একুশে বইমেলার প্রস্তুতি এগিয়ে চলছে
বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশের বইমেলা অনুষ্ঠানের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আগামী ১ ফেব্রুয়ারি বিকেল তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করবেন বলে জানা গেছে।এবারের বইমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ‘বাংলাদেশ, রাষ্ট্রভাষা ও বরীন্দ্রনাথ’ প্রসঙ্গে বলবেন তিনি। মাসব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালার মূল কেন্দ্রবিন্দুতে থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকী পালন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা উপলক্ষে বাংলা একাডেমী এবার বিশ্বের ৫৭টি দেশের কবিদের রচিত মাতৃভাষার প্রশস্তিমূলক কবিতার ইংরেজী সংকলন ‘ইমপ্রেস অব মাদার টাং’ প্রকাশ করবে।ইতিমধ্যেই মেলার স্টল বরাদ্দ সম্পন্ন হয়েছে। এখন মহাব্যস্ততার সঙ্গে চলছে স্টল সাজানোর বিশাল কর্মযজ্ঞ।এবারের মেলায় ১৬৭টি প্রকাশনা সংস্থাসহ মোট ৩০৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। এসব প্রতিষ্ঠানের জন্য ৫১৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, বাংলা একাডেমী প্রাঙ্গণসহ গতবারের মতো সামনের রাস্তাতেও স্টল বসবে।গতবারের মতো এবারেও বইমেলার মূল স্পন্সর ব্রাক ব্যাংক। এবারে মেলার মোট বাজেট ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। অমর একুশের অনুষ্ঠানমালা ছাড়া শুধুমাত্র মেলার স্টল ও অন্যান্য সাজসজ্জা বাবদ এই অর্থ ব্যয় করা হবে। গত বছর মেলার বাজেট ছিল ৩২ লাখ ৬৭ হাজার টাকা। —বাসস