একাত্তরের ৩১ ডিসেম্বর কামারুজ্জামানের গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ৩১ ডিসেম্বর ১৫ জন দালালের সঙ্গে আলবদরের নেতা কামারুজ্জামানের গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছিল বলে জবানবন্দিতে বলেছেন আবদুর রাজ্জাক খান। তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা।এই মামলায় রাষ্ট্রপক্ষের ১৮তম ও শেষ সাক্ষী হিসেবে আবদুর রাজ্জাক খান গতকাল সোমবার জবানবন্দি দেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে আবদুর রাজ্জাক খান বলেন, গত বছরের ৮ মার্চ বাংলা একাডেমী থেকে তিনি একাত্তরের ৩১ ডিসেম্বর প্রকাশিত দুটি দৈনিক পত্রিকার প্রতিবেদনের ক্লিপিং ও ছায়ালিপি জব্দ করেন। একাত্তরের ৩১ ডিসেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রথম কলামে ‘দীন মোহাম্মদসহ আরো ১৫ জন দালাল গ্রেফতার’ শীর্ষক প্রতিবেদনে আসামি কামারুজ্জামানের নাম আছে। একই দিনের দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত ‘আরো ১৫ জন দালাল গ্রেফতার’ শীর্ষক প্রতিবেদনের ছায়ালিপি জব্দ করেন, সেখানেও গ্রেপ্তারকৃতদের মধ্যে আসামি কামারুজ্জামানের নাম আছে।জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তকালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৯৭২ সালের একটি গোয়েন্দা প্রতিবেদন পান। সেখানে দালাল হিসেবে গ্রেপ্তারকৃতদের তালিকায় আসামি কামারুজ্জামানের নাম দেখেন। প্রতিবেদনের ১৪ নম্বর পৃষ্ঠার ২৮৭ নম্বর ক্রমিকে কামারুজ্জামানকে আলবদর হিসেবে উল্লেখ করা আছে। তিনি বলেন, ২০১০ সালের ২১ জুলাই তাঁকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি তদন্তের পূর্বপ্রস্তুতি হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও পটভূমি এবং দৈনিক সংগ্রামসহ অন্যান্য পত্রিকা পর্যালোচনা করেন। এ সময় তাঁর ধারণা হয়, কামারুজ্জামান তৎকালীন ময়মনসিংহ জেলার ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি হিসেবে ময়মনসিংহ ও শেরপুরে গণহত্যা, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে তিনি তদন্ত শেষে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।জবানবন্দিতে আবদুর রাজ্জাক খান রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের তারিখ, স্থান প্রভৃতি তুলে ধরেন। তদন্তকালে তিনি কোন কোন স্থানে গিয়েছেন, তা-ও উল্লেখ করেন।জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।আসামিপক্ষের প্রথম সাক্ষীকে জেরা শেষ: এদিকে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল আসামিপক্ষের প্রথম সাক্ষী আবদুল্লাহহিল আমান আযমীকে জেরা শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আযমী সাবেক সেনা কর্মকর্তা ও গোলাম আযমের ছেলে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল আযমীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি মত (সাজেশন) দেন, ‘আপনার বাবা একজন আত্মস্বীকৃত মানবতাবিরোধী অপরাধী। বিষয়টি আপনি জানার পরও তা ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন।’ জবাবে আযমী বলেন, ‘এটা সত্য নয়।’বিকেলে জেরা শেষ হলে এই মামলায় আসামিপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। ওই দিন আসামিপক্ষকে দুজন সাক্ষী হাজির রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।