একুশে ফেব্রুয়ারী: অবিস্মরণীয় সংকলন
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে গুলিচালনার ঘটনার পরে হাসান হাফিজুর রহমান ছুটে গিয়েছিলেন পুরোনো ঢাকার কোনো ছাপাখানায়, ছেপে বের করেছিলেন বিক্ষোভ আর প্রতিবাদে ভরা এক প্রচারপত্র। হাসান লিখেছেন, তাঁর সঙ্গে তখন ছিল আমীর আলী, কিন্তু সেকথা ভুল। কেননা আমীর আলী তার বহু আগে ১৪৪ ধারা ভঙ্গ করে গ্রেপ্তার হয়ে গিয়েছিল। আমাদেরও ইতিহাসবোধ এমন ভোঁতা যে, কে যে ছিল হাসানের সঙ্গে সেদিন, তা উদ্ঘাটন করার চেষ্টা করিনি। তবে এটুকু জানি যে, সান্ধ্য আইন জারি হয়ে যাওয়ার ওই রাতে লিফলেট ছেপে ফেলা সত্ত্বেও সেটা বিলি করা সম্ভব হয়নি। পরদিন যখন তা হাতে-হাতে ছড়িয়ে দেওয়া হয়, তখন আরো দ্রুত ঘটনা ঘটতে থাকে, একুশের পর অনিবার্যভাবে বাইশ এসে যায়, বরকতের পর সফিউর রহমান, রফিকের পরে অহিদউল্লা। একুশে ফেব্রুয়ারি যে আমাদের জীবনের মহত্তম ঘটনা, মুষ্টিমেয় মানুষ যাঁরা সেদিন তা উপলব্ধি করতে পেরেছিলেন, তার মধ্যে হাসান হাফিজুর রহমান ছিলেন একজন। ভাষার জন্যে শহীদদের আত্মত্যাগের বিষয়টা তাঁর সমগ্র সত্তাকে অধিকার করে রেখেছিল। একরাতে পেনসিলের আঁচড়ে লিখেছিলেন এক দীর্ঘ কবিতা—তার কোনো শিরোনাম ছিল না—আরম্ভের চরণ ছিল ‘আম্মা তার নাম ধরে একবারও ডাকবে না তবে আর?’ লেখা শেষ করে, পরদিন সকালেই, পড়তে দিয়েছিলেন আমাকে। ‘অমর একুশে’ নামে কবিতাটি প্রকাশ পেয়েছিল হাসানের সম্পাদিত ফজলুল হক মুসলিম হল বার্ষিকীতে—সেটি ছাপা হয়েছিল হাসানের তত্কালীন কর্মস্থল সওগাত প্রেসে। কবিতাটির অনেকখানি জুড়ে যদিও ছিল আবুল বরকতের উপস্থিতি, তবু তাতে পঞ্চাশজন শহীদের কথা বলা হয়েছিল। রাষ্ট্রভাষা-আন্দোলন থেমে যাওয়ার পরে আমাদের সকলের ধারণা হয়েছিল যে, একুশে ও বাইশে ফেব্রুয়ারি মিলিয়ে ৩৯ জন শহীদ হয়েছেন, সেটাকেই আমরা চল্লিশজন বলে উল্লেখ করছিলাম অনেকদিন ধরে। পঞ্চাশজন হাসানের অতিরঞ্জন।কবিতাটি লিখেও হাসানের অস্বস্তি দূর হয়নি। পরের একুশে ফেব্রুয়ারি আসার আগেই কিছু একটা করতে হবে বায়ান্নোর একুশে ফেব্রুয়ারিকে অবিস্মরণীয় করে রাখার জন্যে। মনে হলো, একটা সাহিত্য-সংকলন বের করতে হবে। চেনাজানা সবার কাছে লেখা চাইলেন, আমাকে ফরমাশ দিলেন গল্প লেখার—আমি তখন একটু-আধটু ছোটগল্প লিখি। আজিজুল ইসলাম বললেন, প্রচ্ছদ আঁকতে, বিজন চৌধুরী ও মুর্তজা বশীরকে বললেন সাদা-কালো স্কেচ আঁকতে। কমিউনিস্ট পার্টির কারাবন্দি নেতা খোকা রায় একটা প্রবন্ধ লিখে পাঠালেন গোপন পথে—‘সকল ভাষার সমান মর্যাদা’—কোথাও ছেপে দেওয়ার জন্যে। হাসান ঠিক করলেন, এটাই হবে বইয়ের প্রথম প্রবন্ধ। পুরো লেখাটা আমি হাতে নকল করে দিলাম প্রেসের জন্যে। বইটার একটা ভূমিকা দরকার। হাসান ফরমাশ দিলেন আবদুল্লাহ আল-মুতীকে সেটা লেখার জন্যে। তিনি একবার বললেন, সম্পাদকের নিজের কথা তিনি লিখবেন কীভাবে। হাসান তাঁর দিকে এমনভাবে তাকালেন যেন এর চেয়ে অদ্ভুত কথা তিনি কখনো শোনেননি। আল-মুতী ভূমিকা লিখে দিলেন, অনামে সেটাই ছাপা হলো।লেখা মন্দ পাওয়া যায়নি। শওকত ওসমান, সাইয়িদ আতীকুল্লাহ্, আতোয়ার রহমান, সিরাজুল ইসলাম ও আমার গল্প; আবদুল গনি হাজারী, আনিস চৌধুরী, ফজলে লোহানী, আতাউর রহমান, আবু জাফর ওবায়দুল্লাহ্, আলাউদ্দিন আল আজাদ, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সৈয়দ শামসুল হক, জামালউদ্দিন ও হাসান হাফিজুর রহমানের কবিতা; মুর্তজা বশীর ও সালেহ আহমদের নকশা; কবিরউদ্দিন আহমদের ঘটনাপঞ্জি; আবদুল গাফ্ফার চৌধুরী ও তোফাজ্জল হোসেনের গান। শামসুর রাহমানের কাছে কবিতা চেয়ে পাওয়া যাচ্ছিল না—শেষে কিছুদিন আগে কলকাতার পরিচয় পত্রিকায় প্রকাশিত তাঁর একটি কবিতা গ্রন্থভুক্ত করার সিদ্ধান্ত নিলেন হাসান। হঠাত্ একদিন আমাকে বললেন, বইটার একটা উত্সর্গপত্র লেখো। খানিক কাটাকুটির পর আমি একটা দাঁড় করালাম—হাসানের পছন্দ হলো। সঙ্গে সঙ্গে আমাকে টেনে নিয়ে গেলেন বাদামতলিতে—ব্লক তৈরির কারখানায়। সেখানে ট্রেসিং পেপারে সরু নিবের কলমে চায়নিজ ইংক দিয়ে ওটা নকল করে দিলাম। লাইনগুলো সোজা হলো না। হাসান বললেন, তাতেই হবে। ওটাই ব্লক করে উত্সর্গ হিসেবে ছাপা হলো।এর কিছুকাল আগে মোহাম্মদ সুলতান ও এম আর আখতার মুকুল মিলে বখশিবাজারে মেডিকেল কলেজের উলটো দিকে বেড়ার ঘরে একটা বইয়ের দোকান খুলেছিলেন পুঁথিপত্র নামে। পরে দুজনের মনোমালিন্যের কারণে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। সিগনেট প্রেসের সাহিত্যের খবরের আদলে তাঁরা বইয়ের একটা সুদৃশ্য তালিকা ছেপেছিলেন পকেট সাইজের পুস্তিকা-আকারে—তার গোড়ায় বই সম্পর্কে আমার একটা লেখা ছাপা হয়েছিল অনামে। বই ছাপার সামর্থ্য পুঁথিপত্রের ছিল না—দুই বন্ধুর সঙ্গে আলাপ করে হাসান ঠিক করলেন, সংকলনটা বের হবে পুঁথিপত্র থেকে, প্রকাশক হিসেবে নাম যাবে মোহাম্মদ সুলতানের।অনেক চেষ্টা করেও ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারিতে সংকলনটা প্রকাশ করা যায়নি—মূলত কাগজ কেনার পয়সা সময়মতো জোগাড় করা যায়নি বলে। বই ছাপা হয়েছিল রমাকান্ত নন্দী লেনের পাইওনিয়ার প্রেসে—স্বত্বাধিকারী এম এ মোহাইমেন বাকিতে ছেপে দিতে রাজি হয়েছিলেন। বই বের হলো মার্চে, এপ্রিলেই তা নিষিদ্ধ হয়ে গেল। বই বিক্রি করে ছাপার খরচ শোধ করার পরিকল্পনা ভেস্তে গেল। মোহাইমেনের অনুজ এম এ মুকিত একদিন আমার সামনেই হাসানকে যা-তা বললেন। সেই রাতেই বাড়ি চলে গেলেন হাসান—জমি না গুড় বিক্রি করে টাকা এনে দিলেন প্রেসকে।অল্পকাল পরে নির্বাচনের পরে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এলে একুশে ফেব্রুয়ারীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়—সঙ্গে সঙ্গেই বইটি জনপ্রিয় হয়ে ওঠে। একুশের প্রথম সংকলন বলে তো বটেই, পূর্ব বাংলার নবীন লেখকদের রচনার—শওকত ওসমান ছাড়া সংকলনের সকল লেখকই ছিলেন নতুন প্রজন্মের—প্রতিনিধিত্বকারী সংকলন হিসেবেও তার একটা পরিচয় গড়ে উঠেছিল। ১৯৫০ সালে আশরাফ সিদ্দিকী ও আবদুর রশীদ খান সম্পাদিত নতুন কবিতার পরে হাসান হাফিজুর রহমান-সম্পাদিত এই একুশে ফেব্রুয়ারী। নতুন লেখা, নতুনদের লেখা, প্রতিবাদী লেখার অনন্য সংকলন।