একুশে পদকের নীতিমালায় পরিবর্তন আনা হবে: তথ্য ও সংস্কৃতিমন্ত্রী
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, একুশে পদক দেওয়ার নীতিমালায় সরকার পরিবর্তন আনছে। একুশে পদকের বৈশিষ্ট্য, বাছাই কমিটি ও কার্যপরিধি নির্ধারণে পরিবর্তন আনা হবে বলে তিনি জানান। আজ বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সূত্রে এ খবর জানা গেছে।মন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকার একুশে পদক নিয়ে রাজনীতি করেছে। কোনো কোনো সময় কিছু ক্ষেত্রে এটি নিয়ে তারা বাণিজ্যও করেছে। তাই এর নীতিমালায় পরিবর্তন আনা প্রয়োজন। আবুল কালাম আজাদ বলেছেন, ২০১১ সালের একুশে পদক দেওয়ার সময়ই নতুন নীতিমালা কার্যকর করা হবে বলে সরকার আশা করছে। এ নীতিমালা অনুসারে দলীয়করণ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে যোগ্য প্রার্থীকে একুশে পদক দেওয়া হবে। একুশে পদকের আগের সব নিয়ম বাতিল করে নতুন নীতিমালা প্রবর্তন করা হবে বলেও তিনি জানান।