একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিল চায় নির্বাচন কমিশন
সংসদ নির্বাচনে কোনো ব্যক্তির একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিল করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এ জন্য সংবিধানের তিনটি অনুচ্ছেদে সংশোধনী আনার প্রস্তাব করেছে কমিশন। গত বৃহস্পতিবার এ প্রস্তাব পাঠানো হয় সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের প্রস্তাব বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে গতকাল শুক্রবার সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে জানান, কমিশনের এ-সম্পর্কিত প্রস্তাবের কাগজপত্র তিনি এখনো হাতে পাননি।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, গত সংসদ নির্বাচনের সময় জনপ্রশাসনে বদলি, নির্বাচনী বিষয়ে আদালতের বিভিন্ন নির্দেশনা এবং একজন ব্যক্তির একাধিক আসনে প্রার্থী হওয়ার নেতিবাচক অভিজ্ঞতা থেকে কমিশন সংবিধান সংশোধনের সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা করা হলে আক্ষরিক অর্থে কমিশন শক্তিশালী হবে। তিনি জানান, কমিশন সংবিধানের ৫৮(ঘ), ৭১ এবং ১২৫ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করেছে।সূত্র জানিয়েছে, কমিশন সংবিধানের ৫৮(ঘ) অনুচ্ছেদ সংশোধন করে তাতে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জনপ্রশাসনে বদলিসহ নির্বাচন-সম্পর্কিত সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশনের সঙ্গে পরামর্শ করার বিধান যোগ করার সুপারিশ করেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কমিশনের সঙ্গে পরামর্শ না করে জনপ্রশাসনে বদলির কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। কমিশন মনে করে, সরকারের পক্ষ থেকে এ ধরনের বদলি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করে।সংবিধানের ৭১ অনুচ্ছেদে বলা আছে, কোনো ব্যক্তি দুই বা ততোধিক নির্বাচনী এলাকা থেকে প্রার্থী হতে পারবেন। এ বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪ ধারায় বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে প্রার্থী হতে পারবেন। কমিশন তাঁদের প্রস্তাবে একজন প্রার্থীর জন্য সর্বোচ্চ একটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ সীমাবদ্ধ রাখার কথা বলেছে। কমিশন মনে করে, জনপ্রতিনিধিদের একাধিক আসন থেকে নির্বাচিত হওয়ার পর একটি আসন রেখে বাকি আসন ছেড়ে দেওয়াটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। এতে উপনির্বাচনের জন্য সরকারকে বাড়তি টাকা ব্যয় করতে হয়।গত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আদালতের একাধিক নির্দেশনা ও স্থগিতাদেশ নির্বাচন কমিশনকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল। পৌর ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও কমিশনকে একই ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। সূত্র জানিয়েছে, কমিশন এ অবস্থা থেকে পরিত্রাণ চায়। সে জন্য তারা সংবিধানের ১২৫ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করেছে। প্রস্তাবে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত কমিশনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি সিরিয়াস। বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী এম জহির বলেন, নির্বাচন কমিশন সঠিক প্রস্তাব পাঠিয়েছে। একজন ব্যক্তি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হওয়ার কয়েক দিন পর সেই জনগণকে বর্জন করে অন্যখানে চলে যাবেন, এটা যৌক্তিক নয়।