একুশের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ ও জ্ঞান-বিজ্ঞানে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের কাছে অমর একুশের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘একুশে পদক-২০১১’ বিতরণকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘একুশ আমাদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। শুধু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা নয়, বরং বাঙালির নিজস্ব আত্মপরিচয় ও অস্তিত্ব রক্ষাই ছিল ভাষা আন্দোলনের মূল লক্ষ্য। এটা ছিল অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, পরমত সহিষ্ণুতা ও হাজার বছরের সংস্কৃতসমৃদ্ধ সমাজব্যবস্থা অক্ষুণ্ন রাখার আন্দোলন।’ প্রধানমন্ত্রী বলেন, বাঙালি জাতির সংস্কৃতি হচ্ছে উদার, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। প্রধানমন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারি এখন বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত। তিনি বলেন, বাঙালি জাতি সুযোগ পেলে যে করে দেখাতে পারে, তার প্রমাণ এবারের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। তিনি একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘একুশে পদক-২০১১’ প্রদান করা হয়। এঁরা হচ্ছেন—ভাষাসৈনিক শওকত আলী (ভাষা আন্দোলন-মরণোত্তর), মোশারেফ উদ্দিন আহমদ (ভাষা আন্দোলন-মরণোত্তর), ওস্তাদ আখতার সাদমানী (শিল্পকলা-মরণোত্তর), আবদুল হক চৌধুরী (গবেষণা-মরণোত্তর), আমানুল হক (ভাষা আন্দোলন), বাউল করিম শাহ (শিল্পকলা), জ্যোত্স্না বিশ্বাস (শিল্পকলা), নূরজাহান বেগম (সাংবাদিকতা), মো. আবুল হাশেম (সমাজসেবা), মো. হারেস উদ্দিন (পলান সরকার) (সমাজসেবা), মোহাম্মদ দেলোয়ার হোসেন (সমাজসেবা), শহীদ কাদরী (ভাষা ও সাহিত্য) এবং আবদুল হক (ভাষা ও সাহিত্য)।প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্ত ও তাঁদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।