শিক্ষা মন্ত্রণালয় একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এবারও ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ভর্তির আবেদনের শেষ তারিখ ১০ জুন।প্রকাশিত নীতিমালা অনুযায়ী জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ক্ষেত্রে সব বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ধরে ক্রমান্বয়ে ৪০ পয়েন্ট পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞান বিভাগে সমান পয়েন্ট অর্জনের বিষয় নিষ্পত্তির জন্য সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে পাঁচ পয়েন্ট পাওয়াদের অগ্রাধিকার দিতে হবে। এরপরও সমস্যা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ ও রসায়ন বিষয়ের গ্রেড পয়েন্ট অগ্রাধিকার পাবে। একইভাবে মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ের গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে। এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মোট পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে। এতেও বিষয়টি নিষ্পত্তি না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে নির্ধারিত ফরমে আবেদন করে প্রার্থীদের পারস্পরিক মেধাক্রম সংগ্রহ করে প্রার্থী বাছাই করবে। শিক্ষা বোর্ড কম্পিউটারকেন্দ্রের যেকোনো নির্দেশনা www.educationboard.gov.bd ও www.dhakaeducationboard.gov.bd-এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। ই-মেইলে যোগাযোগের জন্য [email protected] ঠিকানা ব্যবহার করতে হবে। নীতিমালায় যা-ই থাকুক না কেন, নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ প্রার্থীরা অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। সমমেধার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানকে অগ্রাধিকার দিতে হবে।বিভাগীয় ও জেলা সদরের কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৮৮ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং বাকি ১২ শতাংশ আসনের মধ্যে সাত শতাংশ বিভাগীয় সদরের বাইরের যেকোনো অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ও পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য সংরক্ষিত থাকবে। ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে। সব প্রতিষ্ঠান ১৭ জুন একযোগে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক নম্বরপত্র ও প্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষকে ভর্তিসংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ভর্তির সব কার্যক্রম যথাসম্ভব অনলাইনে সম্পন্ন করতে হবে। ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন ফরম বাবদ ১০ টাকা ও ভর্তি ব্যবস্থাপনা ব্যয়বাবদ ৫০ টাকা নেওয়া যাবে। ভর্তির সময় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা, ক্রীড়া ফি ২৫ টাকা, রোভার স্কাউট/গার্লস গাইড ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৫ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত টাকা, শাখা/বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা নেওয়া যাবে। এ ছাড়া পাঠবিরতি ফি ১০০ টাকা ও বিলম্ব ভর্তি ফি ৫০ টাকা।বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ২৮ জুন, বিলম্ব ফিসহ ভর্তি ও ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ১১ জুলাই। ক্লাস শুরু হবে ১ জুলাই।