একুশে, ইংরেজি ও নৈতিকতা
বাংলা বর্ষপঞ্জিতে একুশে ফেব্রুয়ারির একটা বিশিষ্ট্য স্থান আছে। এ মৌসুমে বইয়ের স্টল বসে অনেক, শিক্ষার্থীরা ক্লাস প্রেজেন্টেশন করে, সহস্র মানুষ ছোটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে—বাংলা ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের উদ্দেশে শহীদ মিনারে তাঁরা অর্পণ করে ফুলের অর্ঘ্য। জাতীয় ভাষা নিয়ে আমাদের গর্ব এই মঙ্গলদিনে চারদিক ছাপিয়ে ওঠে। কিন্তু কয়েক দশক ধরে যোগাযোগের একটি আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে ক্রমশ ইংরেজির জনপ্রিয়তা বাড়ছে। এখন মনে হচ্ছে, বাংলা আবার হুমকির মুখে। ‘সত্তরের শুরুর দিকে পুরো দেশে ইংরেজি মাধ্যম স্কুল ছিল মাত্র পাঁচটি,’ বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি সৈয়দ মনজুরুল ইসলাম। ‘তখন ইংরেজিকে কেউ একটা হুমকি হিসেবে বিবেচনা করেনি।’ ১৯৯৭ সালে পপুলার জার্নাল সায়েন্স-এ ব্রিটিশ কাউন্সিল কমিশনের একটি প্রতিবেদনে ডেভিড গ্রেডল জানাচ্ছেন, এংকো মডেল অনুসারে ইংরেজি বাংলার চেয়ে হাজার গুণ বেশি ‘শক্তিশালী’। এংকো মডেলে কোনো ভাষার সামর্থ্য বিচার করা হয় ‘মোট ভাষা উত্পাদন’ (প্রতিটি রাষ্ট্রের উচ্চারিত ভাষাগুলোর অনুপাতে বণ্টিত সেখানকার মোট দেশজ উত্পাদন), মানব উন্নয়ন সারণি এবং যে দেশে ভাষাটি মৌখিকভাবে ব্যবহূত হচ্ছে সে দেশের জনমিতির হিসাব কষে।বিভক্ত সমাজডেভিড ক্রিস্টাল তাঁর ‘ওয়াচিং ওয়ার্ল্ড ইংলিশ গ্রো’ প্রতিবেদনে লিখেছেন, যুক্তরাষ্ট্রের ইচ্ছাধীন জাতিসংঘের প্রতিষ্ঠা, ঠান্ডাযুদ্ধের অবসান, বিশ্বায়নের উত্থান—সবকিছু মিলিয়ে ‘বিশ্ব ইংরেজি’ একটি ‘রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা’য় পরিণত হয়েছে। অতীতের ল্যাটিন-শাসিত দুনিয়ায় সতেরো থেকে উনিশ শতক অবধি ফরাসি ছিল কূটনীতির ভাষা। আর এখন ‘ইংরেজি এই পৃথিবীর ভাষাতাত্ত্বিক হেভিওয়েট চ্যাম্পিয়ন’, এর ক্ষমতা এখন পরম।একদিকে জন্মসূত্রে যাদের ভাষা ইংরেজি তারা একভাষী সমাজে সাংস্কৃতিক উত্তরাধিকারের সৌভাগ্য উদ্যাপন করছে, স্বপ্ন দেখছে আরেকটি বাবেলের মিনার গড়ে তোলার; তার সঙ্গে কিছুটা হিপি আর করপোরেট অনুষঙ্গের রং চড়িয়ে তাদের ভাষা গোটা পৃথিবীকে ‘একাট্টা’ করছে। অন্যদিকে, বাদবাকি বিশ্বে ইংরেজির শ্রেষ্ঠত্ব সমাজকে ভেঙে দিচ্ছে দুই ভাগে—যারা ইংরেজি জানে, আর যারা জানে না। কার্যত এই ভাগটা হচ্ছে—যাদের ইংরেজি শেখার সামর্থ্য আছে, আর যাদের নেই। এই দশা বাংলাদেশের চেয়ে স্পষ্ট করে আর কোথাও বোঝা যায় না। এখানে এই ভাষিক সাম্রাজ্যবাদ কিছুটা পরিহাসের আভাস নিয়ে ফিরে এসেছে। অতীতে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর ব্যবহার বাঙালিদের পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রবেশাধিকারে বাধা সৃষ্টি করেছিল। আর এখন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোয় ইংরেজির ক্রমবর্ধমান ব্যবহার বাঙালিদের আবার সেই একই বিপাকে ঠেলে দিয়েছে। আসলে ভাষিক একনায়কের আসনে একটির জায়গায় বসেছে আরেকটি। ত্রিধারা শিক্ষাব্যবস্থা: তিনটি শ্রেণী‘আমরা একদল লোক তৈরি করছি, যারা ইংরেজি জানে। ফলে এমন একদল লোক তৈরি হচ্ছে, যারা ইংরেজি জানে না। এই ভাষিক বিভাজন আমাদের দেশে খুবই শক্তিশালী।’ বলেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। ‘আমাদের শিক্ষাব্যবস্থা তিনটি ধারায় বিভক্ত। তিনটি ধারায় অনিবার্যভাবে তিনটি আলাদা শ্রেণী তৈরি হচ্ছে।’আরবি মাধ্যম মাদ্রাসাগুলো দেখা হয় দাতব্য উদ্যোগ হিসেবে, যা টিকে থাকে দয়াধর্মের ওপর। এখানে শিক্ষায় হাতেখড়ি দেওয়া হয় গরিব ছেলেমেয়েদের, যাতে তারা দু বেলা ভাতের সংস্থান করতে পারে। বাংলা মাধ্যম স্কুলগুলোতে প্রধানত মধ্যবিত্তের ঝোঁক; এসব স্কুল থেকেই তৈরি হয় দেশের আমলা, ব্যাংকার বা প্রকৌশলী। দেশ চালাতে যে ধরনের লোক দরকার, তারা আসে মূলত বাংলা মাধ্যম স্কুল থেকে। দেশের নীতিনির্ধারকদের সিংহভাগ বাংলা মাধ্যম থেকে আসা। তৃতীয় ধারার ইংরেজি মাধ্যম স্কুলগুলোও যথারীতি শ্রেণীভিত্তিক। এসব স্কুল ‘সাংঘাতিক ব্যয়বহুল’। এসব স্কুলের অধিকাংশ শিক্ষার্থীই (অন্তত নাইন-ইলেভেনের আগ পর্যন্ত) দেশ ছেড়ে যায় বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। শিক্ষাব্যবস্থায় এ রকম ভিন্ন ভিন্ন পাটাতন বানিয়ে রাখার সামাজিক প্রভাব হয়েছে গভীর—আরবিভিত্তিক মাদ্রাসা, বাংলা আর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে সরাসরি সংঘাত তৈরি হয়েছে।‘আমি যখন মায়েরস্কে কাজ করতাম, তখন এটা প্রতিনিয়ত দেখেছি,’ ইংরেজি মাধ্যমের সাবেক ছাত্র এবং একটি বড় বহুজাতিক কোম্পানিতে আট বছর ধরে কর্মরত আরমান ইসলাম বললেন, ‘যোগাযোগের অজুহাতে ইংরেজি জানা ব্যবস্থাপকদের চেয়ে বাংলায় কথা বলেন এমন ব্যবস্থাপকদের গুরুত্ব দেওয়া হয় বেশি (তাঁরা কত ভালো কাজ জানেন সেটা বিবেচ্য নয়)। এমনকি আমার চাকরির ইন্টারভিউ নিয়েছিলেন একজন বিদেশি, ইংরেজিতে।’‘এভাবে আপনার মধ্যে একটা হীনম্মন্যতা তৈরি হয়। আর সেটা আপনি বয়ে বেড়ান সারা জীবন। সমাজের একটা অংশের প্রতি আপনার মধ্যে তৈরি হয় আক্রোশ।’ বললেন বাংলা মাধ্যম থেকে আসা ইয়াসিন ফেরদৌস, যিনি এখন বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিতে কাজ করছেন।যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যম স্কুলে যায়, তারা আর দশটা সাধারণ বাঙালির চেয়ে নিজেদের আলাদা করে ফেলে। ওদের বাবা-মায়ের ভাষ্য হয় এ রকম, ‘টাকার অভাব তো আমার নেই। আমি চাই না আমার সন্তান রাস্তার ছেলেদের সঙ্গে মেলামেশা করুক।’এটা হয়তো সত্যি, হয়তো মিথ্যে। এমন একটা দাবি জোর গলায় তোলা কঠিন। কিন্তু ইয়াসিনের ভাবনার এই ধরনের মধ্যেই বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের মানসিকতার একটা ছাঁচ মিলছে (এমনকি যারা সফল, তাদের ক্ষেত্রেও)। ইয়াসিন খুবই মেধাবী মানুষ, নিজের সামর্থ্যের জোরে তিনি অনেক বাধা ডিঙিয়েছেন; তবু একটা যুদ্ধংদেহী ভাব তাঁর মধ্যে থাকে, তিনি এই শিক্ষাব্যবস্থার সংস্কার চান। ‘সত্তরের দশকের শুরুতে ড. কুদরাত-এ-খুদা একটা শিক্ষানীতি তৈরি করেছিলেন, কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ধর্মপন্থীরা এই শিক্ষানীতিতে প্রগতিশীলতার আঁঁচ পেয়ে সেটি হিমাগারে পাঠিয়ে দেয়।’ বলেন সৈয়দ মনজুরুল ইসলাম, ‘ওই শিক্ষানীতি বাস্তবায়ন করা গেলে এখনকার মতো ত্রিধারা শিক্ষাব্যবস্থা তৈরি হতো না। কিন্তু ১৯৭০ সালে ইংরেজির মধ্যে কেউ হুমকির কিছু দেখেনি।’বহুজাতিকের কাছে এমন একটি প্রত্যাশা আছে যে তারা অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবেশগত নিরাপত্তা ও সামাজিক ঐক্যের সংস্থান করবে। ‘ন্যায্য বাণিজ্য’, কফি ও পরিবেশবান্ধব পণ্যের দ্রুত বিস্তার ঘটেছে—কার্বনমুক্ত বিমান-চলাচল যার একটি ইতিবাচক নজির। উপরন্তু প্রথম দুই শ্রেণীর কোনোটার মধ্যেই ইএফএল (ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাংগুয়েজ বা বিদেশি ভাষা হিসেবে ইংরেজি) পড়ে না। তার পরও এ আশঙ্কা থেকে মুক্ত হওয়া যায় না যে ভবিষ্যতে ইংরেজির ভাষিক দাপট স্থানীয় অধিবাসীদের নাগরিক অধিকার খর্ব করবে।বাংলাদেশে যাদের বয়স পাঁচের ওপর, স্কুলের ভাষামাধ্যম অনুসারে তারা আলাদা। সত্যি বলতে কি, আলাদা তারা শ্রেণীগত বিচারেই। বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সরকারি চাকরি করে। ইংরেজি মাধ্যমে যাদের পড়াশোনা, তারা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, তাদের কর্মক্ষেত্র বহুজাতিক কোম্পানি। এই দুই শ্রেণীকে বিন্দুমাত্র একীভূত হওয়ার সুবিধা না দিয়ে এমন একটি শ্রেণীসংগ্রাম জারি রাখা হয়েছে, যা ভবিষ্যতে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে।ইংরেজি হাতিয়ার নয়, ভাবাদর্শস্থানীয় ভাষাগুলোর ভাগ্য নিয়ে বিশ্ব ক্রমাগত আরও সজাগ হচ্ছে। পাশাপাশি বিশ্ব সংস্কৃতি, জাতীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জীবনধারার ওপর ইংরেজির সুদূরপ্রসারী প্রভাব বিরাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ‘ভবিষ্যতে এ বিষয়ে আরও বেশি সংবেদনশীল মনোযোগ দেওয়া দরকার,’ জানিয়েছেন গ্রেডল, ‘যাতে যুক্তরাজ্য, ইংরেজ জনসাধারণ ও তাদের ভাষার সুনাম ক্ষুণ্ন না হয়ে বরং আরও বৃদ্ধি পায়।’ গ্রেডল তাই ইংরেজিকে নিছক হাতিয়ার হিসেবে দেখেন না, বরং একটি ভাবাদর্শ হিসেবে দেখেন। বাংলাদেশে ইংরেজি মাধ্যম স্কুলের সরলার্থ শুধু ইংরেজি শেখাই নয়, বরং ইংরেজি পাঠক্রম ও আদর্শ অনুসরণ করা—সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব অর্থেই। এই দশকগুলো জুড়ে শিশুদের গিনিপিগ বানানো হয়েছে। বাংলা সংস্কৃতির ভেতরে ইংরেজি মাধ্যম স্কুল মিশিয়ে দেওয়ার ফলও অচিরেই আমাদের নজরে আসবে।একুশে ফেব্রুয়ারিকে ইউনেসকো আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এক দশক পেরিয়ে গেল। কিন্তু আমাদের প্রবণতা ও মনোভঙ্গি মোটেই বদলায়নি। ইউনেসকো নিজে মাতৃভাষার গুরুত্ব প্রচার করে, কিন্তু এখনো তার প্রচারণা-পোস্টারে ইংরেজি আর ফরাসির প্রতি পক্ষপাত দেখা যায়। ভাবখানা এমন যেন ইংরেজি সমান গুরুত্বপূর্ণ ভাষাগুলোর মধ্যেও প্রথম।ইএলটিতে (ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং বা ইংরেজি ভাষা শেখানো) কী গ্রহণযোগ্য এবং কী গ্রহণযোগ্য নয়—এমন একটি নৈতিক বিধি তৈরি করে নেওয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। ইংরেজির গতি রোধ করতে বা অন্তত ইংরেজির দাপট কমাতে কিছু একটা করতে হবে, এমন একটা আবেগ বাংলাদেশে তৈরি হয়েছে। একুশ শতকে ‘জাতি’ হিসেবে ‘দেশে’র বিকাশ নিশ্চিত করতে ভাষাগত একীভবন অপরিহার্য। ‘আঠারো বছর পর্যন্ত বাংলা মাধ্যমই শিক্ষার একমাত্র পথ হওয়া উচিত। আর এটা শেখাতে হবে যত্ন করে। সমান গুরুত্ব দিয়ে ইংরেজিও শেখানো যাবে দ্বিতীয় ভাষা হিসেবে।’ বললেন সৈয়দ মনজুরুল ইসলাম। ‘যখন আপনি নিজের ভাষাই ঠিকমতো জানেন না, তখনই কেবল আরেকটি ভাষা আপনার জন্য হুমকি হয়ে উঠতে পারে।’ সৈয়দ মনজুরুল ইসলাম মনে করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজিই একমাত্র মাধ্যম হওয়া উচিত, কারণ ইংরেজি ‘শিক্ষার সাম্প্রতিকতম তথ্যের ভাষা’। তবে কোনোভাবেই একে পদমর্যাদার প্রতীক হিসেবে নিলে চলবে না; একে নিতে হবে যোগাযোগ-সহায়িকা হিসেবে। এটিই যেকোনো ভাষার প্রধান উদ্দেশ্য।