একুশের অঙ্গীকার ও বাংলা ভাষার ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখন ফিরে তাকাই বায়ান্নর ভাষা আন্দোলনের দিনগুলোর দিকে, স্বভাবতই সেই আন্দোলনে কীভাবে যুক্ত হয়েছিলাম, সে কথাও মনে পড়ে। ভাষা আন্দোলনের শুরু ১৯৪৮ সালে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ১১ মার্চ ছাত্ররা আন্দোলনের কর্মসূচি দিয়েছিল। আমার পিকেটিং করার কথা ছিল; অসুস্থতার জন্য যেতে পারিনি। তবে পঞ্চাশ ও একান্নতে সরকারের বাংলাভাষা বৈরী নীতির ব্যাপারে নানাভাবে প্রতিবাদ জানিয়েছি। দলবেঁধে মন্ত্রীর বাড়িতে গিয়ে স্মারকলিপি দিয়েছি।বায়ান্নয় আমার ছাত্রত্ব শেষ হয়ে গেলেও এক বন্ধুর কক্ষে থাকতাম। লেখালেখি করতাম, চাকরির খোঁজখবর নিতাম। এরই মধ্যে ২১ ফেব্রুয়ারি এসে গেল। সাংবাদিক কেজি মুস্তাফা একটি লেখায় সেই সব দিনের কথা লিখেছেনও। আমার স্ত্রী কায়সার তখনো ছাত্রী, চামেলি হাউজে থাকতেন। ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুু ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু।একুশে ফেব্রুয়ারির পর ধরপাকড় শুরু হলে আমি ময়মনসিংহে শ্বশুরালায়ে চলে যাই। ট্রেনে একজনের সঙ্গে সিগারেট বিনিময়ের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, পরবর্তীকালে তিনি সরাসরি রাজনীতিতে এসেছিলেন। গিয়ে দেখি, ময়মনসিংহেও তুলকালাম কাণ্ড। সেখানকার আন্দোলনে অন্যদের মধ্যে যুক্ত ছিলেন সৈয়দ বদরুদ্দিন হোসাইন, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার হয়েছিলেন। আমি ময়মনসিংহে থাকতেই ফিরিঙ্গি সাহেবের পোশাক পরে একজন আমার শ্বশুরবাড়িতে এসে হাজির হলেন, তিনি আর কেউ নন, গাজীউল হক। একুশের সমাবেশে ১৪৪ ধারা ভাঙার পক্ষে উদ্দীপনাময় বক্তৃতা দিয়েছিলেন। তিনি কিছুদিন সেখানে ছিলেন, তারপর আবার সেখান থেকে চলেও গেলেন। পরে শুনেছি, তিনি দরবেশের পোশাকে এক মসজিদেও আশ্রয় নিয়েছিলেন। তাতেও শেষ রক্ষা হয়নি। কিছুদিন পর গাজীউল হক পুলিশের হাতে ধরা পড়লেন।দুই.বায়ান্নর ভাষা আন্দোলনের পরপরই আমি ইংল্যান্ডে চলে যাই, অক্সফোর্ডে পড়াশোনার জন্য। সেখান থেকে বন্ধুদের কারও কারও সঙ্গে আমার চিঠিপত্রে যোগাযোগ হতো। ঢাকা থেকে মুহম্মদ হাবিবুর রহমান শেলী, গাজীউল হক চিঠি লিখতেন। সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আলী লিখতেন, যিনি এস এস আলী নামে খ্যাত এবং ইংরেজি দৈনিক DailY star-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। লিখতেন সৈয়দ শফিকুল হোসেন, যিনি শান্তি নিকেতন থেকে শিল্পকলায় পড়াশোনা করেছেন, পরে ইংরেজিতেও ডিগ্রি নিয়েছেন। তাঁর চিঠিতেই ’৫৩ সালে ঢাকায় একুশে উদ্যাপনের খবর পাই। পুলিশের বাধা সত্ত্বেও ছাত্ররা ভাষাশহীদদের স্মরণ করেছে—এ খবর শুনে খুব ভালো লেগেছিল।দেশে ফিরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগ দিই, যদিও ঢাকা কলেজে অধ্যাপক পদে নিয়োগ পেয়েছিলাম। আমার সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছিলেন। রাজশাহীতে থাকতে নানাভাবে একুশের তত্পরতার সঙ্গে যুক্ত হয়ে পড়ি। বিশ্ববিদ্যলয়ের ছাত্ররা একুশে ফেব্রুয়ারি স্মরণে সংকলন বের করত, সেই সব সংকলনের জন্য আমাদের কাছে লেখা চাইত। আমরা লেখা দিতাম। চাঁদা দিতাম। এসব সংকলনে ভাষাশহীদদের স্মরণে অসংখ্য কবিতা লেখা হতো। সেই সব কবিতা মানসম্পন্ন না হলেও আবেগটা প্রকাশ পেত। একপর্যায়ে আমরা ক্যাম্পাসে শহীদ মিনার তৈরি করি। যে শহীদ মিনার একাত্তরে দখলদার পাকিস্তানি সেনারা গুঁড়িয়ে দিয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়েই তারা ঘাঁটি গেড়েছিল। বিশ্ববিদ্যালয় প্রায় ফাঁকা, অল্প কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী ক্যাম্পাসে ছিলেন। একদিন প্রচণ্ড শব্দে বোমা ফাটিয়ে শহীদ মিনারটি গুঁড়িয়ে দিল। আসলে ওরা শহীদ মিনারকে ভয় পেত।সে সময় শহীদ মিনার বা ভাষাশহীদদের নিয়ে আমি কবিতাও লিখেছিলাম, যেটি আমার প্রথম বইয়ে আছে। কবিতাটি ছিল এ রকম:এসো বাংলারএসো বাংলার মাটির ভাষার ছেলেরা, আজকেসেই ফালগুন এসেছে আবার, মহানগরীরসেই রাজপথ ক্ষুব্ধনীরব, বাতাস বন্যশ্যাম অরণ্য আজ উন্মন, আজ গম্ভীরনির্বাকদেশ ভাষার জন্য, তোমার জন্য।এসো বাংলার মাটির ভাষার ছেলেরা, আজকেরাজপথে নেই রক্তচিহ্ন, বরষাধন্যরাজধানী আর আজিমপুরাও শ্যামাস্তীর্ণ,আজকে মিছিল হূদয়ে হূদয়ে তোমার জন্য,সেখানে রক্ত-শপথে অশোকে পলাশে কীর্ণ।এসো বাংলার মাটির ভাষার ছেলেরা, আজকেহাটের মাঠের ঘাটের লোকের মিতালি পাতাই।তোমার রক্ত কিনেছে তাদের প্রাণের পণ্যতাই অরণ্যে আমাদের মনে কোনো খেদ নাই।রক্তস্মৃতি ও উত্সব তাই তোমার জন্য।তিন.একুশে ফেব্রুয়ারি বছরের একটি দিন হলেও, এর চেতনা অবিনশ্বর, তাত্পর্য বিশাল। এই একুশই বাঙালিকে আত্মানুসন্ধানের সুযোগ করে দিয়েছিল। দ্বিজাতিতত্ত্ব ও পাকিস্তান আন্দোলনের ডামাডোলে এ দেশের মানুষ একসময় ভুলেই গিয়েছিল যে তারা বাঙালি। বলা যায়, একুশের হাত ধরেই আমরা ফের বাঙালি হলাম। পঞ্চাশের দশকে রাজনৈতিকভাবে আমরা বেশি দূর এগোতে পারিনি। সেটা হয়েছে আরও অনেক পরে, ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছয় দফা দিলেন। কিন্তু একুশে ফেব্রুয়ারির মাধ্যমে আমরা আন্দোলনের একটি নতুন ফ্রন্ট খুললাম। সাংস্কৃতিক লড়াইয়ের ফ্রন্ট। একুশের পর আমাদের শিল্পসাহিত্যেও নবজাগরণ পরিলক্ষিত হয়। ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত রাজশাহী থেকে মুস্তাফা নূরউল ইসলাম ও আমার সম্পাদনায় পূর্বমেঘ নামে একটি পত্রিকা বের করেছিলাম। পত্রিকাটি পাকিস্তানি ধ্যানধারণা নাকচ করে অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতির পক্ষে জোরালো ভূমিকা নিয়েছিল। এই পূর্বমেঘ-এ বদরুদ্দীন উমরের সংস্কৃতির সংকট, সাম্প্রদায়িকতা প্রভৃতি আলোড়ন সৃষ্টিকারী প্রবন্ধ ছাপা হয়েছিল। তত্কালীন গভর্নর মোনায়েম খান পূর্বমেঘ ও বদরুদ্দীন উমরের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করেছিলেন। অর্থাত্ শিল্প-সাহিত্য ও সংস্কৃতি সাধনার মধ্য দিয়ে রাজনৈতিক আন্দোলনের পটভূমিটা তৈরি হয়েছিল। মাত্র ২০ বছর বয়সে ১৯৪৭ সালে চট্টগ্রাম থেকে মাহবুব-উল-আলম চৌধুরী বের করেছিলেন সীমান্ত পত্রিকা। পাকিস্তানের সূচনাপর্বে বাংলাদেশও পশ্চিমবঙ্গের খ্যাতনামা লেখক-কবিদের লেখা নিয়ে এ রকম একটি পত্রিকা বের করা ছিল সত্যি দুঃসাহসের বিষয়। ১৯৫১ সালেই মাহবুব-উল-আলম চৌধুরী চট্টগ্রামে সাহিত্য মেলা করেছিলেন, যাতে পশ্চিমবঙ্গের লেখক-বুদ্ধিজীবীরাও যোগ দিয়েছিলেন। ১৯৫২ সালে কুমিল্লায় আরেকটি সাহিত্য সম্মেলন হয়েছিল। এরপর ১৯৫৪ সালে ঢাকায় এবং ১৯৫৭ সালে মওলানা ভাসানীর উদ্যোগে টাঙ্গাইলের কাগমারীতেও সাহিত্য সম্মেলন হয়। এসব উদ্যোগ-আয়োজন ছিল একুশেরই ধারাবাহিকতা। অর্থাত্ দেশের লেখক-শিল্পী-সাহিত্যিকেরা এর মাধ্যমে এ কথাই বোঝাতে চেয়েছেন, একুশের ধারা প্রবহমান। একুশের চেতনা অজেয়।একুশের আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতা, সেটি আমরা একাত্তরে অর্জন করেছি। কিন্তু সেই অর্জনের মধ্য দিয়ে একুশের গুরুত্ব মোটেও কমে যায়নি। বরং আপন সত্তা ও অস্তিত্ব নিয়ে টিকে আছে। নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা একুশকে উদ্যাপন করি। ভাষাশহীদদের স্মরণ করি। এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, জীবনবীক্ষারও অংশ। বিশেষ করে শিক্ষার সঙ্গে সঙ্গে একুশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গভীর। একুশের আন্দোলনের মূল শক্তিই এসেছিল এই শিক্ষাঙ্গন থেকে। ছাত্ররা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল। পরে সর্বস্তরের মানুষ এর সঙ্গে যুক্ত হয়। আজও দেখা যাবে, দেশের প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে মিনার আছে। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে ঘিরে সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন হয়। আবার এ দেশে কিছু প্রতিক্রিয়াশীল মানুষ আছে, যারা শহীদ মিনার পছন্দ করে না। পারলে গুঁড়িয়ে দেয়। সে রকম চেষ্টাও যে তারা করেনি তা নয়। তবে কোনো অপশক্তিই একুশের চেতনাকে ধ্বংস করতে পারবে না।চার.প্রশ্ন উঠেছে, বিশ্বায়নে আক্রান্ত অমাদের মাতৃভাষা বাংলা টিকে থাকতে পারবে কি না। এই প্রশ্নের সহজ উত্তর নেই। হাল-আমলে বিশ্বায়নের হাত ধরে সারা বিশ্বেই ইংরেজির প্রভাব-প্রতিপত্তি বেড়েছে। এটি বাংলাদেশের জন্য যেমন সত্য, তেমনি অ-ইংরেজি ভাষী অন্যান্য দেশের জন্যও প্রযোজ্য। উদাহরণ হিসেবে চীন, জাপানের কথা উল্লেখ করা যায়। সেখানে তরুণ প্রজন্মের মধ্যে ইংরেজি শিক্ষার ঝোঁক ব্যাপকভাবে বেড়েছে। আগে যেসব অনুন্নত দেশে রুশ, ডাচ ও ফরাসি ভাষার প্রভাব ছিল; সেই সব দেশেও এখন ইংরেজি জায়গা করে নিয়েছে। বাংলাদেশেও গত ১৫-২০ বছরে একটি নতুন মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, শিক্ষার প্রসার ঘটেছে, অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, বহু বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে—এ সবই ঘটেছে বিশ্বায়নের সুযোগে। পাকিস্তান আমলে খুব কমসংখ্যক বাঙালি বিদেশে যাওয়ার সুযোগ পেত। কিন্তু স্বাধীনতার পর ভারতীয় ও পাকিস্তানিদের মতো বাংলাদেশিরাও ব্যাপকহারে বিদেশে যাচ্ছে। পৃথিবীর খুব কম দেশই আছে, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ নেই।এই যে বিপুলসংখ্যক বাঙালি বিদেশে গিয়েছে, তারা বাংলাভাষা ও সংস্কৃতিকেও নিয়ে গেছে। নিজেদের মধ্যে আলোচনা বা ঘরোয়া অনুষ্ঠানে এর প্রতিফলনও লক্ষ করা যায়। প্রবাসীরা বাংলাভাষায় সাহিত্যের চর্চা করছেন, সংস্কৃতির চর্চা করছেন। কিন্তু সেখানে তাঁদের ছেলেমেয়েদের স্কুল-কলেজে পড়তে হয় ইংরেজি ভাষায়ই। এ কারণে দ্বিতীয় প্রজন্মের প্রবাসীদের প্রধান ভাষা হয়ে উঠেছে ইংরেজি। এ তো বললাম বাইরের কথা। দেশের ভেতরেও অনেকের মধ্যে এমন একটি ধারণার সৃষ্টি হয়েছে যে বাংলা মাধ্যমে পড়াশোনা করে কোনো লাভ হবে না, ভালো চাকরি পেতে হলে ইংরেজি মাধ্যমেই পড়াতে হবে। এ জন্য কিছুটা দায়ী আমাদের শিক্ষাব্যবস্থা, কিছুটা আত্মমর্যাদাবোধের অভাব। এখানে সরকারিভাবে পরিচালিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মান এত নিচু যে তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে না। এ কারণে যাঁদের সামর্থ্য আছে, তাঁরা ইংরেজি মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের পাঠাচ্ছেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষা দিতে পারলে অভিভাবকেরা ভিন্নভাবে চিন্তা করতেন, ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যমের স্কুলে পাঠানোর জন্য এত ব্যাকুল হতেন না।যে দেশের ছেলেরা রক্ত দিয়ে বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে, সেই দেশের মানুষ এখন বাংলাকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছে না, মর্যাদা রক্ষা করছে না—এটি খুবই দুর্ভাগ্যজনক। তবে এ জন্য ঢালাওভাবে বিশ্বায়ন বা ইংরেজিকে দোষ দিয়ে লাভ নেই। কীভাবে আমরা বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি, কীভাবে বাংলাভাষার মর্যাদা সমুন্নত রাখতে পারি, সে ব্যাপারে রাষ্ট্রের ও সমাজের চালকদের গভীরভাবে ভাবতে হবে। আমরা তো বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে পারব না। প্রতিবেশী ও দূরবর্তী সবার সঙ্গেই প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। আমরা যাতে পিছিয়ে না পড়ি, সে জন্য আমাদের দক্ষতা-যোগ্যতা বাড়াতে হবে। পাঁচ.বাংলা আমাদের রাষ্ট্রভাষা, রাষ্ট্রীয় কাজকর্মও মোটামুটি বাংলায় চলে। কিন্তু আমাদের মনমানসিকতায় প্রবলভাবে পরমুখিতা রয়ে গেছে। যেমন ঢাকা শহরের যেকোনো সড়কের দোকানের নামফলকগুলো দেখে মনে হবে না যে এগুলো বাংলাদেশের কোনো দোকান। মনে হবে অন্য দেশের। ঢাকায় দোকানপাটের নামফলকের যদি কোনো জরিপ করা যায়, দেখা যাবে, বাংলাকে আমরা পুরোপুরি ত্যাগ করেছি। ইংরেজিই হয়ে উঠেছে প্রধান অবলম্বন। এর চেয়ে লজ্জাজনক আর কী হতে পারে? সরকার সহজেই এই প্রবণতা বন্ধ করতে পারে। একটি দোকানের সামনে দেখা যাবে চারটি নামফলক আছে, প্রতিটি ইংরেজিতে লেখা এবং মোটেই দৃষ্টিশোভন নয়। সরকার আইন করে বলতে পারে যে নামফলকগুলো বাংলাতেই লিখতে হবে। একাধিক নামফলকের জন্য বাড়তি কর দিতে হবে। এ ব্যাপারে সামাজিক সচেতনতাও প্রয়োজন। একুশে ফেব্রুয়ারি এলে আমরা মাতৃভাষা নিয়ে সেমিনার করি, ভাষার প্রতি দরদ দেখাই। কিন্তু ফেব্রুয়ারি মাস চলে গেলে আবার সবকিছু ভুলে যাই। যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, একটি বা দুটি বাদে সবগুলোর নাম ইংরেজি। কিছুদিন আগে পর্যন্ত কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হতো না। তবে ইউজিসির যিনি বর্তমান চেয়ারম্যান, তাঁর ব্যক্তিগত আগ্রহে দু-একটি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হচ্ছে। একসময় বাংলা একাডেমীতে বিদেশিদের বাংলা শেখানোর একটি কোর্স ছিল, এখন সেটাও নেই। বিদেশ থেকে এখানে যাঁরা চাকরি, ব্যবসায় বা অন্য কোনো কাজে আসেন, তাঁরা তো বাংলাভাষা শিখতে চান। কোথায় শিখবেন?বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাভাষা ও সাহিত্যের গবেষণা ও উন্নয়নের জন্য। সে উদ্দেশ্য তারা কতটা পূরণ করতে পেরেছে, তা নিয়ে বিতর্ক আছে। কিছুদিন আগে পর্যন্ত একাডেমীর সাময়িকীগুলোও নিয়মিত প্রকাশিত হতো না। এখন দেখছি উত্তরাধিকার প্রকাশিত হচ্ছে। ইংরেজি জার্নাল প্রকাশিত হতো, তাও বন্ধ আছে। আগে আমরা বিদেশিদের বলতে পারতাম, বাংলাদেশের সাহিত্য সম্পর্কে জানতে চাইলে এই জার্নালটি পড়তে পারো। এখন সে কথা বলার উপায় নেই। একুশের বইমেলার আয়োজন নিয়ে বাংলা একাডেমী যে সময় ও শ্রম দিচ্ছে, তাতে গবেষণার কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।ছয়.প্রশ্ন উঠেছে, বাংলাভাষার ভবিষ্যত্ কী? নিরোদ সি চৌধুরীর মতো বাংলাভাষার ভবিষ্যত্ নেই, সে কথা আমি বলব না। অবশ্যই ভবিষ্যত্ আছে। জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বা পঞ্চম বৃহত্তম ভাষা। পঁচিশ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। বাংলা ভাষাভাষী মানুষ অত্যন্ত সংস্কৃতিমনা। এ রকম সংস্কৃতিমনা জাতি পৃথিবীতে কমই আছে।শিক্ষিত বাঙালি তো বটেই, গ্রামের সাধারণ মেয়েরাও যে পিঠা বানায়, কাঁথা তৈরি করে, তার মধ্যেও নান্দনিকতার ছোঁয়া আছে। ইতিমধ্যে বাঙালি মহত্ সাহিত্যের ভান্ডার সৃষ্টি করেছে; তার খোঁজখবর ছাড়া কেউ নিজেকে শিক্ষিত দাবি করতে পারবে না। তরুণ বয়সী শিক্ষার্থীদের কাছে বাংলা সাহিত্যের ভালো বইগুলো দিতে পারলে তারা আগ্রহী হবে, তাদের মধ্যে একটি উন্নত রুচি তৈরি হবে। কথা হলো, এসব বই তাদের হাতে পৌঁছানোর উপায় কী? এ ক্ষেত্রে সরকারের একটি ভূমিকা আছে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের হাতে বিদেশি সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলোর অনুবাদও তুলে দিতে হবে। কাজটি করতে পারলে বাংলাভাষা ও সাহিত্যের ভবিষ্যত্ উজ্জ্বল।আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ইংরেজি গদ্যে যতটা স্বাচ্ছন্দ্যে মনের ভাব প্রকাশ করা যায়, বাংলায় ততটা যায় না। কিছুটা হোঁচট খেতে হয়। ইংরেজি গদ্যের বয়স প্রায় ৬০০ বছর। বাংলা গদ্যের শুরু উনিশ শতকের শুরুতে, ফোর্ট উইলিয়াম কলেজের মাধ্যমে। তার পরও বলব, বাংলা গদ্য এখন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে। আজকের তরুণ প্রজন্ম যে সাহিত্য সৃষ্টি করছে, তাতে আমি আশাবাদী। অদূর ভাবিষ্যতে দেশের প্রতিটি শিক্ষিত বাঙালি নির্ভুল প্রমিত বাংলায় লিখতে পারবে, প্রমিত উচ্চারণে মনের ভাব প্রকাশ করতে পারবে—এটাই এবারের একুশের প্রত্যাশা।