একুশে পদকপ্রাপ্ত চিকিত্সক যোবায়দা হান্নান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত কুমিল্লার নারী চিকিত্সক, সমাজসেবক এবং অসহায় কন্যাশিশু ও নারীদের আশ্রয়দাতা যোবায়দা হান্নান আর নেই। আজ মঙ্গলবার সকাল ছয়টা ২০ মিনিটে রাজধানীর ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি...রাজিউন) করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্বামী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।তিনি কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল এবং অন্ধ কল্যাণ হাসপাতালেরও প্রতিষ্ঠাতা। বিশিষ্ট চিকিত্সক যোবায়দা হান্নান ১৯৪৫ সালের ১৪ নভেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাহফুজুল হক পাকিস্তান সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। যোবায়দা হান্নানের স্বামী চিকিত্সক ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি এম ওয়ালীউল্লাহ। তাঁর বড় ছেলে আমেরিকা থেকে দেশে ফেরার পরই তাঁর দাফন হবে বলে পরিবারে পক্ষ থেকে জানানো হয়।