ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশসহ অন্যান্য কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল রোববার ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের দিন ঢাকা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।এতে বলা হয়, হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা পেলে এ বিষয়ে সবাইকে দ্রুত জানানো হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) নিয়মিত দেখতে বলা হয়েছে।আকস্মিকভাবে ভর্তি কার্যক্রম স্থগিত করার কারণে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধান আশা করছেন। অনেক শিক্ষার্থী কলেজে গিয়েও নোটিশ দেখে হতাশ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক প্রথম আলোয় ফোন করে উদ্বেগ প্রকাশ করে বলেন, গতকাল রাজধানীর সিটি কলেজে গিয়েছিলেন সন্তানের ভর্তির বিষয়ে। কিন্তু নোটিশ দেখে হতাশ হয়ে বাড়ি ফেরেন।শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের সূত্রগুলো বলেছে, সারা দেশের কলেজগুলো শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার আলোকে জিপিএর ভিত্তিতে অনলাইনে ভর্তি করার প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু নটর ডেম কলেজ নিজস্ব নিয়মে ভর্তি করার পক্ষে। এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী নটর ডেম নিজেদের মতো করে ভর্তি কার্যক্রম শুরু করে, ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে ওই কলেজটি।শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, একটি কলেজকে কেন্দ্র করে এখন সব শিক্ষার্থী সমস্যায় পড়েছে। জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। আগামীকাল (আজ সোমবার) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। আশা করছি একটি সমাধান হবে।’ গত ১৬ মে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীর ভর্তিতে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। কিন্তু নটর ডেম কলেজ কর্তৃপক্ষ তাদের কলেজে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করতে চেয়েছিল এবং আইনি প্রক্রিয়া চলার মধ্যে পরীক্ষা নিয়েই ভর্তি সম্পন্ন করেছে।