একাত্তরের শরণার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনাতেই সৃষ্টি হয় শরণার্থী-সমস্যা। আর তা দ্রুত দক্ষিণ এশীয় আঞ্চলিক প্রসঙ্গ থেকে আন্তর্জাতিক সংকটে রূপান্তরিত হয়। আত্মনিয়ন্ত্রণাধিকার ও স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বিপুল মানুষ কোথাও বাস্তুচ্যুত হয়নি। ২৫ মার্চের মধ্যরাতে বাঙালি নিধনযজ্ঞ শুরু হলে প্রাণভয়ে ও নিরাপত্তার সন্ধানে লাখ লাখ মানুষ বিভিন্ন পথে পাশের দেশ ভারতের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে আশ্রয় নেয়। শরণার্থীদের বড় অংশ আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গে; বাকিরা ত্রিপুরা ও আসামে। অবস্থা এতটাই নাজুক হয়ে পড়ে যে, ১৯৭১ সালে শরণার্থীদের সংখ্যা ত্রিপুরার মোট জনসংখ্যার সমান হয়ে যায়। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত শরণার্থীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে ৯৮ লাখ ৯৯ হাজার ৩০৫ জনে এসে দাঁড়ায়। শরণার্থীদের সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল হিন্দু। আগস্ট ১৯৭১ পর্যন্ত হিন্দুদের সংখ্যা ছিল ৬৯ লাখ ৭১ হাজার এবং মুসলিম ও অন্য ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় ছয় লাখ।শরণার্থী শিবিরগুলোতে ছিল খাদ্য, পানীয় জল, ওষুধপত্র, কলেরা মহামারি ইত্যাদি সমস্যার ব্যাপকতা। ১৯৭১ সালে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান প্রিন্স সদরুদ্দিন আগা খান শরণার্থী-সমস্যাকে জাতিসংঘের সামনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন। জাতিসংঘ বাংলাদেশ-সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে তেমন কিছু করতে পারেনি। তবে শরণার্থী বিষয়ে জাতিসংঘ প্রত্যক্ষভাবে জড়িয়ে গিয়েছিল। বস্তুত, জাতিসংঘ সৃষ্টির পর বাংলাদেশ-সংকটে জাতিসংঘ সবচেয়ে বড় মানবিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছিল। সত্য হলো, শরণার্থী ইস্যুর ব্যাপকতাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সহানুভূতির জন্ম দিয়েছিল। ভারতও শরণার্থীদের কারণেই বাঙালিদের মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে।শরণার্থীদের নিয়ে সরকারি পর্যায়ে ভারতের নীতির প্রধান দুটি দিক ছিল। প্রথমত, মানবিক কারণ। দ্বিতীয়ত, জাতীয় স্বার্থ। অবশ্য ভারতের সুশীল সমাজের প্রতিক্রিয়া ছিল একান্তই মানবিক। ৮ মে ভারতের পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা জাতির উদ্দেশে এক বিবৃতিতে শরণার্থী-সমস্যাকে জাতীয় সমস্যা উল্লেখ করে বলেন, এমন অবস্থা সৃষ্টি করতে হবে, যাতে শরণার্থীরা পূর্ববঙ্গে ফিরে যেতে পারে। এর পরই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৬ মে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় বেশ কিছু শরণার্থীশিবির পরিদর্শন করেন। ১৮ মে রানীক্ষেতে এক জনসভায় ভাষণদানকালে ইন্দিরা গান্ধী শরণার্থী-সমস্যার ব্যাপকতা অনুধাবনের জন্য বিশ্বের বৃহৎ শক্তিগুলোর প্রতি আহ্বান জানান।প্রধানত, দুটি লক্ষ্য সামনে রেখে ভারত শরণার্থী বিষয়ে নীতি প্রণয়ন করেছিল। ১. বাংলাদেশ-সংকটের আন্তর্জাতিকীকরণ ও হস্তক্ষেপের পটভূমি তৈরি এবং ২. জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে সাহায্য গ্রহণ। প্রথম লক্ষ্যটি ছিল সুস্পষ্ট। ভারতীয় সংবাদমাধ্যম ও সরকার বহির্বিশ্বে জোরালো প্রচারণায় অংশ নেয়। ভারত যুক্তি দেখায় যে পাকিস্তান তার বেসামরিক নাগরিকদের ভারতে ঠেলে দিয়ে তার অর্থনীতিতে মারাত্মক চাপ সৃষ্টি করেছে। ভারত এই ‘সিভিল আগ্রাসন’-এর পাল্টা ব্যবস্থা হিসেবে প্রতি-আক্রমণের হুমকি দেয়, আন্তর্জাতিক আইনে যাকে বলে আত্মরক্ষার্থে প্রতি-আক্রমণ।ভারত শরণার্থীদের নিজে যেমন সাহায্য করেছে, তেমনি শরণার্থীদের জন্য এসেছে আন্তর্জাতিক সাহায্য। জুন ১৯৭১ পর্যন্ত জাতিসংঘ ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত ও প্রতিশ্রুত সাহায্যের পরিমাণ ছিল ২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। জাতিসংঘের ইতিহাসে এটা ছিল আকাশপথে সবচেয়ে বৃহৎ সাহায্য। এ ছাড়া যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো সাহায্য পাঠায়। ভারত তার নিজস্ব কোষাগার থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ শরণার্থীদের জন্য ব্যয় করে। এ জন্য ভারতীয় জনগণকে ১৯৭১-৭২ সালে কর দিতে হয়।ভারতে শরণার্থীদের অস্বাভাবিক আগমনে পরিস্থিতি নাজুক হয়ে ওঠে। শরণার্থী শিবিরগুলো পূর্ণ হওয়ায় অন্যরা খোলা আকাশের নিচে, রাস্তায়, ফুটপাতে ও রেলস্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ত্রিপুরায় ১৪ লাখ শরণার্থী আশ্রয় নেয়, যা গোটা রাজ্যের মোট জনসংখ্যার সমান ছিল। সেখানে স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। সন্তানদের চরম ক্ষতি স্বীকার করেও অভিভাবকেরা শরণার্থীদের ঠাঁইহীন করতে চাননি।ব্রিটেনের সানডে টাইমস ১৩ জুন ১৯৭১ সংখ্যায় ‘দুঃখের মিছিল’ শিরোনামে শরণার্থীদের মর্মস্পর্শী বিবরণ তুলে ধরে: ‘ভারত ও পাকিস্তান সীমান্তের একটি কর্দমাক্ত শহর বারাসাত। এর স্বাভাবিক জনসংখ্যা ২১ হাজার। এশীয় মানদণ্ডে বিচার করলে এখানকার হাসপাতালটি কোনো রকমে এই অধিবাসীদের চিকিৎসা ও স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারে। গত সপ্তাহে দেড়-দুই লাখ লোক বানের জলের মতো বারাসাত শহরে ঢুকে পড়েছে। তারা শহরের চারদিকে ধানি জমিতে গিজগিজ করছে। স্কুল, কলেজ, সিনেমা হলে এবং পতিত জমিতে এদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।...হাসপাতালের প্রধান ঘরটির পেছনে কলেরা বিভাগ। এতে বিছানা নেই। পাকা মেঝের ওপর ধাতব পাতে রোগীরা শোয়...চারজন লোক মৃতদেহগুলোকে নিয়ে যাচ্ছে।’বিভিন্ন হিসাবে দেখা যায়, কেবল জুন মাসেই কলেরায় মারা গেছে ৩০ হাজার শরণার্থী। শরণার্থীদের এই করুণ চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হলে একদিকে বাঙালিদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি হতে থাকে, অন্যদিকে পাকিস্তান সামরিক জান্তা নিন্দিত হয়। এ অবস্থায় ২১ মে প্রেসিডেন্ট ইয়াহিয়া ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের ফিরে আসার আহ্বান জানান। ঢাকায় নিযুক্ত জাতিসংঘ শরণার্থী সংস্থার কর্মকর্তা জন আর কেলি গোপনে জাতিসংঘের কাছে সুপারিশ করে বলেন, পূর্ব পাকিস্তানে শরণার্থীদের ফিরে আসার কোনো পরিবেশ নেই।সরকারিভাবে মার্কিন নীতি পাকিস্তানঘেঁষা থাকলেও জনমতের চাপে নিক্সন প্রশাসন শরণার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। সিনেটে শরণার্থী বিষয়ে একটি সাব-কমিটি গঠিত হয়, যার চেয়ারম্যান ছিলেন সিনেটর এডওয়ার্ড কেনেডি। তিনি ৩ মে সিনেটে দেওয়া এক সুদীর্ঘ ভাষণে বাংলাদেশের শরণার্থীদের মানবিক সাহায্য দেওয়ার আবেদন জানান। কেনেডি আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফর করেন এবং পাঁচ দিন পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ অন্যান্য রাজ্যে শরণার্থীশিবির পরিদর্শন শেষে শরণার্থীদের অবস্থাকে ‘সর্ববৃহৎ মানবিক ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি শরণার্থীদের ত্রাণ কার্যক্রমের জন্য ৪০০ মিলিয়ন ডলারের বরাদ্দ চেয়ে বিল উত্থাপন করেন। তবে প্রেসিডেন্ট নিক্সন শেষ পর্যন্ত ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করেন।সোভিয়েত সরকার এবং সেখানকার জনগণও শরণার্থীদের মানবিক সাহায্য দিতে এগিয়ে আসে। বিশেষ করে সোভিয়েত সরকার খাদ্য, ওষুধ ও কাপড় সরবরাহ করে এবং অ্যারোফ্লাইটের বিমানগুলো শরণার্থীদের পরিবহনে ব্যবহূত হয়। সোভিয়েত সংবাদমাধ্যম, নারী কমিটি, রেডক্রস, ট্রেড ইউনিয়নগুলো, শিশু ও যুব সংগঠন—সবাই শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসে।সরকারিভাবে ব্রিটেন সাবধানী নীতি গ্রহণ করলেও শরণার্থীদের সাহায্য দিতে কার্পণ্য করেনি। ব্রিটিশ মিডিয়া শরণার্থীদের বিষয়টিকে আন্তর্জাতিক ক্ষেত্রে উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশ স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম ভারত ও পূর্ব বাংলায় শরণার্থী বিষয়ে ত্রাণ কার্যক্রমে অংশ নেয়।মানবজাতির সর্ববৃহৎ সংস্থা জাতিসংঘ শরণার্থী সংস্থা সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘে বিষয়টি অবশ্য ভারত প্রথম উত্থাপন করে। ২৩ এপ্রিল জাতিসংঘে ভারতীয় স্থায়ী প্রতিনিধি সমর সেন শরণার্থীদের জন্য সহায়তা কামনা করেন। সমর সেনের এ অনুরোধের পর ১৯ মে জাতিসংঘের মহাসচিব উ-থান্ট জাতিসংঘের পক্ষ থেকে বিভিন্ন দেশের সরকার, বেসরকারি সংস্থা ও জনগণের প্রতি ভারতে আশ্রিত বাঙালি শরণার্থীদের সাহায্য দেওয়ার আবেদন জানান। মহাসচিবের এ আবেদনের পর বাংলাদেশ-সংকট আন্তর্জাতিক রূপ নেয়।১৯৭১ সালে ঢাকায় দায়িত্ব পালনকারী পাকিস্তানি আমলা হাসান জহির লিখেছেন যে পূর্ব পাকিস্তান-সংকট আন্তর্জাতিক রূপ নেবে—এ আশঙ্কায় পূর্ব বাংলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ত্রাণ কার্যক্রমকে অনুমতি দেননি; বরং পাকিস্তান বিষয়টিকে তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে। কিন্তু দুর্ভিক্ষের পদধ্বনির মুখে ইয়াহিয়ার নীতিতে নাটকীয় পরিবর্তন হয়। ১৯৭১-৭২ সালে ২০ লাখ টন খাদ্যঘাটতি অনুমান করা হয়। পাকিস্তানি সেনাদের অগ্নিসংযোগ ও লুটতরাজে খাদ্যশস্য বিনষ্ট হয়। মেহনতি মানুষ শান্তিপূর্ণ ও ভয়হীন চিত্তে ফসল উৎপাদন করতে পারেনি এবং অনেকেই খেতের ফসল রেখে পালিয়ে যায়। কাজেই সম্ভাব্য দুর্ভিক্ষ রোধে জাতিসংঘের ত্রাণ ছিল পাকিস্তানি জান্তার জন্য একমাত্র বিকল্প।একাত্তরের শরণার্থীদের প্রায় ৯০ শতাংশ ছিল হিন্দু। এর কারণ স্পষ্ট। পাকিস্তানি জান্তার নীতি ছিল হিন্দুদের হত্যা করে ও ভয় দেখিয়ে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে ভারতে ঠেলে দেওয়া। এভাবে পূর্ব বাংলায় জনসংখ্যার ২০ শতাংশকে তাড়িয়ে দিতে পারলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার অনুপাত সমান হয়ে যেত। এটি ছিল একটি সনাতন ও নিকৃষ্ট সামরিক কৌশল। কিন্তু পাকিস্তানের এই কৌশল বুমেরাং হয়ে দেখা দিয়েছিল। শরণার্থী নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে সহানুভূতি সৃষ্টি হয়। শরণার্থীর জন্য ভারতীয় অর্থনীতি যে প্রবল চাপে—এই যুক্তিও আন্তর্জাতিক অঙ্গনে ভারত দক্ষতার সঙ্গে তুলে ধরতে সক্ষম হয়। ফলে ডিসেম্বরে চূড়ান্ত সময়ে বাংলাদেশ-ভারত বাহিনী ঢাকার দিকে অগ্রসর হলে আন্তর্জাতিক অঙ্গনে খুব একটা হইচই হয়নি। বরং বাঙালিদের ন্যায়সংগত স্বাধীনতাসংগ্রামের একটি চূড়ান্ত সমাধান হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তি ফেরে।আশফাক হোসেন: সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।