একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য যেসব কলেজে মুঠোফোনে খুদে বার্তায় আবেদন গ্রহণ করা হয়েছিল, সেগুলোর ফল গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। তবে আদালতের নির্দেশনা থাকায় নটর ডেম কলেজে ভর্তি হতে ইচ্ছুকদের তালিকা প্রকাশ করা হয়নি। নটর ডেম কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এখন তারা নিজেদের নিয়মে ভর্তির কাজ করবে। এ জন্য গতকালই বিজ্ঞপ্তি দিয়েছে। তবে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন। এবার ৩৮৯টি কলেজে খুদে বার্তায় একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে নটর ডেম বাদে বাকি কলেজগুলোর ফল প্রকাশ করা হলো। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজগুলোর ওয়েবমেইলে তালিকা পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে তালিকা দেওয়া হবে। এ ছাড়া টেলিটক মুঠোফোনের মাধ্যমে প্রত্যেক আবেদনকারীকে তার মেধাক্রম জানিয়ে দেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, বিলম্ব ফি ছাড়া ২৮ জুন ও বিলম্ব ফিসহ ভর্তির শেষ সময় ১২ জুলাই। ক্লাস শুরু হবে ১ জুলাই।নটর ডেম কলেজে কাল পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমা: নটর ডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কলেজের কাউন্টার থেকে বিজ্ঞান শাখা এবং কাল মঙ্গলবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব শাখার ভর্তির আবেদন ফরম বিতরণ করা হবে। ফরম ও ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ১০০ টাকা দিতে হবে। ফরমটি পূরণ করে সংগ্রহের দিনই জমা দিতে হবে। ফরম পূরণের জন্য এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ইন্টারনেট প্রিন্ট আনতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট আনার প্রয়োজন নেই। ২১ জুন দৈনিক সমকাল পত্রিকায় প্রাথমিকভাবে মনোনীত ব্যক্তিদের তালিকা (আবেদন ফরমের ক্রমিক নম্বর অনুযায়ী) প্রকাশিত হবে এবং ২২ ও ২৩ জুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে হবে। ২৫ জুন চূড়ান্তভাবে মনোনীত তালিকা সমকাল পত্রিকায় প্রকাশ করা হবে। ওই দিন বিকেলে ভর্তির ফরম বিতরণ করা হবে। ২৬ ও ২৭ জুন সব টাকা পরিশোধ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নটর ডেম কলেজে আবেদন করার যোগ্যতা হলো বিজ্ঞান বিভাগে (বাংলা ও ইংরেজি মাধ্যম, উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগে জিপিএ-৩ ও ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান থেকে মানবিকে জিপিএ-৩, বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪ দশমিক ৫ ও ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে যাওয়ার জন্য জিপিএ-৩ থাকতে হবে। মানবিক থেকে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ নেই। প্রার্থী ইচ্ছা করলে একাধিক বিভাগে আবেদন করতে পারবে।স্বল্পসময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা।