একাদশ শ্রেণীর ভর্তি জিপিএর ভিত্তিতে, ক্লাস ২ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এবারও কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ওই শ্রেণীর ভর্তি সম্পন্ন করতে হবে। শিগগির মন্ত্রণালয় থেকে একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।ভর্তির আবেদন গ্রহণের শেষ তারিখ ৯ জুন। পুনঃপরীক্ষণের ক্ষেত্রে যাদের ফল পরিবর্তিত হবে, তাদের জন্য আবেদন গ্রহণের শেষ তারিখ ১৩ জুন। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১৯ জুন। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে ২ জুলাই।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা, ২০১১-এর চূড়ান্তকরণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিভাগীয় ও জেলা শহরের কলেজগুলোতে ৮৬ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ১৪ শতাংশের মধ্যে ৭ শতাংশ সংশ্লিষ্ট বিভাগ বা জেলা সদরের বাইরের যেকোনো অঞ্চলের শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান বা সন্তানদের সন্তানের জন্য এবং অবশিষ্ট ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহ এবং নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ধরে ক্রমান্বয়ে ৪০ পয়েন্ট পাওয়া প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হবে। কেবল বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে ৪০ পয়েন্ট পাওয়া প্রার্থীদের মধ্যে সমান পয়েন্ট অর্জনের বিষয়টি নিষ্পত্তির জন্য সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত বা জীববিজ্ঞানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এতেও সমস্যার সমাধান না হলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান ও রসায়নে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে।মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান পয়েন্ট বিবেচনায় আনা হবে। এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মোট গ্রেড পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনতে হবে। সব মিলিয়েও সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান চেয়ারম্যান, ঢাকা বোর্ড বরাবর নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পারস্পরিক মেধাক্রম সংগ্রহ করে প্রার্থী বাছাই করবে।ভর্তি নীতিমালায় যা-ই থাকুক না কেন, স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তি হতে পারবে। অনগ্রসর অঞ্চলে সহশিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার সম্প্রসারণে প্রয়োজনে ছাত্রীদের জন্য ১০ শতাংশ কোটা সংরক্ষণ করা যাবে। কারিগরি শিক্ষার ডিপ্লোমা কোর্সসমূহে ভর্তির ক্ষেত্রে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা ও ৫০ শতাংশ জিপিএর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। সব কলেজ বা উচ্চমাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা একই দিন প্রকাশ করবে। এ ছাড়া অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।সভায় জানানো হয়, এ বছর সারা দেশে কলেজসমূহে প্রায় সাড়ে ছয় লাখ আসন খালি থাকবে। এবার দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১০ লাখ ৭৫ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী পাস করেছে। দেশের কলেজগুলোতে মোট আসন আছে ১৭ লাখ ৩৪ হাজার ৩৬৬টি।সভায় আরও জানানো হয়, এ বছর ঢাকা মহানগরে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৩৮৬ এবং এখানে ২৬৪টি কলেজে মোট আসনসংখ্যা ৮৯ হাজার ৬১৩। উদ্বৃত্ত আসনসংখ্যা ৩৭ হাজার ২২৭। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবার অনলাইনে ভর্তির কার্যক্রম গ্রহণ করবে।গতকালের সভায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সচিব (কলেজ) এস এম গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকার বিভিন্ন কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।