অপেক্ষায় থাকার দরকার নেই।শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘খালেদা জিয়া জামায়াতের আমিরের দায়িত্ব নিয়েছেন। সাম্প্রদায়িক উসকানি দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ ব্যাহত করতে খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে দেশব্যাপী তাণ্ডব চালাচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের লেখা প্রেস রিলিজ পাঠ করেছেন। তিনি চান আমরা যেন আক্রমণ করি। তাতে দেশে গৃহযুদ্ধ বাধবে। কিন্তু আমরা তা করব না। তাঁর এই কাজ রাষ্ট্রদ্রোহ অপরাধের শামিল।’ আবদুল মান্নান বলেন, ‘নাশকতামূলক কাজে উসকাানি দিয়ে খালেদা জিয়া কাণ্ডারিবিহীন জামায়াতের কাণ্ডারির দায়িত্ব নিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধকে তথাকথিত মুক্তিযুদ্ধ বলেছেন। তার মানে তিনি একাত্তরেও যুদ্ধাপরাধীদের পক্ষে ছিলেন, এখন তাদের নেতৃত্বে দেশে নারকীয় কাণ্ড ঘটিয়ে চলেছেন। এ কাণ্ড একাত্তরকে হার মানিয়েছে।’ মান্নান আরও বলেন, ‘চাঁদের বুকে নাকি সাঈদীর ছবি দেখা গেছে, ধর্মীয় এই উন্মাদনা ছড়িয়ে আজ ভোরে বগুড়ার চারটি পুলিশ ফাঁড়ি, আমার বাড়ি ও বগুড়া আওয়ামী লীগের সভাপতির বাড়ি, টেলিভিশন চ্যানেলসহ বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে।’ অনির্ধারিত আলোচনায় আরও অংশ নেন মইন উদ্দীন খান বাদল। এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।