বাংলাদেশি বিজ্ঞানীদের মৌলিক আবিষ্কার
একাধিক ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাকটেরিয়া কলেরার জীবাণু হয়
ব্যাকটেরিয়ার একটি প্রজাতি ভিব্রিও কলেরি যে কলেরার জন্য দায়ী, বিজ্ঞানীরা তা আগেই আবিষ্কার করেছেন। নতুন তথ্য হলো, ভিব্রিও কলেরি প্রাণঘাতী হয়ে ওঠে ভাইরাসের কারণে। সর্বশেষ বৈজ্ঞানিক আবিষ্কার বলছে, পর্যায়ক্রমে চার থেকে পাঁচটি ভাইরাসের দ্বারা আক্রান্ত (ইনফেকটেড) হওয়ার পর নিরীহ ব্যাকটেরিয়া প্রাণঘাতী কলেরা সৃষ্টিতে সক্ষম হয়ে ওঠে। বাংলাদেশের বিজ্ঞানী শাহ এম ফারুক ও তাঁর সহকর্মী বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ব্যাকটেরিয়া ও ভাইরাসের কোন জৈবিক প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া মারাত্মক কলেরার কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশি বিজ্ঞানীদের এই গবেষণা বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ন্যাচার-এ ২১ অক্টোবর প্রকাশিত হয়েছে।ব্যাকটেরিয়া ও ভাইরাসের ক্রিয়া-প্রতিক্রিয়ার তথ্য বিজ্ঞানীদের জানা থাকলেও একাধিক ভাইরাস কী প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়াকে কলেরার জীবাণুতে পরিণত করে, তা জানা ছিল না। সেই বিবেচনায় বাংলাদেশের বিজ্ঞানীদের এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ও মৌলিক।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মলিকুলার জেনেটিক গবেষণাগারের প্রধান ও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী শাহ এম ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমরা মূলত একটি পথ আবিষ্কার করেছি। আমরা জেনেছি, কীভাবে পর পর কয়েকটি ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে একটি ব্যাকটেরিয়া প্রাণঘাতী কলেরার জীবাণুতে পরিণত হয়।’বাংলাদেশি বিজ্ঞানীদের এই গবেষণা বিখ্যাত বিজ্ঞান সাময়িকী ন্যাচার-এ ২১ অক্টোবর প্রকাশিত হয়েছে। তিন বছর ধরে চলা এই গবেষণায় আরও যুক্ত ছিলেন আইসিডিডিআরবির বিজ্ঞানী ফায়জুল হাসান, এম কামরুজ্জামান এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের জন জে ম্যাকালানোস। গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের ফলে কলেরা বা ডায়রিয়ার কার্যকর টিকা তৈরি সহজ হবে। এ ছাড়া পানি পরীক্ষা করে ডায়রিয়া বিস্তারের আগাম সতর্কবার্তাও দেওয়া সম্ভব হবে।আবিষ্কৃত পথ: শাহ এম ফারুক বলেন, প্রকৃতিতে শত শত প্রজাতির ব্যাকটেরিয়া ও ভাইরাস বিচরণ করে। ব্যাকটেরিয়া বা ভিব্রিও কলেরিকে আক্রান্ত করে বিশেষ প্রজাতির ভাইরাস। বিজ্ঞানীরা এই ভাইরাসের নাম দিয়েছেন টিএলসি ফাজ। প্রথমে টিএলসি ফাজ (ভাইরাস) দ্বারা আক্রান্ত হওয়ার পর ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে পরিবর্তন ঘটে। এ রকম আরও কয়েকটি ভাইরাসে আক্রান্ত হয় ব্যাকটেরিয়াটি এবং তার ক্রোমোজোমে পরিবর্তন ঘটতে থাকে। এই পরিবর্তন সূক্ষ্ম ও জটিল। পরিবর্তনের কারণে অন্য আরেকটি বিষাক্ত ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। এই সুযোগে সিটিএক্স ফাজ (আরেকটি ভাইরাস) ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। সিটিএক্স ফাজ বিষাক্ত। এভাবে আপাত নিরীহ ভিব্রিও কলেরি ভয়াবহ কলেরার জীবাণুতে পরিণত হয়।কী লাভ: এই বৈজ্ঞানিক আবিষ্কার থেকে কার কী লাভ হবে? সাধারণ মানুষের কী উপকার হবে? এসব প্রশ্নের উত্তরে শাহ এম ফারুক বলেন, এই আবিষ্কার থেকে কলেরার টিকা আবিষ্কার সহজ হবে যার উপকার পাবে এশিয়া ও আফ্রিকার মানুষ। তিনি বলেন, মানুষের ব্যবহার্য পানি পরীক্ষা করে বলা যাবে পানিতে ভিব্রিও কলেরি কী অবস্থায় আছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে কলেরার হাত থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।শাহ এম ফারুক আরও বলেন, এই গবেষণার পুরোটাই হয়েছে বাংলাদেশে। এই গবেষণার একাডেমিক গুরুত্ব অনেক বেশি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য রোগের জীবাণুর গতি-প্রকৃতি নির্ণয় নিয়ে গবেষণার কাজ সহজ হবে। তা ছাড়া এই আবিষ্কারের ফলে আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।