একুশে পদক ঘোষণা
রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘একুশে পদক-২০১১’ প্রদান করা হবে। একুশে পদক প্রদান জাতীয় কমিটির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই ১৩ জন বিশিষ্ট ব্যক্তির হাতে এ পদক তুলে দেবেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়।একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন ভাষা-সৈনিক শওকত আলী (ভাষা-আন্দোলন, মরণোত্তর), মোশারেফ উদ্দিন আহমদ (ভাষা-আন্দোলন, মরণোত্তর), ওস্তাদ আখতার সাদমানী (শিল্পকলা, মরণোত্তর), আবদুল হক চৌধুরী (গবেষণা, মরণোত্তর), আমানুল হক (ভাষা-আন্দোলন), বাউল করিম শাহ (শিল্পকলা, মরণোত্তর), জোত্স্না বিশ্বাস (শিল্পকলা), নূরজাহান বেগম (সাংবাদিকতায়), মো. আবুল হাশেম (সমাজসেবায়), মো. হারেস উদ্দিন (পলান সরকার) (সমাজসেবায়), মোহাম্মদ দেলোয়ার হোসেন (সমাজসেবায়), শহিদ কাদরী (ভাষা ও সাহিত্যে) এবং আবদুল হক (ভাষা ও সাহিত্যে, মরণোত্তর)।উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় পুরস্কার। প্রতিবছর সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করে থাকেন। বাসস।